Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চাই : জাতিসংঘে শেখ হাসিনা

দুর্ভিক্ষের কবলে না পড়তে আগাম ব্যবস্থা নিতে হবে: প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি November 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দীর্ঘায়িত বৈশ্বিক সংকটের কারণে দেশকে যাতে কখনই দুর্ভিক্ষের কবলে পড়তে না হয় সেজন্য জনগণকে সচেতন করার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা নিতে সচিবদের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘এটি আমার কথা নয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বলা হচ্ছে যে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে।’

রোববার (২৭ নভেম্বর) নিজ কার্যালয়ে আনুষ্ঠানিক সচিব সভায় সূচনা বক্তব্যে তিনি বলেন, ‘দুর্ভিক্ষ আমাদের দেশকে কখনই যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে সেজন্য এখন থেকেই আমাদের আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।’

প্রধানমন্ত্রী বেশ কয়েকটি প্রস্তাব বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন যার মধ্যে রয়েছে সরকারি ব্যয়ে সাশ্রয়ী হওয়া, অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন প্রকল্প নির্ধারণ, রপ্তানি বহুমুখীকরণ, বিনিয়োগ আকৃষ্ট করা, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ জনশক্তি তৈরি করা এবং প্রতি ইঞ্চি পতিত জমি চাষের অধীনে নিয়ে আসার জন্য জনগণকে সচেতন করা এবং বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়া।

তিনি বলেন, বিশ্ব অর্থনীতি যখন করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিপর্যস্ত, তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা তৈরি করেছে।

তিনি আরও বলেন, একটি বা দুটি দেশ এই সংকটের সুবিধা পাচ্ছে এবং উন্নত দেশসহ বাকি দেশগুলো কষ্টে রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নত দেশগুলিও গুরুতর সংকটের মুখোমুখি হচ্ছে যার জন্য তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং রিজার্ভ অর্থ হ্রাস পাচ্ছে। বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বহুগুণ বেড়েছে। আমাদের দেশ এর আওতার বাইরে নয় এবং এটি আমাদের দেশেও আঘাত করেছে।’

শেখ হাসিনা বলেন, আমাদের যারা রেমিটেন্স পাঠায় তাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ ও প্রণোদনা আমরা দিয়েছি। পাশপাশি আমাদের ভাল রিজার্ভ রয়েছে। আমাদের তিন মাসের খাদ্য কেনার মতো রিজার্ভ থাকলেই যথেষ্ট। সেখানে আমাদের ৫/৬ মাসের রিাজার্ভ আছে। তারপরও আমাদের এখন যা অবস্থা তাতে আমাদের একটু সাশ্রয়ী হতে হবে,আরেকটু সচেতন হতে হবে।

তিনি বলেন, আমরা এখনই যে বিপদে পড়েছি তা কিন্তু না। কিন্তু আমার কথাটা হচ্ছে আমার আগাম ব্যবস্থাটা নিতে হবে যেন ভবিষ্যতে দেশ কোন বিপদে না পড়ে বা দেশের মানুষ না পড়ে। আমাদের সেই সতর্কতাটা একান্তভাবে দরকার এবং সেই সতর্ক বার্তাটাই কিন্তু আমরা দিচ্ছি।

পাশপাশি আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে হবে। এটার উপরও আমাদের গুরুত্ব দেওয়া একান্তভাবে দরকার বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

শেখ হাসিনা বলেন, প্রত্যেকটা মন্ত্রণালয়ের কার্যক্রমের তথ্য তাদের ওয়েবসাইটে থাকার প্রয়োজনীয়তা রয়েছে যাতে যেকেউ যেকোন তথ্য ওখান থেকে জানতে পারে, নিতে পারে। সেখানে আমাদের সাফল্যগুলো তুলে ধরতে হবে। প্রত্যেকটা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে যদি এই সাফল্যগুলো প্রতিনিয়ত আপডেট করে সেগুলো তুলে ধরেন তাহলে মানুষ কিন্তু জানতে পারবে যে কি কি কাজ আপনারা করলেন।

