Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ইউক্রেন

ইসরায়েল-হামাস সংঘাতে রাশিয়ার লাভ, দুশ্চিন্তায় ইউক্রেন

স্টক নিউজ বিডি October 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ থেকে লাভবান হওয়ার বড় সম্ভাবনা রয়েছে রাশিয়ার। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে হচ্ছে পশ্চিমাদের। ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নজর ইউক্রেন থেকে ইসরায়েলের দিকে ঘুরে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেটি হলে আখেরে লাভ হবে রাশিয়ারই। তাছাড়া, ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতে জ্বালানি তেলের দাম বাড়লে তাতে আরও ফুলেফেঁপে উঠবে মস্কোর অর্থভাণ্ডার।

বিষয়টি স্বীকার করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে নজর দেওয়ায় যদি ইউক্রেনের কাছে অস্ত্র সরবরাহের গতি কমে যায়, তাহলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য অর্জন দ্রুততর হবে।

বিশেষজ্ঞরা বলছেন, তেল-আবিবের কাছে বর্তমানে প্রচুর অস্ত্রশস্ত্র মজুত রয়েছে। তারা যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছে মূলত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র, গাইডেড যুদ্ধাস্ত্র এবং গোলাবারুদ। তবে গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করলে অস্ত্র ভাণ্ডারে চাপ পড়বে ইসরায়েলের।

সাবেক ইউএস মেরিন কর্নেল ও বর্তমানে স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টারের উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান বলেন, সেই সময় ইসরায়েল ব্যাপকভাবে যুদ্ধাস্ত্র ব্যবহার শুরু করবে। যদিও তাদের কাছে অস্ত্রের বড় মজুত রয়েছে, তবে তা দীর্ঘ অভিযানের জন্য যথেষ্ট না-ও হতে পারে।

ক্যানসিয়ানের মতে, শহুরে অঞ্চলে যুদ্ধের জন্য ইসরায়েল গাইডেড যুদ্ধাস্ত্রের দিকে ঝুঁকবে। তবে ইউক্রেনেরও আরও অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন, কারণ তারা এখন রুশ সামরিক ঘাঁটির মতো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চায়।

‘কিন্তু সমস্যা হলো, আমরা অল্প সময়ের মধ্যে সেগুলো উৎপাদন করতে পারবো না। তাই যুক্তরাষ্ট্রকে বিদ্যমান মজুত থেকেই অস্ত্রগুলো বের করতে হতে পারে। আর তার ফলে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ পুরোপুরি বন্ধ না হলেও অন্তত গতি কমে যেতে পারে।’

পুতিনের পোয়াবারো
লন্ডনভিত্তিক থিংক ট্যাংক চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী ব্রনওয়েন ম্যাডক্স ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রকে যদি ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হয়, তাহলে তাৎক্ষণিকভাবে তারা ইসরায়েলকেই নেবে। যদিও এই মুহূর্তেই যুক্তরাষ্ট্রকে এমন কঠোর কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে না। তবু বুঝতে পারি, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চিন্তিত হতেই পারেন এবং তিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মনোযোগ ধরে রাখতে প্রাণপণ চেষ্টা করছেন।

কিছুদিন আগেই সরকারি শাটডাউন এড়াতে সাময়িকভাবে ইউক্রেনের জন্য নতুন সহায়তা পরিকল্পনা বাদ দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। ভবিষ্যতে কিয়েভকে সহায়তা দেওয়ার বিষয়টি এখন আরও বেশি নড়বড়ে হতে পারে।

গত ৫ অক্টোবর রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাহায্যই ইউক্রেনকে অর্থনৈতিক ও সামরিকভাবে টিকিয়ে রেখেছে। যদি অস্ত্র দেওয়া আগামীকাল থেকে বন্ধ হয়, তাহলে এক সপ্তাহের মধ্যেই কিয়েভের সব গোলাবারুদ ফুরিয়ে যাবে।

শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থনও দিনদিন নড়বড়ে হয়ে উঠছে। সম্প্রতি শস্যচুক্তি নিয়ে বিরোধের জেরে ইউক্রেনকে নতুন করে আর কোনো সহায়তা দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে পোল্যান্ড। আপত্তি ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে স্লোভাকিয়া থেকেও। কারণ, দেশটিতে ক্ষমতায় ফিরতে চলা নেতা রবার্ট ফিকো বরাবরই রুশপন্থি হিসেবে পরিচিত।

