স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজই (সোমবার)। আজ রাতের যেকোনো সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফলাফল প্রকাশে সবধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। সন্ধ্যার পর যেকোনো সময়ে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।
এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু আবেদন করেন। মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৭৩০। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী।
সারাদেশে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। এছাড়াও বেসরকারি ৭২টি মেডিকেল মিলিয়ে সর্বমোট আসন ১০ হাজার ৮২৯টি। পরীক্ষা হয়েছে ১০০ নম্বরের এমসিকিউতে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……

