স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফেনী পৌর এলাকায় আজ সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা চলছে। শহরের ওয়াপদা মাঠে আজ জেলা বিএনপি ও জেলা যুবলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় উক্ত স্থানসহ সমস্ত পৌর এলাকায় গতকাল রাতে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক। সকালে শহরের ইসলামপুর রোড থেকে বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরবর্তীতে বিএনপি নেতৃবৃন্দ তাকিয়া রোডস্থ ফেনীর পাগলা বাবার মাজারের সামনে সংক্ষিপ্ত সভার আয়োজন করেন। এতে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত উপদেষ্টা ও ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন (ভিপি জয়নাল), কেন্দ্রীয় বিএনপি নেতা রফিকুল আলম মজনু, বেলাল হোসেনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, আমাদের সমাবেশ করার কথা ছিল ২৮ ডিসেম্বর। সেইদিন আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীর জানাজা হওয়ায় সমাবেশ স্থগিত করে পরের দিন সমাবেশ করার কথা জেলা প্রশাসক বলেছিলেন। কথা অনুযায়ী আবেদনও করি। এখন এখানে আরেকটি দলের কর্মসূচি ঘোষণা করা অন্যায়। এটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেয়ার পায়তারা।
জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজিব চৌধুরী জানান, আমরা উক্ত স্থানে কর্মী সমাবেশ করার জন্য জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়েছি। আমরা যে কোনোভাবে সেখানে কর্মী সমাবেশ করবো।
প্রসঙ্গত; বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে ফেনীর ওয়াপদা মাঠে বিএনপির জনসমাবেশ ঘিরে তারা বেশ কয়েকদিন ধরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিল।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