তেলের দাম বাড়লেও রাশিয়ার লাভ
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। এর ফলে রাশিয়ার রপ্তানি আয় আরও ফুলেফেঁপে উঠতে পারে।

র‌্যান্ড করপোরেশনের নীতি গবেষক অ্যান মেরি ডেইলি বলেন, তেলের দাম বাড়লে এটি তাদের (রাশিয়া) অস্ত্র উৎপাদনে ব্যয় অব্যাহত রাখার সুযোগ দেয় এবং বাজেট ঘাটতি পূরণে সহায়তা করে। অর্থাৎ, রাশিয়া এটি থেকে নিশ্চিতভাবেই অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাশিয়ার ভেতরে ঢুকে সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করলো ইউক্রেন

স্টক নিউজ বিডি August 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাশিয়ার ভেতরে ঢুকে একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের ড্রোন। স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-টু বিমানঘাঁটিতে এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কিয়েভ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ছোট্ট একটি ড্রোনের আঘাতেই বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। টিইউ-২২ সুপারসনিক বম্বার শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে ছুটতে পারে। ইউক্রেনের শহরগুলোতে আক্রমণ করার জন্য এই বিমানটি ব্যাপকভাবে ব্যবহার করছে রাশিয়া।

এদিকে ধ্বংস হওয়া টিইউ-২২ সুপারসনিক মূলত স্নায়ু যুদ্ধকালীন বোমারু বিমান। ইউক্রেন ছাড়াও এগুলো সিরিয়া, চেচনিয়া ও জর্জিয়ার যুদ্ধেও ব্যবহার করেছে রাশিয়া। এর আধুনিক সংস্করণগুলো হলো—মাছ-২, যা ঘণ্টায় ২ হাজার ৩০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং ২৪ হাজার কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে।

এদিকে, এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কপ্টার ধরনের একটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল ইউক্রেন। হামলার আগেই ড্রোনটিকে শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন এয়ারফিল্ডের পর্যবেক্ষকেরা। সেটিকে প্রতিহত করার চেষ্টাও করেন তারা। তারপরও এটি আঘাত হানে। তবে এ ঘটনায় এবং একটি বিমান পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া ছাড়া আর কোনো ক্ষয়-ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা ছবিতে আগুনটিকে অনেক বড় মনে হয়েছে। এতে একটি বিমান ধ্বংস হলেও তা ক্ষতির দিক থেকে খুবই কম। কারণ এই বহরে রাশিয়ার ৬০টি বিমান রয়েছে। তবে, হামলাটি রুশ ভূখণ্ডের ভেতরে হওয়ায় তা ইউক্রেনের ক্ষমতা বৃদ্ধির দিকে ইঙ্গিত দিচ্ছে।

গত কয়েক মাসে ইউক্রেন এ ধরনের মনুষ্যবিহীন ড্রোন দিয়ে কয়েক শ মাইল দূরে রাশিয়ার রাজধানী মস্কোতেও বেশ কয়েকটি হামলা চালিয়েছে। সর্বশেষ হামলার স্থানটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে নেদারল্যান্ডস-ডেনমার্ক

স্টক নিউজ বিডি August 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুিতি দিয়েছে নেদারল্যান্ডস ও ডেনমার্ক। তবে এগুলো যুদ্ধশেষে ফেরত দিতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট এই ঘোষণা দিয়েছেন।

দেশ দুইটি এই প্রথম ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার কথা জানালো।

রুট বলেন, তবে কতগুলো বিমান ইউক্রেনকে দেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়। কিন্তু তাদের হাতে ৪২টি রয়েছে।

এর আগে ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রশাসনের অনুমোদনের আহ্বান জানিয়েছিল ন্যাটোভুক্ত দুই দেশ।

বার্তা সংস্থা রয়টার্স বলেছে, এক চিঠিতে ড্যানিশ ও ডাচ প্রশাসনকে অনুমোদনের বিষয়ে আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ শেষ হওয়ার পরপরই পাঠানো যাবে এ অত্যাধুনিক যুদ্ধবিমান।

তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এফ-১৬ ফাইটার জেট পেলেই যে ইউক্রেনীয় সেনারা যুদ্ধের গতিপথ পাল্টে ফেলতে পারবেন, বিষয়টি এমন নয়। কেননা, ফাইটার জেট পরিচালনায় দক্ষ হয়ে উঠতে বেশ সময় লাগে। বিশ্লেষকরা বলছেন, এখন এ বিমান শুধু ইউক্রেনী সেনাদের মনোবল বাড়াতে সাহায্য করতে পারে।

