Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রাজনীতি

ভোট নিয়ে অসন্তোষ মোস্তাফিজার রহমানের

ভোট নিয়ে অসন্তোষ মোস্তাফিজার রহমানের

স্টক নিউজ বিডি December 27, 2022

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে আবারও অসন্তোষের কথা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ অসন্তোষের কথা জানান তিনি।

পরে সাংবাদিকদের মোস্তফা বলেন, ইভিএমে ভোটের ধারণা দিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নগরীর পাড়া-মহল্লায় মক ভোটিংয়ের উদ্যোগ কোনো কাজে আসেনি। ভোটাররা দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পেরে বাড়ি ফিরে গেছেন। এতে আমরা যতটা ভোট পোলের আশা করেছিলাম ততটা হবে না।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছি। এখন তারা ভোট দিতে পারছেন না, এটা দুঃখজনক। এ বিষয়গুলো জানানোর জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছি।

শুরুর দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটারদের উদ্বুদ্ধ করতে ডামি ইভিএমে প্রচারণা চালানোর অনুমতি চাইলেও এটাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে অনুমতি দেওয়া হয়নি বলেও জানান জাতীয় পার্টির এই প্রার্থী।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নিজ উদ্যোগে পাড়া-মহল্লায় মক ভোটিংয়ের আয়োজন করতে চেয়েছিল। কিন্তু তাদের এই উদ্যোগ কোনো কাজেই আসেনি। তারা নিজেরাও করতে পারলো না, আমাদেরকেও করতে দিল না।’

মোস্তফা বলেন, দুপুর আড়াইটা পর্যন্ত ২৪টি কেন্দ্র পরিদর্শন করে কোথাও সন্তোষজনক ভোট পোল পাইনি। ভোটাররা কেন্দ্রে এলেও ইভিএম জটিলতায় সময়মতো ভোট দিতে পারছেন না।

ইভিএমকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে—রিটার্নিং কর্মকর্তার এমন মন্তব্যের বিষয়ে সাবেক এই মেয়র বলেন, ‘আমরা বোকার স্বর্গে বাস করি না। কীভাবে ভোট দিতে হয় তা জানি। প্রথমবার ভোট দিতে গিয়ে ইভিএম লক হয়ে যায়। এজন্য আমি নিচে নেমে আসি। পরে ২০ মিনিট পর বুথে গিয়ে ভোট দেই।ইভিএমে সমস্যা হলে একজন ভোটার তো এত সময় বসে থাকতে পারে না।’

মোস্তফা বলেন, ‘সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ। কিন্তু অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন এবং থাকবেন। যতক্ষণ লাইনে থাকবেন ততক্ষণ ভোটগ্রহণ করার জন্য রিটার্নিং কর্মকর্তাকে বলেছি। তারা রাত ১০টা পর্যন্ত হলেও ভোটগ্রহণের কথা বলেছেন। কিন্তু একজন ভোটার এত রাত পর্যন্ত কীভাবে অপেক্ষা করবেন।

এ অবস্থায় ইভিএমের ওপর সাধারণ মানুষের আগ্রহ হারিয়ে যাবে।’

‘যতটা ভোটের ব্যবধানে জয়ের আশা করেছিলাম ততটা ব্যবধান হবে না। এটা ইভিএমের কারণে সম্ভব হচ্ছে না’, যোগ করেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিএনপি

গণমিছিল করতে চায় বিএনপি

স্টক নিউজ বিডি December 27, 2022

আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) ঢাকায় অনুষ্ঠেয় গণমিছিলের রুট প্রকাশ করেছে বিএনপি। গণমিছিল শুরু হবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এরপর কাকরাইল মোড়, শান্তিনগর-মালিবাগ-মৌচাক-মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গণমিছিল করবে বিএনপি।

এ বিষয়ে অবহিত করতে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে যাবে বিএনপির প্রতিনিধি দল। এরই মধ্যে এ সংক্রান্ত চিঠি ডিএমপিতে পৌঁছে দেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে অবহিত করতে বিএনপির ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবে।