ভূমিহীন-গৃহহীন মানুষকে ঘর নির্মাণ করে দেওয়াসহ মানুষের কল্যাণে আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও সভায় তুলে ধরেন প্রধানমন্ত্রী।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, আমাদের অনেক জিনিস এখনো কিনতে হয়। যে সমস্ত জিনিস আমাদের বাইরে থেকে কিনতে হয় তারমধ্যে যে সব জিনিস আমরা দেশে উৎপাদন করতে পারি সেই দিকে আমাদের এখন দৃষ্টি দিতে হবে যেন দেশীয় উৎপাদনের মাধ্যমে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারি। অন্তত বাইরের উপর নির্ভরশীলতা যতটা কমাতে পারি।

বিদ্যুৎ মানুষের ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করা হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য জ্বালানি তেলের দাম বা গ্যাসের দাম বেড়ে যাওয়ায় এক্ষেত্রেও বাংলাদেশে কিছুটা সমস্যা হয়েছে বলেও জানান তিনি।

আগামীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চলে আসলে সংকট অনেকাংশে কেটে যাবার আভাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তবে আমাদের গ্রিড লাইন নির্মান কাজ আরো দ্রুত সম্পন্ন করতে হবে।

শেখ হাসিনা সকলকে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য তাঁর আহবান পুনর্ব্যক্ত করেন।

নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মান, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মানের কথা তুলে ধরার পাশপাশি দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে,আতœবিশ্বাস থাকতে হবে এবং সেইভাবে মানুষকে সাথে নিজে কাজ করতে হবে।’

সরকার প্রধান সভায় বলেন, আমাদের যে স্বাক্ষরতার হার আজকে আমরা বাড়াতে পেরেছি প্রায় ৭৫ ভাগে এটা আমাদের ধরে রাখতে হবে। আমরা এখন ডিজিটাল শিক্ষা গ্রামের প্রাইমারি পর্যায়ে নিয়ে গিয়েছি সেটাও আমাদের ধরে রাখতে হবে,স্বাস্থ্য সেবা গ্রাম পর্যায়ে নিয়ে গিয়েছি সেগুলোও যাতে চলমান থাকে আমাদের দেখতে হবে এবং সর্বোপরি খাদ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রে যেখান থেকে বিনিয়োগ আসে সেইগুলো সম্পর্কে আমাদের নজরে দিতে হবে এবং দ্রুততার সাথে যেন এটা কার্যকর হয়।

অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহনের নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেন, ‘এই অগ্রাধিকার ভিত্তিতে আমাদের সমস্ত পরিকল্পনাগুলো বা প্রকল্পগুলো বাছতে হবে। বেছে নিয়ে এবং কোনগুলো দ্রুত শেষ করা যায় আমরা সেগুলো আগে শেষ করে ফেলে নতুনটা যাতে ধরতে পারি সেই ব্যবস্থা নিতে হবে।’

মাদক সমাজে বিরাট সমস্যা সৃষ্টি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের একটা ঘটনা ঘটেছিল হলি আর্টিজানে। আমরা কয়েক ঘন্টার মধ্যে সেটা নিয়ন্ত্রণ করি। তারপর থেকে আর বাংলাদেশে এই রকম কোন দুর্যোগ দেখা দেয় নাই। কিন্তু তারপরেও এই ব্যাপারে সব সময় সজাগ থাকতে হবে। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। যেন এই মাদক আর জঙ্গিবাদ থেকে আমাদের যুব সমাজ দূরে থাকে সেইদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দেওয়া একান্তভাবে দরকার।

ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশের অর্থনীতি, রাজনীতি, সামাজিক পরিস্থিতিতে তার ভালো ও মন্দা দুই ধরনের প্রভাবই পড়েছে এবং অনেক সময় অপপ্রচারের মুখোমুখিও হতে হয় বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি এসব বিষয়েও সকলকে সতর্ক থাকার আহবান জানান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইউক্রেনে ৪০ লাখ লোক অন্ধকারে: জেলেনস্কি

স্টক নিউজ বিডি October 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনে বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার অব্যাহত হামলার প্রেক্ষিতে দেশটিতে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বর্তমানে দেশটির প্রায় ৪০ লাখ লোক অন্ধকারে আছে বলে শুক্রবার জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

তিনি তার সান্ধ্যকালীন ভাষণে আরো বলেন, এই সময়ে দেশের অনেক শহর ও অঞ্চলে ব্ল্র্যাকআউট(অন্ধকার) শিডিউল চলছে। আমরা এ ধরনের ব্ল্যাকআউটের সময় কমিয়ে আনতে সবকিছু করছি।