বর্তমান বিশ্বে সবচেয়ে সক্রিয় যুদ্ধবিমান হলো এফ-১৬। এক ইঞ্জিন বিশিষ্ট এ বিমান স্থল ও আকাশ উভয়পথেই হামলা চালাতে সক্ষম। ১৯৭০ সালে প্রথম আকাশে ওড়ে এ বিমান। মার্কিন বিমানবাহিনীর মতে, স্বল্প ব্যায়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র ব্যবস্থা এটি। কয়েক দশক ধরে হাজার হাজার এফ-সিক্সটিন তৈরি ও বিশ্বজুড়ে তা রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

স্টক নিউজ বিডি August 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছে। আঞ্চলিক গভর্নর ইউরি পোগুলিয়াইকো এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের লুৎস্ক শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে বিমান হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে শহরের মেয়র নিশ্চিত করেছেন।

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়া এক রাতে ২৮টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ১৬টি ধ্বংস করা সম্ভব হয়েছে। লভিভ এবং ভোলিন শহরে দুই ঘণ্টা ধরে বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে।

লুৎস্ক শহরে ব্যবসায়িক ভবন এবং বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতেই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে।

লভিভের মেয়র অ্যান্ড্রি সাদোভি বলেন, সেখানে শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানিয়েছেন, হামলায় চারজন আহত হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে।

ন্যাটোভুক্ত পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের অবস্থান। ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা চালানো হলেও দেশটির পশ্চিমাঞ্চলে খুব একটা হামলার ঘটনা চোখে পড়েনি।

তবে এর আগে গত জুলাই মাসে লভিভের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার রকেট হামলায় ১০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইউক্রেনকে ৪শ’ মিলিয়ন ডলারের দেবে সৌদি আরব

স্টক নিউজ বিডি October 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসপিএ এই তথ্য জানিয়েছে।

সে প্রতিবেদনে বলা হয়েছে যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে শুক্রবার ফোনেও কথা বলেছেন।

এই ফোনালাপে রাশিয়ার সাথে সংঘাত বন্ধে সমঝোতা আলোচনায় মধ্যস্থতা করতেও চেয়েছে সৌদি আরব। সাথে উত্তেজনা কমাতে সবধরনের সহায়তা দেওয়ার কথাও বলেছেন যুবরাজ।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে কয়েকবার সমঝোতা আলোচনায় বসলেও এখনও উত্তেজনা নিরসনে তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

সৌদি আরব এই সংঘাতে রাশিয়ার পক্ষ না নিলেও এখন পর্যন্ত বিপক্ষে কোনো কথা বলেনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো টার্গেট করছে রাশিয়া

স্টক নিউজ বিডি October 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেন জুড়ে সোমবারের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পরদিনও রুশ হামলা থামেনি, এবং মঙ্গলবারও প্রধানত বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লাভিবের গভর্নর ম্যাক্সিম কোজিৎস্কিভি জানিয়েছেন মঙ্গলবার ওই অঞ্চলের দুটো জ্বালানি স্থাপনায় অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ফলে, সেখানে বিশাল এলাকায় পরপর দ্বিতীয় দিনের মত বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

লাভিব শহরের মেয়র বলেছেন শহরের একটি “গুরুত্বপূর্ণ অবকাঠামোতে” রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শহরের একাংশে বিদ্যুৎ চলে গেছে।

সোমবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার প্রধান একটি টার্গেট ছিল লাভিব। হামলার পর লাভিব শহরের বিরাট এলাকায় বিদ্যুৎ এবং সেই সাথে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

স্থানীয় প্রশাসন জানায় সোমবার রাত নাগাদ তারা ৯৫ শতাংশ বিদ্যুৎ এবং ৭০ শতাংশ পানি সরবরাহ চালু করতে সমর্থ হয়। কিন্তু পরদিনই অর্থাৎ মঙ্গলবারের হামলার পর শহরের ৩০ শতাংশ এলাকা আবারও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মেয়র অন্দ্রে সাদোভি টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন। তিনি বলেন শহরের পরিস্থিতি “গুরুতর”।

নুতন করে ছোঁড়া রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে দেনেপ্রপেট্রোভস্ক অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামোর ব্যপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রশাসন বলছে।

আঞ্চলিক প্রশাসনের প্রধান জানিয়েছেন পাভলোরাড এবং কামিয়ানস্কি জেলা দুটোতে এখন কোনো বিদ্যুৎ নেই।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বলছে তাদের “বিমান এবং যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া নিখুঁত এবং লক্ষ্যভেদী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র” দিয়ে ইউক্রেনের জ্বালানি এবং সামরিক অবকাঠামোতে আঘাত করা হয়েছে।

