Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

টি-টোয়েন্টি-ক্রিকেট

মুশফিকুর-রহিম

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মুশফিক

স্টক নিউজ বিডি September 4, 2022

ব্যর্থ এশিয়া কাপ শেষ করে দেশে ফিরেই বড় সিদ্ধান্ত নিলেন মুশফিকুর রহিম। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানালেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন তিনি।

তবে বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টেস্ট খেলে যাবেন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও অন্যান্য টি-টোয়েন্টি টুর্নামেন্টও খেলবেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে অবসরের ঘোষণা দিয়ে মুশফিক লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা।’

তিনি আরও লিখেছেন, ‘টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।’

ঘরোয়া টি-টোয়েন্টি খেলে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি আরও জানান, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিই এই ফরম্যাটে তার শেষ হয়ে রইলো। শেষ ম্যাচ তথা শেষ টুর্নামেন্টে অবশ্য বলার মতো কিছুই করতে পারেননি মুশফিক।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ১ রানে আউট হওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মুশফিকের ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। দুই ম্যাচে মাত্র ৫ রান করেই বাংলাদেশের চতুর্থ ও বিশ্বের ৪৬তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫শ রান পূরণ করেছেন তিনি।

তবে এই মাইলফলকে খুশি হওয়ার উপায় নেই একদমই। এই ফরম্যাটে অন্তত ১৫শ রান করা ব্যাটারদের মধ্যে বিশ্বের সবচেয়ে বাজে অবস্থা মুশফিকেরই। এই ১৫শ রান করতে বিশ্বের সবচেয়ে বেশি ১০২ ম্যাচ খেলেছেন মুশফিক। বিশ্বের সবচেয়ে কম মাত্র ১৯.৪৮ গড়ে এই রান করেছেন তিনি।

এছাড়া সবচেয়ে কম স্ট্রাইকরেটও মুশফিকের, তিনি রান করেছেন মাত্র ১১৫.০৩ স্ট্রাইকরেটে। অবশ্য অন্তত ১৫শ রান করা ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইকরেটের তালিকায় সাতজনের মধ্যে চারজনই বাংলাদেশের। তামিম ইকবাল ১১৬.৯৬, মাহমুদউল্লাহ রিয়াদ ১১৭.৩০ ও সাকিব আল হাসান রান করেছেন ১২০.৭২ স্ট্রাইকরেটে।

সবমিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০২ ম্যাচ খেলে ছয় ফিফটির সাহায্যে ১৫০০ রান করেছেন মুশফিক। তার অধীনে ২৩টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৮টিতে জিতেছে বাংলাদেশ। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত এই ফরম্যাটে অধিনায়কত্ব করেন মুশফিক।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ ওভারে পাকিস্তানকে হারালো ভারত

স্টক নিউজ বিডি August 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টানটান উত্তেজনা। পুরো স্টেডিয়ামে পিনপতন নীরবতা। কি হতে কী হয়! কোন দল জিতবে, শেষ ওভার পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছিল না। যদিও ভারতের পাল্লাই ভারি ছিল শেষ দিকে এসে।

তবে লড়াইটা শেষ ওভারের চতুর্থ বল পর্যন্ত উম্মুক্তই ছিল দুই দলের জন্য। শেষ পর্যন্ত এই লড়াইয়ে হাসলো ভারত। হার্দিক পান্ডিয়ার ছক্কায় ভাঙলো পাকিস্তানের স্বপ্ন। দুবাইয়ে এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ৫ উইকেট আর ২ বল হাতে রেখে জিতেছে ভারত।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। অভিষিক্ত নাসিম শাহর করা দ্বিতীয় বলে বোল্ড হন লোকেশ রাহুল। কাট করতে গিয়ে বল উইকেটে টেনে আনেন রাহুল (১ বলে ০)।

এরপর বিরাট কোহলি, রোহিত শর্মা বেশ কয়েকবার পরাস্ত হয়েছেন। তবে ভাগ্যগুণে আউট হওয়া থেকে বেঁচে গেছেন দুজনই। ৬ ওভারের পাওয়ার প্লেতে ভারত তোলে ১ উইকেটে ৩৮ রান।

সপ্তম ওভারে শাদাব খান দেন মাত্র ৩ রান। রানের চাপ কমাতে পরের ওভারে মোহাম্মদ নেওয়াজের ওপর চড়াও হন রোহিত। লংঅনের ওপর দিয়ে হাঁকান বিশাল এক ছক্কা। তবে এক বল পর আরেকটি ছক্কা হাঁকাতে গিয়েই বিপদ ডেকে এনেছেন ভারতীয় দলপতি।