রাজধানী কিয়েভে দীর্ঘ সময়ের জন্য লোডশেডিং হতে পারে বলে জানানো হয়েছে। রাশিয়ার সামরিক বাহিনীর অনবরত হামলার কারণে লোডশেডিং করতে হচ্ছে সেখানে। ইউক্রেন সরকার বলেছে, কিয়েভে চার ঘণ্টারও দীর্ঘ সময়ের লোডশেডিং হতে পারে।

আকাশপথে বোমা হামলার কারণে রাজধানী কিয়েভ ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হারিয়েছে। বর্তমানে নিপ্রো শহরসহ ইউক্রেনের মধ্যাঞ্চলের কিছু এলাকায় বেশি লোডশেডিং হচ্ছে।

জেলেনস্কি বলেছেন, ‘প্রায় ৪০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। তবে গোলাবর্ষণ করে আমাদের নিশ্চিহ্ন করা যাবে না।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রুশ হামলায় দিশেহারা ইউক্রেন

স্টক নিউজ বিডি October 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রুশ বাহিনীর তুমুল হামলায় দিশেহারা ইউক্রেন। রুশ বাহিনীর প্রধান লক্ষ্য এখন জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা। একের পর এক ক্ষেপনাস্ত্র হামলায় দেশটির অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে নতুন করে সহযোগিতার আশ্বাস দিয়েছে পশ্চিমা অর্থনৈতিক জোট জি সেভেন।

ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর ইউক্রেনজুড়ে হামলা জোরদার করে রুশ বাহিনী। রাজধানী কিয়েভসহ দেশটির বেশকিছু স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া।

ইউক্রেনের লাভিভ শহরের দুটো জ্বালানি স্থাপনায় অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। সেখানে বিশাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।

এছাড়া, নুতন করে ছোঁড়া রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে দেনেপ্রপেট্রোভস্ক অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। পাভলোরাড এবং কামিয়ানস্কি এলাকা দুটোতে এখনও কোনো বিদ্যুৎ নেই।

রুশ কর্তৃপক্ষ দাবি করছে, তাদের লক্ষ্য অর্জিত হয়েছে। নতুন নিয়োগ পাওয়া জেনারেলের নির্দেশে নির্ধারিত সব টার্গেটেই আঘাত করতে পেরেছেন রুশ সেনারা।

এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে একটি ভিডিও কনফারেন্স করেছেন জি সেভেনের নেতারা। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যতদিন লাগবে ইউক্রেনের সাথে দৃঢ়ভাবে থাকার।

এছাড়া, তারা জেলেনস্কিকে আশ্বস্ত করেছেন, ইউক্রেনকে তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা সমুন্নত রাখতে সহায়তা প্রদানের। সেইসাথে প্রেসিডেন্ট পুতিনসহ দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতানার অঙ্গিকার করেন তারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ধর্মকে কেউ যেন ব্যবহার করতে না পারে, সজাগ থাকুন: রাষ্ট্রপতি

স্টক নিউজ বিডি October 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, যাতে কোন ব্যক্তি বা গোষ্ঠী তাদের হীন স্বার্থে ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করতে না পারে।

‘সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য। এখানে মেজরিটি বা মাইনরিটির কোনো স্থান নেই।’ তিনি বুধবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন।

দেশের সামগ্রিক অগ্রযাত্রায় রাষ্ট্র প্রধান সম্মিলিতভাবে এ ঐতিহ্যকে এগিয়ে নিতে সকলকে এক যোগে কাজ করারও তাগিদ দেন।

বাংলাদেশসহ বিশ্বের হিন্দু ধর্মাবলম্বী সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘দুর্গাপূজায় আমরা অবশ্যই আনন্দ উৎসব করব কিন্তু মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশী, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন তারাও যেন এই আনন্দ থেকে বঞ্চিত না হয়।’

রাষ্ট্রপতি গত ২৫ সেপ্টেম্বর পঞ্চগড় জেলার করতোয়া নদীতে নৌকাডুবিতে ৭০ জন পুণ্যার্থীর অকাল প্রয়াণে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি আহতদের আশু আরোগ্য কামনা করেন।

সারাবিশ্বে বিরাজমান করোনার ছোবল ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতির জন্ম দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, বিশ্ববাসী চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। বিশ্ব অর্থনীতিতে প্রতিনিয়ত মন্দার ধাক্কা লাগছে।

তিনি বিশ্বাস করেন ‘এ অবস্থা থেকে উত্তরণে পরমত সহিষ্ণুতা, পারস্পরিক আস্থা ও বিশ্বাস আর সহযোগিতার কোনো বিকল্প নেই’।