রুশ মন্ত্রণালয় বলছে, লক্ষ্য অর্জিত হয়েছে এবং “নির্ধারিত সব টার্গেটেই” আঘাত করা গেছে।

তবে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের প্রশাসন বলছে রুশ ক্ষেপণাস্ত্র হামলা আজ মঙ্গলবারেও অব্যাহত ছিল। মঙ্গলবারের হামলার প্রধান টার্গেট ছিল পশ্চিমের লাভিব, এবং দক্ষিণের শিল্প নগরী জাপোরিশা যেখানে আজ নতুন করে আরও প্রায় এক ডজন রুশ ক্ষেপণাস্ত্র এসে পড়ে।।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন রাশিয়া “জনগণের স্বাভাবিক জীবন যাপন অসহনীয় করে তোলার লক্ষ্য নিয়ে” পরিকল্পিতভাবে জ্বালানি অবকাঠামো টার্গেট করছে। তিনি বলেন রাশিয়ার এসব হামলা যুদ্ধাপরাধের সামিল।

তবে রাশিয়া সবসময় এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে।

‘রাশিয়া যুদ্ধের আইন ভঙ্গ করেছে’

ওদিকে জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন সোমবার ইউক্রেনের হামলায় রাশিয়া যুদ্ধের আইন ভঙ্গ করেছে। মুখপাত্র বলেন, “অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কিছু হামলায় গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো টার্গেট করা হয়েছে” যা – তার মতে- যুদ্ধাপরাধের আওতায় পড়ে।

রাভিনা শ্যামদাসানি বলেন, “আমরা রুশ ফেডারেশনের প্রতি আহ্বান জানাই বেসামরিক অবকাঠামোতে ক্ষয়ক্ষতি এবং বেসামরিক প্রাণহানি এড়াতে তারা যেন সবরকম চেষ্টা করেন।”

ওদিকে, রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে আজ দ্বিতীয় দিনের মত মানুষজন ভূগর্ভস্থ শেল্টারে আশ্রয় নেয়। বিভিন্ন শহরে থেকে থেকেই সতর্কতামুলক সাইরেন বাজার শব্দ শোনা গেছে।

ইউক্রেনীয় জরুরি বিভাগ থেকে মানুষজনের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে সতর্ক করা হয়েছে : ইউক্রেনের ওপর আজও হামলার সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে, “নিজের নিরাপত্তার জন্য শেল্টারে থাকুন। সতর্কতামূলক সাইরেন অগ্রাহ্য করবেন না।”

রাজধানী কিয়েভ সহ রণাঙ্গন থেকে দূরের আরও বেশ কিছু শহরে যে স্বাভাবিক জীবনযাপন গত কয়েক মাস ধরে চলছিল, সোমবারের ব্যাপক মাত্রার ক্ষেপণাস্ত্র হামলায় তা অনেকটাই নষ্ট হয়ে গেছে। এই প্রথম কিয়েভ শহরের কেন্দ্রে হামলা হয়েছে।

সোমবারের হামলায় ১৯ জন নিহত হওয়ার খবর দিয়েছে ইউক্রেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ আগস্ট ২০২২

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

জার্মান নাগরিক আটক ইরানে

ইরানে একজন জার্মান নাগরিককে আটক করা হয়েছে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (২৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ওই ব্যক্তিকে দূতাবাস থেকে সহায়তা দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়টি।

আফগানিস্তানে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় ২০০

কয়েক সপ্তাহ ধরে চলা ধারাবাহিক ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত আফগানিস্তানের বিস্তীর্ণ অংশ। চলতি মাসের গোড়ায় প্রবল বর্ষা শুরু হওয়ার পর দেশটিতে বন্যা পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা প্রায় দুইশ’র কাছাকাছি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে তালেবান সরকার।

এখনো রাশিয়া থেকে কয়েকশ কোটি ডলারের পণ্য আমদানি করছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মূলত রাশিয়ার জ্বালানি ও আর্থিক প্রতিষ্ঠান লক্ষ্য করে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে যেসব রাশিয়ার পণ্য নিষেধাজ্ঞার বাইরে রয়েছে তা আমদানি করছে দেশটি, যার মূল্য কয়েকশ কোটি ডলার।