মিডঅফে তুলে মারতে গিয়ে ঠিকমতো ব্যাটে-বলে করতে না পেরে লংঅনে ক্যাচ হন রোহিত। তাতেই থামে তার ১৮ বলে ১২ রানের ধীরগতির ইনিংসটি। এক ওভার পর আরেক সেট ব্যাটার কোহলিকেও ফেরান নেওয়াজ। ৩৪ বলে ৩৫ করে লংঅফে ধরা পড়েন কোহলি।

১১ থেকে ১৪-চার ওভারে মাত্র ২৭ রান তুলতে পারে ভারত। সেই চাপ থেকে সূর্যকুমার ১৫তম ওভারে চড়াও হতে চান নাসিম শাহর ওপর। কিন্তু ওভারের দ্বিতীয় বলটি ক্রস খেলতে গিয়ে পুরোপুরি মিস করে বসেন ডানহাতি এই ব্যাটার, বোল্ড হয়ে ফেরেন ১৮ বলে ১৮ করে।

এর আগে ভুবনেশ্বর-হার্দিকদের তোপে ইনিংসের এক বল বাকি থাকতে ১৪৭ রানেই অলআউট হয়ে গেছে পাকিস্তান। অর্থাৎ জিততে হলে ভারতকে করতে হবে ১৪৮।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের হাতে তুলে দেন প্রথম ওভার।

অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রথম ওভারেই পাকিস্তানকে চেপে ধরেন এই পেসার। ওভারের দ্বিতীয় বলেই আবেদন। ভুবনেশ্বরের বাউন্সারটি গিয়ে আঘাত করে রিজওয়ানের ভেতরের পায়ে। আবেদনে সাড়াও দেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান।

আম্পায়ার আঙুল তুলে দিলে সঙ্গে সঙ্গেই রিভিউ নেন রিজওয়ান। রিভিউতে দেখা যায়, বল চলে যেতো স্টাম্পের অন্তত তিন থেকে চার ইঞ্চি ওপর দিয়ে। সুতরাং, নট আউট। রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে যান মোহাম্মদ রিজওয়ান।

ওভারের শেষ বলে আবারও ব্যাটার রিজওয়ান। অফ স্টাম্পের বাইরে বলটি খেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু বল ব্যাটকে ফাঁকি দিয়ে চলে যায় উইকেটরক্ষক দিনেশ কার্তিকের হাতে। ফের আউটের আবেদন তোলে ভারতীয়রা। আম্পায়ার মাসুদুর থাকেন নির্বিকার। এবার ভারত নেয় রিভিউ।

এবারও বেঁচে যায় পাকিস্তান। রিভিউতে দেখা যায়, বল ব্যাটকে ছুঁয়ে যায়নি, একেবারে কাছ ঘেঁষে চলে যায়। ফলে দুই দুইবার আউটের খুব কাছে এসেও আউট হননি রিজওয়ান।

এক ওভার পর এসে ভুবনেশ্বরই ভারতকে প্রথম সাফল্য এনে দেন। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে ভুবনেশ্বরের বাউন্সার পুল করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন বাবর। ৯ বলে তিনি করেন মাত্র ১০ রান।

এরপর মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিটি যখন থিতু হওয়ার পথে, তখনই ফাখরকেও হারিয়ে বসেছে পাকিস্তান। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে আভেশ খানের বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ব্যাট চালিয়ে আউট হন ফাখর (৬ বলে ১০)।

অবশ্য বলটি গ্লাভসে নিলেও ব্যাটে লেগেছে কিনা নিশ্চিত ছিলেন না উইকেটরক্ষক দিনেশ কার্তিক। আবেদন করেননি ভারতীয় ফিল্ডাররাও। ফাখরই নিজে বেরিয়ে যান ক্রিজ থেকে। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৪৩ রান তোলে পাকিস্তান।

এরপর ৩৮ বলে ৪৫ রানের জুটি গড়েন ইফতিখার আহমেদ আর রিজওয়ান। ১৩তম ওভারে জুটিটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। তার বাউন্সার হুক করতে গিয়ে উইকেটরক্ষক কার্তিকের গ্লাভসবন্দী হন ইফতিখার (২২ বলে ২৮)।

নিজের পরের ওভারে এসে জোড়া শিকার করেন হার্দিক। সেট ব্যাটার রিজওয়ান (৪২ বলে ৪৩) আর খুশদিল শাহকে (২) ফিরিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দেন ভারতীয় অলরাউন্ডার।