গতকাল অনাকাঙ্খিত বিদ্যুৎ বিভ্রাটের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, এজন্য কিছুটা বিঘ্ন ঘটেছে।

তবে তিনি আশা প্রকাশ করেন যে সামনের দিনগুলোতে ধর্মীয় সকল উৎসব আরো সুন্দর ও জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধন আরো সুসংহত হবে।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, এমপি, ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল, এমপি, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, এমপি, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান সুব্রত পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী হরিপ্রেমানন্দ মহারাজ, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনিন্দ্র কুমার নাথ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করেছে ইউক্রেন

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় শস্য চুক্তির আওতায় ১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করেছে ইউক্রেন। কৃষ্ণ সাগর বন্দর দিয়ে এসব পণ্য রপ্তানি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

এক ভাষণে জেলেনস্কি বলেন, ১৫টি দেশে ৪৪টি জাহাজে করে খাদ্যপণ্য রপ্তানি করা হয়েছে। আগামী কয়েকদিনে আরও প্রচুর পরিমাণে খাদ্যপণ্য বিভিন্ন দেশে পাঠানো হবে। তিনি বলেন, এক মাসে তিন লাখ টন খাদ্যপণ্য রপ্তানির লক্ষ্য রয়েছে কিয়েভের।

এদিকে সাবেক রুশ প্রেসিডেন্ট এবং ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ টেলিভিশনের এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগদানের আশা ছেড়ে দিলেও এই মুহূর্তে যুদ্ধ থামাতে পারবে না রাশিয়া। গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের আগেই মস্কো পরিষ্কার জানিয়েছিল, তারা ন্যাটোয় ইউক্রেনীয়দের সদস্যপদ মেনে নেবে না।

একটি ফরাসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ বলেন, উত্তর আটলান্টিক জোটে (ন্যাটো) অংশগ্রহণ থেকে সরে আসা এখনো অত্যাবশ্যক, কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য এটি আর যথেষ্ট নয়। তিনি বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে রাশিয়া।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তিনি ইউক্রেনকে ‘নব্য নাৎসিদের হাত থেকে মুক্ত’ করতে চান। তবে কিয়েভ ও পশ্চিমাদের দাবি, এটি ইউক্রেন আক্রমণের জন্য পুতিনের ভিত্তিহীন একটি অজুহাত মাত্র।

রাশিয়ার সামরিক বাহিনীতে আগামী কয়েক মাসের মধ্যেই সৈন্য বাড়তে পারে ১ লাখ ৩৭ হাজারের মতো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে একটি ডিক্রি জারি করেছেন। এর মাধ্যমে সৈন্যদের নগদ অর্থের প্রণোদনাও দেওয়া হচ্ছে। বর্তমানে রাশিয়ার সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে ১০ লাখের বেশি। বেসামরিক কর্মকর্তা রয়েছে আরও নয় লাখ।

জানা গেছে, সামরিক বাহিনীর নিয়োগদাতারা রাশিয়ার বিভিন্ন কারাগার পরিদর্শনে যাচ্ছেন। সেখানে কয়েদিদের মুক্তি ও নগদ অর্থের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

রুশ প্রেসিডেন্টের জারি করা ডিক্রিতে দেশটির সামরিক বাহিনীতে লোকবল ২০ লাখ ৩৯ হাজার ৭৫৮ জন বলা হয়েছে। এর মধ্যে ১১ লাখ ৫০ হাজার ৬২৮ জন নিয়মিত সৈন্য।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সৈন্য বাড়াতে মরিয়া রাশিয়া

স্টক নিউজ বিডি August 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাশিয়ার সামরিক বাহিনীতে আগামী কয়েক মাসের মধ্যেই সৈন্য বাড়তে পারে ১ লাখ ৩৭ হাজারের মতো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে একটি ডিক্রি জারি করেছেন। এর মাধ্যমে সৈন্যদের নগদ অর্থের প্রণোদনাও দেওয়া হচ্ছে।

বর্তমানে রাশিয়ার সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে ১০ লাখের বেশি। বেসামরিক কর্মকর্তা রয়েছে আরও নয় লাখ।

জানা গেছে, সামরিক বাহিনীর নিয়োগদাতারা রাশিয়ার বিভিন্ন কারাগার পরিদর্শনে যাচ্ছেন। সেখানে কয়েদিদের মুক্তি ও নগদ অর্থের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