ট্রাম্পের বাড়িতে পাওয়া নথির হলফনামা প্রকাশ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে পাওয়া নথির হলফনামা প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। এফবিআই বিচারকদের জানিয়েছে যে, ট্রাম্পের বাড়িতে তারা যে তল্লাশি চালিয়েছে সেখান থেকে বিচারে বাধা দেয়ার কিছু প্রমাণ তারা পেয়েছে।

ইউক্রেনে মার্কিন নাগরিক নিহত

ইউক্রেনে সম্প্রতি এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতের পরিবারের সঙ্গে কর্মকর্তারা যোগাযোগ করছেন এবং দূতাবাস থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। তবে ওই নাগরিকের মৃত্যুর বিষয়ে পরিষ্কার কোনো তথ্য দেওয়া হয়নি।

রাশিয়া থেকে মেক্সিকোর আমদানি বেড়েছে ২০ শতাংশ

ইউক্রেনে হামলার পর রাশিয়ার সঙ্গে বিশ্বের বহু দেশের বাণিজ্য কমেছে। কারণ এরই মধ্যে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমাদেশগুলো। তারপরও বেশ কিছু দেশ এখনো রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে। জানা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে বার্ষিকভিত্তিতে রাশিয়া থেকে পণ্য আমদানি ২০ শতাংশ বেড়েছে মেক্সিকোর। ব্যাংক অব মেক্সিকো এ তথ্য প্রকাশ করেছে।

১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করেছে ইউক্রেন

তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় শস্য চুক্তির আওতায় ১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করেছে ইউক্রেন। কৃষ্ণ সাগর বন্দর দিয়ে এসব পণ্য রপ্তানি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছে।

শপথ নিলেন ভারতের ৪৯তম প্রধান বিচারপতি উদয় উমেশ

ভারতের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন উদয় উমেশ ললিত। শনিবার রাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদায়ী প্রধান বিচারপতি এনভি রমণার উপস্থিতিতে প্রধান বিচারপতি ললিতকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সংসার চালাতে জমানো টাকা খরচ করছেন জার্মানরা

ইউরোপের বাকি দেশগুলোর মতো জার্মানিতেও হু হু করে বাড়ছে মূল্যস্ফীতি। তাতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তুলনামূলক নিম্নআয়ের মানুষদের। স্থানীয় অর্থনীতি বিষয়ক এক প্রতিষ্ঠানের প্রতিবেদন বলছে, জার্মানির অধিকাংশ মানুষই জীবনযাপনের খরচ জোগাতে দিশেহারা হয়ে পড়েছেন। যা মজুরি বা বেতন পান তা দিয়ে সংসার চলছে না আর।

ইথিওপিয়ায় শিশুদের খেলার ময়দানে বিমান হামলা, নিহত ৭

ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে শিশুদের একটি খেলার ময়দানে বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত তিনটি শিশু রয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) এ হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসা কর্মকর্তারা। তবে বেসামরিক লোকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে ইথিওপিয়ান সরকার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করেছে ইউক্রেন

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় শস্য চুক্তির আওতায় ১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করেছে ইউক্রেন। কৃষ্ণ সাগর বন্দর দিয়ে এসব পণ্য রপ্তানি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

এক ভাষণে জেলেনস্কি বলেন, ১৫টি দেশে ৪৪টি জাহাজে করে খাদ্যপণ্য রপ্তানি করা হয়েছে। আগামী কয়েকদিনে আরও প্রচুর পরিমাণে খাদ্যপণ্য বিভিন্ন দেশে পাঠানো হবে। তিনি বলেন, এক মাসে তিন লাখ টন খাদ্যপণ্য রপ্তানির লক্ষ্য রয়েছে কিয়েভের।

এদিকে সাবেক রুশ প্রেসিডেন্ট এবং ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ টেলিভিশনের এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগদানের আশা ছেড়ে দিলেও এই মুহূর্তে যুদ্ধ থামাতে পারবে না রাশিয়া। গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের আগেই মস্কো পরিষ্কার জানিয়েছিল, তারা ন্যাটোয় ইউক্রেনীয়দের সদস্যপদ মেনে নেবে না।

একটি ফরাসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ বলেন, উত্তর আটলান্টিক জোটে (ন্যাটো) অংশগ্রহণ থেকে সরে আসা এখনো অত্যাবশ্যক, কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য এটি আর যথেষ্ট নয়। তিনি বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে রাশিয়া।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তিনি ইউক্রেনকে ‘নব্য নাৎসিদের হাত থেকে মুক্ত’ করতে চান। তবে কিয়েভ ও পশ্চিমাদের দাবি, এটি ইউক্রেন আক্রমণের জন্য পুতিনের ভিত্তিহীন একটি অজুহাত মাত্র।

