Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

Uncategorized

সন্ধ্যায় টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশ-ভারত, এক নজরে পরিসংখ্যান

স্টক নিউজ বিডি October 6, 2024

টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে আজ (রোববার) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভিন্ন ফরম্যাটের লড়াই শুরুর আগে সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ব্যাটার তাওহীদ হৃদয়। যদিও দুই দলের মুখোমুখি দেখায় বাংলাদেশের অবস্থান স্বস্তিদায়ক নয়। অন্যদিকে, ভারত অধিনায়ক এই সিরিজকে তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ হিসেবে দেখছেন।

প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ গড়াতে যাচ্ছে গোয়ালিয়রের মাধবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এটি হবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-ভারতের ১৫তম টি-টোয়েন্টি ম্যাচ। আগের ১৪ বারের দেখায় ভারত ১৩ ম্যাচে জিতেছে। বিপরীতে বাংলাদেশের জয় কেবল একটি। সান্ত্বনার সেই জয় এসেছিল দিল্লিতে, ২০১৯ সালের সেই সুখস্মৃতি নিয়ে টাইগাররা এবার দ্বিতীয় টি-টোয়েন্টিও সেই ভেন্যুতে খেলবে।

সিরিজ শুরুর আগে গতকাল সফরকারীদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। নিজেদের লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ‘আমরা অবশ্যই এখানে জিততে এসেছি। এটা আমাদের জন্য সিরিজ জয়ের বড় একটা সুযোগ। এখানে আসার আগে ঢাকায় আমরা অনুশীলন করেছি। আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত। আশা করছি ভালো করব। আলাদা করে কিছু করিনি। অবশ্যই সিরিজ গুরুত্বপূর্ণ। সবাই এখানে ভালো করতে চায়। আমরাও সেরা চেষ্টাটা করব। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকেই কম-বেশি। সেটি মাথায় থাকলে ভালো করতে পারব না। আমাদের মনোযোগ ভালো করার দিকে, ফলাফল পক্ষে আনার দিকে।’

Image

গোয়ালিয়রে উইকেটের ধরন প্রসঙ্গে হৃদয় বলেন, ‘উইকেট স্লো নাকি ধামাকা তেমন কিছু মাথায় নেই সত্যি বলতে। জেতার জন্য খেলব অবশ্যই। আমাদের লক্ষ্য আছে সিরিজ জয়ের এবং ভালো খেলার। তাই (পিচ নিয়ে) ওরকম চিন্তাভাবনা করছি না।’ তিনি আরও বলেন, ‘মাঠে খেলতে নামলে কে আছে কে নাই চিন্তা করি না। আমাদের খেলার দিকেই ফোকাস করি। প্রসেস মেনটেইনের চেষ্টা থাকে। তাদের হারানোর সুযোগ আছে, এমন না আমরা ওদের বড় দলকে হারাইনি। টি-২০ তে বড় দল ছোট দল নাই। যে ভালো করবে সেই জিতবে।’

অন্যদিকে, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এই সিরিজে তরুণরা ফলাফল পক্ষে আনবে বলে আশাবাদী। তিনি বলেন, ‘তরুণ ক্রিকেটারদের জন্য এটি দারুণ সুযোগ। তারা তাদের রাজ্যের দলে যেখানেই খেলেছে ভালো পারফর্ম করেছে। এখানে ভিন্ন কিছু হওয়ার কথা নয়। এই সিরিজে ওপেন করতে চলেছেন সঞ্জু স্যামসন। উইকেট স্লো নয়। টি-টোয়েন্টি ফরম্যাটে উইকেট ভালোই হয়। এখানকার পরিস্থিতি এবং পিচ সম্পর্কে আমরা ওয়াকিবহাল। শিশির নিয়েও ভাবনা রয়েছে আমাদের। মাঠে কি করণীয় সেটা আমরা জানি। যদি সবাই অবদান রাখতে পারে, তাহলে নিশ্চয়ই আমরা আশানুরূপ ফলাফলই পাব।’