সেখান থেকে দ্রুত আরও দুই উইকেট হারায় পাকিস্তান। ভুবনেশ্বরের লেগকাটারে আসিফ আলি (৭ বলে ৯) জোরে হাঁকাতে গিয়ে ক্যাচ হন বাউন্ডারিতে। পরের ওভারে মোহাম্মদ নেওয়াজকে (১) তুলে নেন অর্শদীপ সিং।

১১৪ রানে ৭ উইকেট হারানো পাকিস্তান এরপর লড়াকু পুঁজি পর্যন্ত গেছে শেষ উইকেট জুটির কল্যাণে। হারিস রউফ আর শাহনেওয়াজ দাহানি ৮ বলে যোগ করে দেন মূল্যবান ১৯ রান। রউফ ৭ বলে ১৩ আর দাহানি ৬ বলেই ২ ছক্কায় করেন ১৬ রান।

১৯তম ওভারে জোড়া উইকেট শিকার করা ভুবনেশ্বরই ছিলেন ভারতের পক্ষে সবচেয়ে সফল। ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন এই পেসার। ৩টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশে আসা আফগানিস্তান দলে করোনার হানা

আফগানদের বোলিং তোপে কাঁপছে লঙ্কানরা

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান বোলারদের তোপে কাঁপছে শ্রীলঙ্কা। ৬০ রান তুলতে তারা হারিয়েছে ৫ ব্যাটারকে। ফলে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় দাসুন শানাকার দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৬৪ রান। ভানুকা রাজাপাকসে ৩৬ আর অধিনায়ক শানাকা শূন্য রানে অপরাজিত আছেন।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক মোহাম্মদ নাবি। তার এই সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতেই যেন উঠেপড়ে লাগেন আফগানিস্তানের বোলাররা।

প্রথম ওভারেই তোপ দাগেন আফগানদের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র ফজলহক ফারুকি। বাঁহাতি এই পেসার ওভারের পঞ্চম আর ষষ্ঠ বলে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কুশল মেন্ডিস (২) আর চারিথ আসালাঙ্কাকে (০)। এর মধ্যে কুশলের আউটটিতে আম্পায়ার আঙুল না তুললে রিভিউ নিয়ে জেতে আফগানিস্তান।

সেই ধাক্কার মাঝেই পরের ওভারে আরও এক উইকেট হারায় লঙ্কানরা। নাভিন উল হকের লেগকাটার না বুঝেই মিডঅনে খেলতে চেয়ে উইকেটের পেছনে এজ হন পাথুম নিশাঙ্কা (৩)। ৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে শ্রীলঙ্কা।

ফজলহক ফারুকি নিজের দ্বিতীয় আর লঙ্কান ইনিংসের তৃতীয় ওভারটি দেন মেইডেন। ফলে প্রথম ৩ ওভারে মাত্র ৫ রান তুলতে পারে শ্রীলঙ্কা।

সেই চাপ কাটিয়ে উঠতে চতুর্থ ওভারে নাভিন উল হকের ওপর চড়াও হন ভানুকা রাজাপাকসে আর দানুশকা গুনাথিলাকা। রাজাপাকসের ছক্কা আর গুনাথিলাকার বাউন্ডারিতে ওই ওভারে ১৩ রান তুলে নেয় শ্রীলঙ্কা।

পঞ্চম ওভারে মুজিব উর রহমান দেন মাত্র ৩ রান। তবে আজমতউল্লাহ ওমরজাইয়ের করা পরের ওভারেই দুটি করে ৪টি চার মেরে ২০ রান তুলে নেন রাজাপাকসে আর গুনাথিলাকা। তাতে পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেটে ৪১ রান পায় লঙ্কানরা।

৩১ বলে ৪৪ রানের জুটি গড়েন রাজাপাকসে আর গুনাথিলাকা। কিন্তু দলের রান পঞ্চাশ ছুঁতেই ভুল করে বসেন ধীরগতির গুনাথিলাকা। মুজিব উর রহমানকে রিভার্স সুইপ খেলে ডিপ পয়েন্টে ক্যাচ হন ১৭ বলে ১৭ করা এই ব্যাটার।

আফগান অফস্পিনারের দ্বিতীয় শিকার হাসারাঙ্গা। ৮ বলে মাত্র ২ রান করে মিডঅফে নাবির হাতে ক্যাচ তুলে দেন এই অলরাউন্ডার। ৬০ রানে ৫ উইকেট হারায় লঙ্কানরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য