দুই সপ্তাহ আগে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার বিভিন্ন অঞ্চলে স্বেচ্ছাসেবীদের দিয়ে বিশেষ ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এসব ব্যাটালিয়ন সামরিক বাহিনীর অংশ হবে। তবে ইউক্রেনে যুদ্ধ করতে স্বেচ্ছাসেবী ব্যাটালিয়ন গঠনের জন্য পর্যাপ্ত লোক পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে যুক্তরাজ্য।

ইউক্রেনে আক্রমণের শুরুর দিকে এই লড়াই সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বলে জানিয়েছিল রাশিয়া। কিন্তু ইউক্রেনীয়দের তীব্র প্রতিরোধের মুখে রুশ বাহিনীর সেই অগ্রগতি থমকে গেছে।

রুশ প্রেসিডেন্টের জারি করা ডিক্রিতে দেশটির সামরিক বাহিনীতে লোকবল ২০ লাখ ৩৯ হাজার ৭৫৮ জন বলা হয়েছে। এর মধ্যে ১১ লাখ ৫০ হাজার ৬২৮ জন নিয়মিত সৈন্য।

নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য কেন্দ্রীয় সরকারের বাজেট থেকে অর্থ বরাদ্দের নির্দেশ দিয়েছেন পুতিন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে এটি।

রাশিয়ায় বর্তমানে ১৮ থেকে ২৭ বছর বয়সী পুরুষদের সামরিক বাহিনীতে এক বছর কাজ করার জন্য যেকোনো সময় ডাকতে পারে সরকার। সেক্ষেত্রে তাদের যোগ দেওয়া বাধ্যতামূলক। তবে কারও স্বাস্থ্যগত ঝুঁকি থাকলে কিংবা উচ্চশিক্ষার জন্য বাহিনীতে যোগ না দেওয়া কিংবা কাজের মেয়াদ কমিয়ে আনার নিয়ম রয়েছে।

নতুন নিয়োগের মাধ্যমে স্বেচ্ছাসেবীর সংখ্যা বাড়ানো হবে নাকি রুশ সামরিক বাহিনীর জন্য বেসামরিক লোকদের বাধ্যতামূলক ডাকা হবে- সেটি এখনো পরিষ্কার নয়। তবে রাশিয়ার আইন অনুযায়ী এ ধরনের ব্যক্তিদের যুদ্ধে যাওয়ার আগে চার মাসের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রুশ সেনাদের ‘বিষ প্রয়োগ’ করেছে ইউক্রেন

স্টক নিউজ বিডি August 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো চলছে। এবার ক্রেমলিনের অভিযোগ, ইউক্রেনে রাশিয়ার কিছু সেনাকে বিষ প্রয়োগ করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শনিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে এ অভিযোগ তোলা হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝঝিয়ায় অভিযান চালানোর সময় গত জুলাই মাসের শেষ দিকে রুশ সেনাদের বিষ প্রয়োগ করা হয়।

তবে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা রাশিয়ার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেছেন, রুশ বাহিনীর মেয়াদোত্তীর্ণ টিনজাত মাংস খাওয়ার কারণে কথিত বিষক্রিয়া ঘটতে পারে।

রাশিয়ার ওই বিবৃতিতে আরও বলা হয়, গত ৩১ জুলাই গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর বেশ কয়েকজন সেনাকে একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর তাদের দেহে ‘বোটুলিনাম টক্সিন টাইপ বি’ বিষের উপস্থিতি শনাক্ত হয়। এতে আরও বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শাসনকালে রাসায়নিক সন্ত্রাসবাদের যে অনুমোদন দেওয়া হয়েছে তার সপক্ষে রাশিয়া ফলাফলসহ সব ধরনের প্রমাণ প্রস্তুত করছে।

তবে ওই দিন রাশিয়ার কতজন সেনা অসুস্থ হয়ে পড়েছিলেন বা কতজনকে হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে তারা কী অবস্থায় আছেন সেসব বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। ‘সপক্ষে প্রমাণ’ বলতে বিবৃতিতে কী বোঝানো হয়েছে সেটারও ব্যাখ্যা দেওয়া হয়নি।

‘বোটুলিনাম টক্সিন টাইপ বি’ হলো একটি নিউরোটক্সিন। দূষিত খাদ্যে এর উপস্থিতি থাকতে পারে। ওই খাবার খেলে বোটুলিজম হতে পারে। যদিও চিকিৎসায় প্রয়োজনজনিত ব্যবহারও রয়েছে এটির।

এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের জন্য ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করে রয়টার্স। তবে তাদের থেকে সাড়া পাওয়া যায়নি এখনো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চুক্তির পর ইউক্রেন ছেড়েছে ৩১ শস্যবাহী জাহাজ

স্টক নিউজ বিডি August 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জাতিসংঘ-তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত মাসে একটি চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় শস্যবাহী জাহাজগুলো নিরাপদে ইউক্রেনের বন্দরগুলো ছাড়তে পারছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বল হয়, দেশ দুইটির মধ্যে চুক্তির পর এখন পর্যন্ত ৩১টি শস্যবাহী জাহাজ ইউক্রেন ছেড়েছে। সব শেষ রোববার (২১ আগস্ট) চারটি জাহাজ ইউক্রেনের বন্দর ছাড়ে।

তাছাড়া শনিবার (২০ আগস্ট) শস্যবোঝাই আরও দুই জাহাজ ইউক্রেন ছাড়ে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। এক বিবৃতিতে জানানো হয়, ৬ হাজার ৩শ টন সূর্যমুখী তেল ও ২৫ হাজার টন গম নিয়ে ইউক্রেনের বন্দর ছেড়েছে জুমরাত আনা ও এমভি ওসেন এস নামের ওই জাহাজ দুটি ।

চুক্তির আওতায় প্রতিটি জাহাজই প্রথমে তুরস্কে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সেখান থেকে পরে অন্য দেশে যাচ্ছে শস্যবোঝাই এসব জাহাজ।

বলা হয়, চলতি বছরের জুলাইতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি সই হয়। ওই চুক্তির আওতায় ইউক্রেনের বন্দর থেকে পণ্যবাহী জাহাজ নিরাপদে ছাড়ার সুযোগ পায়। ইউক্রেন সাগরপথে আগস্টের শুরু থেকে রপ্তানি শুরু করেছে।

এদিকে শুক্রবার (১৯ আগস্ট) চলমান যুদ্ধ বন্ধের উপায় ও ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রক্ষায় আলোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে দেশ দুইটির মধ্যে সংঘাত এখনও অব্যাহত রয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভয়ংকর খরায় শুকিয়ে যাচ্ছে ইউরোপের নদী, শঙ্কায় বাণিজ্য

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গ্রীষ্মের রেকর্ড দাবদাহে শুকিয়ে যাচ্ছে ইউরোপের নদীগুলো। কয়েকশ বছর ধরে জার্মানি, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের অর্থনীতির অন্যতম স্তম্ভ রাইন নদী। কিন্তু চলতি সপ্তাহের শেষের দিকে জাহাজ চলাচলের অযোগ্য হয়ে পড়তে চলেছে এর একটি প্রধান পয়েন্ট। মধ্য ইউরোপের সঙ্গে কৃষ্ণসাগরের সংযোগ ঘটানো দানিউব নদীর পানিও দ্রুত কমে যাচ্ছে। এর ফলে ইউরোপের জ্বালানি-শস্যসহ অন্যান্য বাণিজ্য হুমকির মুখে পড়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে কেবল নদী-ভিত্তিক পরিবহন ব্যবস্থাই সংকটে নয়, তৈরি হয়েছে আরও নানা সমস্যা। রোন ও গ্যারোন নদীর পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় তা দিয়ে পারমাণবিক চুল্লিগুলো যথেষ্ট শীতল করতে পারছে না ফ্রান্স। এতে দেশটিতে বৈদ্যুতিক সংকট আরও বেড়ে গেছে। ইতালির পো নদীতে পানি কমে যাওয়ায় ধানক্ষেতে সেচ দেওয়া কঠিন হয়ে পড়েছে।

ইউরোপের প্রাণ
ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুসারে, ইউরোপের নদী ও খালগুলো সেখানকার প্রত্যেক বাসিন্দার জন্য বছরে অন্তত এক টন মালামাল পরিবহন করে এবং এ অঞ্চলের অর্থনীতিতে প্রায় আট হাজার কোটি মার্কিন ডলার অবদান রাখে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে এমনিতেই মারাত্মক জ্বালানি ঘাটতিতে ভুগছে ইউরোপ। এরমধ্যে নদীগুলোর নাব্য সংকট তাদের জন্য আরও বড় বিপদ ডেকে এনেছে।