কেএইচ/কেএসআর/জেআইএম

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

স্টক নিউজ বিডি December 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। গাওয়া হয় জাতীয় সংগীত। পায়রা উড়ানোর পর বেলুন উড়িয়ে শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসন নেন। এদিকে সম্মেলন উপলক্ষে আধাঘণ্টা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। পরে শোকপ্রস্তাব উত্থাপন করবেন দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এ ছাড়া সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করবেন ওবায়দুল কাদের। পাশাপাশি স্বাগত বক্তব্য দেবেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম। সবশেষ সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হবে।

পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হবে কাউন্সিল অধিবেশন। এই অধিবেশনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। এ লক্ষ্যে দলের নেতৃত্ব নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগ প্রধান। এদিকে সম্মেলন উপলক্ষে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন নেতাকর্মীরা। কাউন্সিলর ও ডেলিগেটরা ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ও কালীমন্দির গেট দিয়ে প্রবেশ করেন। সকাল ৭টায় সম্মেলনে ঢোকার গেট খুলে দেয়া হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মির্জা ফখরুলের পরিবর্তে গণসমাবেশে প্রধান অতিথি মোশাররফ

মির্জা ফখরুলের পরিবর্তে গণসমাবেশে প্রধান অতিথি মোশাররফ

স্টক নিউজ বিডি December 10, 2022

বিএনপির বিভাগীয় গণসমাবেশগুলোতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে এবার ঢাকা বিভাগীয় গণসমাবেশে মির্জা ফখরুলের জায়গায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গণসমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

আজ গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশে সরকারের পদত্যাগসহ ১০ দফা ঘোষণা করবে দলটি। যার ভিত্তিতেই আগামী দিনে যুগপৎ আন্দোলন হবে। গত বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই দফা চূড়ান্ত করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দশ দফা ও নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। এরপর হাইকমান্ডের বৈঠকে সিদ্ধান্ত হয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আজ গণসমাবেশে কর্মসূচি ঘোষণা করবেন।

এ ছাড়া ঘোষণা করা হবে নতুন কর্মসূচিও। তবে হরতাল বা অবরোধের মতো কোনো কর্মসূচি দেওয়া হবে না। লংমার্চ, রোডমার্চ, মানবঢাল, অবস্থান, ইস্যুভিত্তিক প্রতিবাদ বা বিক্ষোভের মতো কর্মসূচি দেওয়া হতে পারে। দলটির একাধিক নীতিনির্ধারকের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামী দিনে এই সরকারের বিদায়ের জন্য কতগুলো চাটার অব ডিমান্ড বা দফা আমরা ঘোষণা করব। যারা যুগপৎ আন্দোলনের জন্য প্রস্তুত ইতোমধ্যে তাদের সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে। আমরা আশা করি, যুগপৎভাবে আমরা যে ১০ দফা প্রণয়ন করেছি, তারা নিজ নিজ অবস্থান থেকে ঘোষণা করবেন। যার যার অবস্থান থেকে তারা ভবিষ্যতে এই দফাগুলোর দাবিতে আন্দোলনকে শাণিত করে যুগপৎভাবে আন্দোলনে আসবেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নয়াপল্টনের বিকল্প ভেন্যু জানাল বিএনপি