রাশিয়ার সামরিক বাহিনীতে আগামী কয়েক মাসের মধ্যেই সৈন্য বাড়তে পারে ১ লাখ ৩৭ হাজারের মতো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে একটি ডিক্রি জারি করেছেন। এর মাধ্যমে সৈন্যদের নগদ অর্থের প্রণোদনাও দেওয়া হচ্ছে। বর্তমানে রাশিয়ার সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে ১০ লাখের বেশি। বেসামরিক কর্মকর্তা রয়েছে আরও নয় লাখ।

জানা গেছে, সামরিক বাহিনীর নিয়োগদাতারা রাশিয়ার বিভিন্ন কারাগার পরিদর্শনে যাচ্ছেন। সেখানে কয়েদিদের মুক্তি ও নগদ অর্থের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

রুশ প্রেসিডেন্টের জারি করা ডিক্রিতে দেশটির সামরিক বাহিনীতে লোকবল ২০ লাখ ৩৯ হাজার ৭৫৮ জন বলা হয়েছে। এর মধ্যে ১১ লাখ ৫০ হাজার ৬২৮ জন নিয়মিত সৈন্য।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইউক্রেনে মার্কিন নাগরিক নিহত

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনে সম্প্রতি এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতের পরিবারের সঙ্গে কর্মকর্তারা যোগাযোগ করছেন এবং দূতাবাস থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। তবে ওই নাগরিকের মৃত্যুর বিষয়ে পরিষ্কার কোনো তথ্য দেওয়া হয়নি।

ওই মুখপাত্র বলেন, আমরা আবারও পুনর্ব্যক্ত করছি যে সক্রিয় সশস্ত্র সংঘাতের কারণে মার্কিন নাগরিকদের ইউক্রেনে ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে। সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদে দেশটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে ইউক্রেনের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে দেশটিতে রাশিয়ার সামরিক হামলা বাড়তে পারে বলে কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করা হয়। সে সময় মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া হয়।

মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে বলা হয়, পররাষ্ট্র দফতরের কাছে তথ্য রয়েছে যে রাশিয়া আগামী দিনে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো এবং সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর প্রচেষ্টা জোরদার করছে।

এদিকে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় শস্য চুক্তির আওতায় ১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করেছে ইউক্রেন। কৃষ্ণ সাগর বন্দর দিয়ে এসব পণ্য রপ্তানি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছে।

এক ভাষণে জেলেনস্কি বলেন, ১৫টি দেশে ৪৪টি জাহাজে করে খাদ্যপণ্য রপ্তানি করা হয়েছে। আগামী কয়েকদিনে আরও প্রচুর পরিমাণে খাদ্যপণ্য বিভিন্ন দেশে পাঠানো হবে। তিনি বলেন, এক মাসে তিন লাখ টন খাদ্যপণ্য রপ্তানির লক্ষ্য রয়েছে কিয়েভের।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইউক্রেনে হামলার সমালোচনা করায় রুশ রাজনীতিক আটক

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলার সমালোচনা করায় ইয়েভগেনি রইজম্যান নামে এক রাজনীতিবিদকে আটক করেছে রুশ কর্তৃপক্ষ। বুধবার তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার ইয়েকাতেরিংবার্গ শহরের সাবেক মেয়র ছিলেন ইয়েভগেনি রইজম্যান। রুশ সেনাবাহিনীর সমালোচনা করায় তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

ক্রেমলিনের অল্প কিছু সমালোচকের মধ্যে একজন রইজম্যান। ২০১২ সালে তিনি মেয়র হিসেবে জয়ী হন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তবে মস্কো এই হামলাকে বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করেছে।

এদিকে ইউক্রেনকে নতুন করে আরও ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ওয়াশিংটনের পক্ষ থেকে এই ঘোষণা আসতে পারে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ছয় মাস ধরে সংঘাত এখনও চলছে। এরই মধ্যে কিয়েভকে একের পর এক সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন। যদিও সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন সতর্ক করেছে যে, ইউক্রেনের স্বাধীনতা দিবসে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে মস্কো। অপরদিকে রুশ সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

যুক্তরাষ্ট্রের নতুন এই সামরিক সহায়তার আওতায় অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। মাত্র কয়েকদিন আগেই ইউক্রেনকে আরও প্রায় ৭৮ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য