এবিএন আমরো ব্যাংক এনভির পরিবহন অর্থনীতিবিদ অ্যালবার্ট জান সোয়ার্টের মতে, ২০১৮ সালে রাইন নদীর ট্রানজিট সমস্যার কারণে ৫০০ কোটি ইউরো (৫১০ কোটি ডলার) ক্ষতি হয়েছিল ইউরোপের। কিন্তু এবার এ অঞ্চলের অর্থনীতিতে এর প্রভাব আরও গুরুতর হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, প্রচুর বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত এ অঞ্চলে অভ্যন্তরীণ শিপিং সক্ষমতা মারাত্মকভাবে কমে যেতে পারে। জার্মানিতে বিদ্যুতের চড়া দামের কারণেও ক্ষতিগ্রস্ত হবেন৷ আমরা এখানে কয়েকশ কোটির (ডলার/ইউরো) কথা বলছি।

রাইনের দুর্দশা
ইউরোপের অভ্যন্তরীণ জলপথ নেটওয়ার্কের প্রাণ হলো রাইন নদী। প্রায় ৮০০ মাইল দীর্ঘ নদীটি সুইজারল্যান্ডের পার্বত্য এলাকায় উৎপত্তি হয়ে অন্তত ইউরোপের ছয়টি দেশের ভেতর দিয়ে দিয়ে উত্তর সাগরে গিয়ে পড়েছে। খালের মাধ্যমে এর সঙ্গে সংযোগ ঘটেছে দানিউব নদীরও।

জার্মানির পরিবহন ব্যবস্থার জন্য রাইন নদী খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পানির স্তর নামতে থাকায় এটি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হওয়ার উপক্রম তৈরি হয়েছে। রাইন গর্জের দক্ষিণ প্রান্তে সোপানযুক্ত এলাকাগুলো বাদামি বর্ণ ধারণ করেছে। কোলোনে একটি জনপ্রিয় ভাসমান রেস্তোঁরা এখন মাটিতে গিয়ে ঠেকেছে৷ কাউব শহর থেকে প্রায় ২০ কিলোমিটার উজানে একটি চর জেগে উঠেছে।

ফ্রাঙ্কফুর্ট শহরের পশ্চিমে নদীটির গভীরতা আগামী শুক্রবার (১২ আগস্ট) ৪০ সেন্টিমিটারে (১৬ ইঞ্চির কাছাকাছি) নেমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পানির ওই স্তরে বড় মালবাহী জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। জার্মান ফেডারেল ওয়াটারওয়েজ অ্যান্ড শিপিং অ্যাডমিনিস্ট্রেশন গত বুধবার জানিয়েছে, শনিবার রাইন নদীর পানির স্তর ৩৭ সেন্টিমিটারে নেমে যেতে পারে।

সংকটে ইউরোপের বাণিজ্য
ইউরোপের বেশ কয়েকটি দেশের পণ্য পরিবহনের জন্য রাইন নদী অপরিহার্য। জলপথ বন্ধ হলে তার প্রভাবে জার্মানির রেল নেটওয়ার্ক দীর্ঘস্থায়ী জটের সম্মুখীন হবে। চাপ সড়কপথে সরিয়ে নেওয়াও সহজ নয়। একটি গড়পরতা জাহাজের সমান মালামাল পরিবহনে ১১০টির বেশি ট্রাকের প্রয়োজন এবং জার্মানি এমনিতেই ৮০ হাজার ট্রাকচালকের ঘাটতিতে ভুগছে। রুশ আক্রমণের বিরুদ্ধে লড়তে ইউক্রেনীয়রা স্বদেশে ফিরে যাওয়ায় এ সমস্যা আরও গুরুতর হয়েছে।

আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম ঊর্ধ্বমুখী, তার ওপর রাশিয়া থেকে আমদানি বন্ধ করে দিয়েছে জার্মানি। এর মধ্যে নদীপথ বন্ধ হয়ে গেলে দেশটির বিদ্যুৎ উৎপাদকরা যে ভয়াবহ সংকটে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না।

শুধু জার্মানি নয়, গোটা ইউরোপেই ছড়িয়ে পড়েছে রাইন-সম্পর্কিত সমস্যা। সুইজারল্যান্ডে জলবিদ্যুৎ উৎপাদন ২০১৭ সালের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ঘাটতি মেটাতে জ্বালানির মজুত ব্যবহার করতে হচ্ছে দেশটিকে। একই কারণে নেদারল্যান্ডসে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। এতে বেশ কিছু এলাকায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