নয়াপল্টনের বিকল্প ভেন্যু জানাল বিএনপি

স্টক নিউজ বিডি December 6, 2022

আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ দলীয় কার্যালয় নয়াপল্টনের বিকল্প আরামবাগ আইডিয়াল স্কুলের সামনে করতে চায় বিএনপি।এর বাইরে অন্য কোনো ভেন্যুতে সমাবেশ করবে না বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেছেন, সাফ জানিয়ে দিয়েছি— সোহরাওয়ার্দী উদ্যান অনিরাপদ। সেখানে আমরা কোনো প্রোগ্রাম করব না।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা দায়িত্ব নিয়ে বলেছি— অতীতেও বিএনপির অফিসের সামনে শান্তিপূর্ণভাবে অনেক প্রোগ্রাম হয়েছে। মহাসমাবেশও হয়েছে। রাজপথেই হয়েছে। সেভাবে বিএনপি অফিসের সামনেই আমরা শান্তিপূর্ণভাবে করতে চাই। তার পরও উনারা (ডিএমপি) যেহেতু বিভিন্ন দিক থেকে চিন্তাভাবনা করে অনুরোধ করেছেন, তাই আমরা বলেছি— বিএনপির অফিসের পাশে আরামবাগের আইডিয়াল স্কুলের সামনে যে স্থানটি রয়েছে, সেখানে আশপাশে মাঠও আছে।

বিএনপির সমাবেশের দিন ১০ ডিসেম্বর শনিবার ছুটির দিন বলে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, সেই দিন সেখানে আমরা প্রোগ্রাম করতে পারি। সুতরাং আমরা তাদের (ডিএমপি) কাছে সেই সহযোগিতা কামনা করেছি। আমরা দৃঢ়ভাবে আশাবাদী তারা সেই সহযোগিতা করবেন। না হলে নয়াপল্টন এরিয়ার মধ্যেই আমাদের থাকতে হবে।

বিএনপিকে কোনো সড়কে সমাবেশের অনুমতি দেওয়া হবে না— পুলিশের এই বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, সড়ক ছাড়া কোথায় করব? আমরা তো রাজপথের লোক রাজপথেই করব। আমরা রাজপথকে বেছে নিয়েছি। ইনশাআল্লাহ তারা রাজপথে আমাদের প্রোগ্রাম করতে দিতে বাধ্য হবে। আশা করছি, সেই সহযোগিতা আমাদের করবেন। না হলে সেই দায়দায়িত্ব তাদের নিতে হবে।

এ্যানী বলেন, আমরা আশাবাদী— তারা বিএনপি অফিসের সামনেই আমাদের প্রোগ্রাম করতে দেবেন। যদি না দেন, তা হলে বিকল্প প্রস্তাব হিসেবে আরামবাগ আইডিয়াল স্কুলের সামনে দেওয়ার জন্য সহযোগিতা করবেন।

তিনি বলেন, আমরা আগেও বলেছি— সোহরাওয়ার্দী উদ্যান অনিরাপদ। সেখানে প্রোগ্রাম করব না। দায়িত্ব নিয়ে বলেছি, নয়াপল্টনে শান্তিপূর্ণ সমাবেশ করব।

এ্যানী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে অনেক ষড়যন্ত্র লুকায়িত রয়েছে। সেগুলো আমরা জানি ও বুঝি। সেটি নিরাপদ নয়।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিএনপি নেতা ইশরাক হোসেনের ওপর হামলা

বিএনপি নেতা ইশরাক হোসেনের ওপর হামলা

স্টক নিউজ বিডি December 5, 2022

ঢাকায় গণসমাবেশ উপলক্ষে লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে জবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ছাত্রদল সমর্থকদের পাল্টা হামলায় উভয় পক্ষে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রদলের দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকাল সাড়ে তিনটার দিকে ইশরাক তার সমর্থকদের নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে পৌঁছালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে আহতর সংখ্যা দাবি করা হয়েছে ২০-২৫ জন এবং শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ৭ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা ইশরাক হোসেন প্রায় শতাধিক বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীসহ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এলে শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হামলা করেন। এসময় ইশরাক হোসেনের সঙ্গে থাকা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর পাল্টা হামলা চালায়। এরপর ক্যাম্পাসের ভিতরে থাকা শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী প্রধান ফটকের সামনে এসে সংঘর্ষে জড়ান।
এর আগে ইশরাক হোসেন মতিঝিল, গোপিবাগ এলাকায় গণসংযোগ চালান। সেই সময় ঢাকা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বাসায় বিএনপির নেতাকর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ এনে নেতাকর্মীদের হয়রানি না করার জন্য ওয়ারী থানায় অনুরোধ জানান।

গোপীবাগ এলাকায় সংযোগ শুরু করে ওয়ারী, ইত্তেফাক মোড় হয়ে বংশাল, জয়কালী মন্দির, টিপু সুলতান রোড, রথখোলাসহ ঢাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে ছাত্রদলের গুরুতর আহত মনোয়ার নামে একজনকে পুলিশ আটক করে সূত্রাপুর থানায় এবং আরেকজনকে কোতোয়ালি থানায় নিয়ে যায়। ছাত্রলীগের গুরুতর আহত দুই জনকে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাসান মাতব্বর জানান, ‘বিএনপি নেতা ইশরাক হোসেন ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এসে সরকারবিরোধী স্লোগান দিতে থাকলে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাদের বাধা দেন। এরপর ইশরাকের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা করেন। পরে ক্যাম্পাসের ভেতর থেকে শতাধিক ছাত্রলীগ কর্মী এসে হামলা করলে ইশরাকসহ ছাত্রদলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। ছাত্রদলের দুই জনকে পুলিশ আটক করে একজনকে সূত্রাপুর ও আরেকজনকে কোতোয়ালি থানায় নিয়ে যায়।’

শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ‘ইশরাক ভাই বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে শাখা ছাত্রলীগ রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করেছে। এতে জগন্নাথ ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের ২০-২৫ জন আহত হয়েছেন। যারা মিটফোর্ডসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা জগন্নাথ ছাত্রদল এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসাইন বলেন, ‘বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের সামনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। আমাদের কয়েকজন এতে বাধা দিলে তাদের মারধর করা হয়। পরে আমাদের বেশ কয়েকজন ছোট ভাই পাল্টা আক্রমণ করে তাদের প্রতিহত করে। এ ঘটনায় আমাদের সাত জন নেতাকর্মী আহত হয়।’

এছাড়াও ঘটনা ভিডিও ধারণ করার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ জন প্রতিনিধির (সাংবাদিক) উপর আক্রমণ করা হয়। পরে তাদেরকে মেডিকেলে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত জবি প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘ক্যাম্পাসের পরিবেশ এখন শান্ত আছে। প্রক্টরিয়াল বডি সতর্ক অবস্থানে আছে। কতজন আহত হয়েছে, কোনো পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সাবেক সংসদ সদস্য এবিএম গোলাম আর নেই

স্টক নিউজ বিডি December 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাবেক মন্ত্রী ও সচিব এবং কুমিল্লা-৪, (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮।

শনিবার রাত সাড়ে ৯ টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন বলে তার ব্যক্তিগত সহকারী আক্তার হোসেন রোববার সকালে নিশ্চিত করেছেন।

এবিএম গোলাম মোস্তফা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি প্রয়াত শিক্ষামন্ত্রী মফিজউদ্দিন আহমেদের দ্বিতীয় পুত্র।

এবিএম গোলাম মোস্তফা ১৯৩৪ সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ ও ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষা শেষ করে পাকিস্তানের সিভিল সার্ভিসে বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশের প্রথম বেতন কমিশনের সদস্যসহ ১৭ বছর ৭টি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় পর্টিতে যোগ দিয়ে তিনি ১৯৮৮ সালে জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী এবং বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দেবিদ্বার থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘বিএনপির সমাবেশের সুবিধার্থে সব করার পরও বাড়াবাড়ি করলে ব্যবস্থা’

স্টক নিউজ বিডি November 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সমাবেশের সুবিধার্থে সব করার পরও বাড়াবাড়ি করলে সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, ‘ঢাকায় বিএনপির নির্বিঘ্ন সমাবেশের সুবিধার্থে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়ার কথা বলা এবং সেখানে ছাত্রলীগের সম্মেলনের তারিখ এগিয়ে আনা সত্ত্বেও তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে নয়াপল্টনে সমাবেশ করতে চায়, বাড়াবাড়ি করা হয়, তাহলে সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’