ইতিহাসের ভয়াবহতম খরার কারণে ফ্রান্সের বেশিরভাগ অংশে পানি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। দেশটির ১০০টির বেশি পৌরসভায় এখন ট্রাকের সাহায্যে খাবার পানি সরবরাহ করা হচ্ছে।

নদীর পানির উষ্ণতা বেড়ে যাওয়ায় তা দিয়ে ফ্রান্সের পারমাণবিক চুল্লিগুলো যথেষ্ট শীতল করা সম্ভব হচ্ছে না। এ কারণে চলতি সপ্তাহে পাঁচটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে নদীতে গরম পানি ছাড়ার অনুমতি দিয়েছেন ফরাসি নীতিনির্ধারকরা, যা তাদের পরিবেশগত মানদণ্ডের বিরোধী।

ইতালির মোট কৃষি উৎপাদনের প্রায় ৩০ শতাংশই হয় পো নদীর উপত্যকায়। তবে এর পানির স্তর ৭০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় ওই অঞ্চলে ভুট্টা, সূর্যমুখীসহ সব ধরনের শস্য উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুলগেরিয়া, রোমানিয়া ও সার্বিয়ায় দানিউব নদীতে জরুরি ভিত্তিতে ড্রেজিং কার্যক্রম চলছে। চ্যানেলগুলো উন্মুক্ত হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে অসংখ্য জাহাজ।

রোমানিয়ার নদীপথের বৃহত্তম জাহাজ কোম্পানি ট্রান্সপোর্ট ট্রেড সার্ভিসেসের অন্যতম পরিচালক গ্যাব্রিয়েল তেচেরা বলেন, গত ২০ বছরের মধ্যে এটিই আমাদের সবচেয়ে গুরুতর পরিস্থিতি।

ডুনাভ ট্যুরস এডি’র ট্যুরিস্ট সার্ভিসের প্রধান রোসেন ওসেনভ বলেন, আমাদের এখন বৃষ্টির জন্য প্রার্থনা করতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইউক্রেনকে আরও ১০০ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

স্টক নিউজ বিডি August 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ দফায় দফায় ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে আরও ১০০ কোটি ডলারের নিরাপত্তা প্যাকেজের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্যাকেজের আওতায় ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং মেডিকেল সুবিধাসংবলিত সাঁজোয়া যান সরবরাহ করা হবে।

এখন পর্যন্ত ইউক্রেনকে যে পরিমাণ সামরিক সহায়তা দেওয়া হয়েছে এটাই তার মধ্যে সবচেয়ে বড় প্যাকেজ। সোমবার এই প্যাকেজ ঘোষণা করা হবে বলে তিনটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই। পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এদিকে ইউক্রেনকে এখন পর্যন্ত ৮৮০ কোটি ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

নাম প্রকাশ না করা শর্তে রয়টার্সকে বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, পরবর্তী অস্ত্র প্যাকেজে প্রেসিডেন্ট জো বাইডেন এখনও অনুমোদন দেননি। তিনি এতে স্বাক্ষরের আগে এর বিষয়বস্তুতে কিছু পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।

তবে বর্তমান পরিকল্পনা অনুযায়ী সহায়তা প্যাকেজটি ঘোষণা করা হলে এতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা হাইমোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স), ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম (নাসামস) এবং প্রায় ৫০টি এম১১৩ মেডিকেল-সুবিধাসংবলিত সাঁজোয়া যান থাকবে।

পেন্টাগন সম্প্রতি ঘোষণা করেছে যে, রামস্টেইন বিমান ঘাঁটির কাছে জার্মানির একটি মার্কিন সামরিক হাসপাতালে ইউক্রেনের নাগরিকদের চিকিৎসা নেওয়ার অনুমতি দেওয়া হবে।

এছাড়া গত সোমবার পেন্টাগন ইউক্রেনের জন্য ৫৫ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিল। ওই প্যাকেজের মধ্যে হিমার্স-এর জন্য অতিরিক্ত গোলাবারুদ অন্তর্ভুক্ত ছিল। তবে নতুন প্যাকেজের বিষয়ে এখনই কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ।

এর আগে গত মাসের শেষের দিকে ইউক্রেনকে ২৭ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে উন্নত প্রযুক্তির ড্রোনও রয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য