মন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ঢাকায় বিএনপির সমাবেশ নিয়ে প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ড. হাছান বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন ৮ তারিখের পরিবর্তে এগিয়ে এনে ৬ তারিখ করেছেন যাতে সেই মঞ্চ, প্যান্ডেল গুটিয়ে ফেলার পর বিএনপি সময় নিয়ে মঞ্চ এবং তাদের প্যান্ডেল নির্মাণ করতে পারে। কোনো সম্মেলন পিছিয়ে দেয়া সহজ কিন্তু এগিয়ে আনা সহজ নয়। তারপরও বিএনপির জন্য আওয়ামী লীগ সেটি করেছে। শুধু তাই নয়, বিএনপি তো নির্বিঘেœ সারাদেশে সমাবেশ করছে।’

মন্ত্রী আরো বলেন, ‘তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, আমরা যখন সমাবেশ করতাম আমাদের ওপর গ্রেনেড হামলা, বোমা হামলা, বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে। আমাদের দলীয় কার্যালয়ের দু’পাশে কাঁটাতারের বেড়া দেয়া হয়েছিলো, সহজে আমাদের সমাবেশ করতে দেয়া হতো না। রাসেল স্কোয়ারে আমরা ২০ জন নিয়ে দাঁড়ালে পুলিশ লাঠিপেটা করতো। সেই ছবিগুলো আপনারাই সংগ্রহ করেছেন এবং এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। তাদের আমলে যেভাবে আমাদের প্রয়াত নেতা মো: নাসিমকে পুলিশ লাঠিপেটা করেছিল, আমাদের অন্যতম জ্যেষ্ঠ নেতা মতিয়া চৌধুরীকে টানাহেঁচড়া করেছিল, আমিও পুলিশের লাঠিপেটা খেয়েছি, এভাবে তাদের কোনো নেতা আমাদের ১৪ বছরের আমলে এসবের শিকার হতে হয়নি। সরকার তাদেরকে সহায়তা করছে বিধায় তারা নির্বিঘেœ সারাদেশে সমাবেশ করতে পারছে, যা তাদের সময় আমরা করতে পারিনি।’

বিএনপির সমাবেশে জঙ্গিপ্রভাব নিয়ে প্রশ্নের জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, এদেশে জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি, তাদের কারণেই জঙ্গিদের উত্থান ঘটেছে। সাম্প্রতিক সময়ে জঙ্গিদের যে অপতৎপরতা দেখতে পাচ্ছি এটির সাথেও বিএনপির অপতৎপরতা একই সূত্রে গাঁথা।

তিনি বলেন, ‘আমাদের দেশে জঙ্গিগোষ্ঠীর উত্থান হয়েছে বিএনপির হাত ধরে। বাংলা ভাইকে মাঠেই নামিয়েছিল বিএনপি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বাংলা ভাইকে পুলিশ প্রটেকশন দেওয়া হয়েছিল। অপারেশন কিলিং কমান্ডার বাংলা ভাইয়ের নেপথ্যে গডফাদার ছিলেন রুহুল কুদ্দুস দুলু, রাজশাহীর সাবেক মেয়র মিনু, আলমগীর কবীর, নাদিম মোস্তফা, ব্যারিস্টার আমিনুল হকসহ আরো অনেকেই। এভাবেই জঙ্গিগোষ্ঠীর উত্থান ও বিস্তৃতি ঘটিয়েছিল বিএনপি। তাদের সময়েই ৫শ’ জায়গায় বোমা ফাটিয়ে জঙ্গিরা তাদের অস্তিত্ব জানান দিয়েছে, যেটির বিরুদ্ধে তারা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি।’

ড. হাছান বলেন, সাম্প্রতিক সময়ে বিএনপি সারাদেশে সমাবেশের নামে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। একইসাথে দেখা যাচ্ছে জঙ্গিরাও আগের তুলনায় তৎপর হচ্ছে। এ দেশের জঙ্গিগোষ্ঠী, সন্ত্রাসীগোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। তাদের ২২ দলীয় জোট যে কত দলীয় জোট সেটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার। তবে যাই হোক সেই জোটের মধ্যে সেই সমস্ত জঙ্গিগোষ্ঠীর নেতারা আছে যারা আফগানিস্তানের তালেবানি নীতি বিশ্বাস ও লালন করে এবং মনে মনে দেশটাকে আফগানিস্তান বানানোর স্বপ্ন দেখে।’

চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জিমিং তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করেছেন। তারা মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বৈঠকে দু’দেশের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার লক্ষ্যে গণমাধ্যম, সংস্কৃতি ও বাণিজ্যখাতে যোগাযোগ বৃদ্ধির নানা বিষয়ে আলোচনা করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এ দেশে আর ১৫ ফেব্রুয়ারি মার্কা নির্বাচন হবে না: ওবায়দুল কাদের

স্টক নিউজ বিডি November 28, 2022

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশে আর ১৫ ফেব্রুয়ারি মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না। সুষ্ঠু ভোট হবে। পৃথিবীর অন্য দেশের মতোই এ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৮ নভেম্বর) দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের অধীনেই এ দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোনো উসকানি দেবেন না।

বিশৃঙ্খলা করলে খবর আছে। এ দেশের মানুষকে সঙ্গে নিয়েই আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের প্রতিহত করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠ ছেড়ে দেয়নি।

ওবায়দুল কাদের স্লোগান দিয়ে বলেন, খেলা হবে, আসল খেলা হবে ডিসেম্বরে। খেলা হবে আন্দোলনে, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, খেলা হবে হাজার কোটি টাকা পাচারের বিরুদ্ধে।

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহিদ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি এবং প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, মো. শিবলী সাদিক এমপি, অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এমপি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুতফা ডালিয়া ও অ্যাডভোকেট সফুরা বেগম রুমি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

বিএনপির সমাবেশে সরকার বাধা দিবে না: কাদের

স্টক নিউজ বিডি November 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপিকে আগুন সন্ত্রাসের ব্যাপারে হুশিয়ার করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে সরকার কোন বাধা দিবে না, তবে আগুন ও লাঠি নিয়ে খেলতে এলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।

তিনি বলেন, ‘ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশ যেন সুষ্ঠুভাবে করতে পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের ৮ ডিসেম্বরের কেন্দ্রীয় সম্মেলন ৬ তারিখে নির্ধারণ করা হয়েছে।’

রোববার (২৭ নভেম্বর) পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনকালে প্রদত্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি একটি সন্ত্রাসী দল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কানাডার ফেডারেল আদালত বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করেছে। তাদের রাজনীতি হচ্ছে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও।

রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে যাওয়া নেতাকে নেতা বানানো এতো সহজ নয় উল্লেখ করে তিনি বলেন, মানুষকে ধোঁকা দেয়ার সময় শেষ।

তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, দুনিয়ার কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে? আপনাদের নেত্রীই তো বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তত্ত্বাবধায়ক সরকার এখন আদালত কর্তৃক নিষিদ্ধ, এটা এখন মিউজিয়ামে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই, আগামী জাতীয় নির্বাচন বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে অনুষ্ঠিত হয় বাংলাদেশেও সেভাবে হবে।

বিএনপির কুমিল্লার সমাবেশ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কুমিল্লার সমাবেশে কোথায় গেল হাঁকডাক, জনগণের উপস্থিতি ছিল খরা, কোথায় গেল
স্রোত আর ঢল! ঢাকা শহরে দেখা যাবে কত ধানে কত চাল।’

তিনি পিরোজপুর শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত লাখো জনতার উদ্দেশ্যে বলেন, বিএনপির দুঃশাসন, অপকর্ম, ভোটচুরি, হাওয়া ভবন ও লুটপাটের বিরুদ্ধে খেলা হবে।

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আউয়ালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু।

এছাড়া আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, আমিরুল ইসলাম মিলন এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য আনিছুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদারসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য