dhakapost

পেসার মায়াঙ্ক যাদবের অভিষেকের ইঙ্গিতও দিয়েছেন ভারত অধিনায়ক। তবে তাকে খেলানোর বিষয়ে একটি সতর্কতাও উল্লেখ করেছেন সূর্যকুমার, ‘ওর মধ্যে একটা এক্স ফ্যাক্টর রয়েছে। এমনটা নয় যে শুধু ওরই মধ্যে রয়েছে, বাকিদের মধ্যেও সেই ব্যাপারটা আছে। যদিও আমি ওকে নেটে খেলিনি, কিন্তু ওর খেলা দেখেছি। ও কি করতে পারে, ওর মধ্য কতটা প্রতিভা রয়েছে সেটা আমরা সকলেই জানি। ওর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার সময়ই লক্ষ্য করেছিলাম, ওর মধ্যে অতিরিক্ত গতি রয়েছে। তবে এখন এত বেশি খেলা হয়, ক্রিকেটারদের দিকেও নজর রাখতে হবে। দলের জন্য ও বড় অস্ত্র হতে চলেছে, আশা করছি দলকে সমৃদ্ধ করবে।’

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

৯ ব্যাংকে তারল্য ঘাটতি ১৮ হাজার কোটি টাকা : বাংলাদেশ ব্যাংক

স্টক নিউজ বিডি September 23, 2024

নয়টি ব্যাংকের চলতি হিসেবের তারল্য ঘাটতি ১৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ঘাটতিতে থাকা ব্যাংকগুলো হলো— ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক।

এর মধ্যে পাঁচটি ব্যাংক তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি চুক্তি সম্পন্ন করেছে। চুক্তি করা ব্যাংকগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও কমার্স ব্যাংক। এছাড়া ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক গ্যারান্টি চুক্তি করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে। কিন্তু এখনও চুক্তি হয়নি। আজ দুই ব্যাংকের সাথে গ্যারান্টি চুক্তি করতে পারে বাংলাদেশ ব্যাংক। অপরদিকে পদ্মা ও আইসিবি ইসলামী ব্যাংক এখন পর্যন্ত গ্যারান্টি চুক্তির আবেদন করেনি।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, তারল্য সংকটে পড়া দেশের ব্যাংকগুলোকে অর্থ ধার দিয়ে বিশেষ সহায়তা করবে ভাল ব্যাংকগুলো এবং এক্ষেত্রে ধারের টাকার গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকগুলো কী পরিমাণ অর্থ ধার দিয়ে সহায়তা দেবে, সেটাও ঠিক করবে কেন্দ্রীয় ব্যাংক। তারল্য সংকটে পড়া পাঁচটি ব্যাংকের সঙ্গে ঋণ গ্যারান্টির এমন চুক্তি সই করেছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংক আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে নির্ধারিত মেয়াদে বিশেষ ধার পাবে।

গ্যারান্টির প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, পাঁচটি ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আরও দুই ব্যাংকের সঙ্গে চুক্তির আবেদন করেছে। এখনও চুক্তি হয়নি। বাকি রয়েছে দুই ব্যাংক।

তারল্য ঘাটতি প্রসঙ্গে হুসনে আরা শিখা বলেন, ধরা যাচ্ছে- আলোচিত নয়টি ব্যাংকের প্রায় ১৮ হাজার কোটি টাকা তারল্য ঘাটতিতে রয়েছে। তবে এই তারল্য ঘাটতি প্রতিদিন পরিবর্তন হচ্ছে। আজকের তারল্য ঘাটতি কালকের সাথে মিল নেই।

তারল্য সহায়তার ব্যাপারে হুসনে আরা শিখা বলেন, কবে সহায়তা পাবে, সেটি এখনও ঠিক হয়নি। তবে যখন ব্যাংকগুলো অর্থ ধার দিতে সম্মত হবে, ঠিক তখনই সহায়তা পাবে তারা। টাকার ধারের পরিমাণ প্রসঙ্গে তিনি বলেন, অর্থ ধারের পরিমাণ এখন বলা যাবে না। এটা পরে ঠিক করা হবে।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভেঙ্গে দেয়া হলো বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটি

স্টক নিউজ বিডি September 22, 2024

২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বারিধারা ক্লাবে দিনব্যাপী অনুষ্ঠিত বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সভায় দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী উপস্থিত নেতৃবৃন্দের অনুমতি সাপেক্ষে বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটি সহ জেলা, উপজেলা, মহানগর এবং অন্যান্য কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেন। সভার সভাপতি বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান মাহী বি চৌধুরীর উত্থাপিত প্রস্তাব সর্বাত্মকভাবে সমর্থন করেন। পরে প্রস্তাবটি ভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা সভায় পাস। সভায় মাহী বি চৌধুরী বলেন, বিকল্পধারা হবে সিঙ্গেল ইউনিট পার্টি। দলের কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন থাকবে না।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দলের অস্তিত্ব রক্ষায় মহাজোটের শরিক হয়ে নির্বাচনে অংশ নেয়া কোন ন্যায় সঙ্গত কারণ হতে পারে না। কোন দল তার আদর্শ বিসর্জন দেয়ার মধ্যেই দলের অস্তিত্বের সঙ্কট সৃষ্টি হয়। তিনি আরো বলেন, বিকল্পধারার যে সমস্ত নেতা-কর্মীরা ২০১৮ সালে নির্বাচনে অংশগ্রহণের যুক্তিসঙ্গত কারণ খোঁজার চেষ্টা করেন তাদের ভুলের জন্য কোন অনুশোচনাও নেই উপলব্ধিও নেই। সঙ্কট মোকাবেলায় সহজ ও সাধারণ পথে এগুনোর কোন সুযোগ নেই।

 জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্মের ভিতরে যে গণ আকাঙ্ক্ষা 

 সৃষ্টি হয়েছে সেই আলোকে বিকল্পধারাকে নতুন করে শূন্য থেকে কাজ করতে হবে।

 ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

নির্বাহী কমিটি বিলুপ্ত করার পর সভায় সর্বসম্মতিক্রমে একটি জাতীয় কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির আকার হতে পারে ৫১ থেকে ৭১ সদস্য বিশিষ্ট। কমিটিতে বর্তমান প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী দলের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করবেন, দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান কার্যকরী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করবেন, আর থাকবে একটি প্রেসিডিয়াম, একজন কোষাধ্যক্ষ, একজন দপ্তর সম্পাদক আর সবাই সদস্য থাকবেন। রাজনীতিতে পরিবার তন্ত্রের বিরোধিতা করে মাহী বি. চৌধুরী বলেন, বিকল্পধারার কোন কমিটিতে একই পরিবারের একাধিক সদস্য থাকতে পারবে না। এই কারণে মাহী বি. চৌধুরী নতুন গঠিত জাতীয় কমিটিতে সদস্য থাকবেন না। তিনি দলের প্রাথমিক সদস্য থেকে দলকে সবধরণের সহযোগিতা করবেন। সভায় নয়টি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয় – (১) মানব সম্পদ উন্নয়ন স্কোয়াড, (২) বিকল্প পাঠশালা, (৩) প্রচার ও প্রকাশনা স্কোয়াড, (৪) গণতন্ত্র সুরক্ষা স্কোয়াড, (৫) বিশ্ব সম্পর্ক উন্নয়ন স্কোয়াড, (৬) জননীতি উন্নয়ন স্কোয়াড, (৭) গবেষণা ও উন্নয়ন স্কোয়াড, (৮) দল সম্প্রসারণ স্কোয়াড এবং (৯) ধর্মীয় ও আধ্যাত্মিক সচেতনা স্কোয়াড ।

সভার সভাপতি মেজর (অব.) আবদুল মান্নান বলেন, ২০১৮ সালে মহা জোটের অংশ হিসাবে সংসদ নির্বাচনে অংশ নেয়া আমাদের ভুল ছিল। আমাদের নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। বিকল্পধারার সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করে বিকল্পধারার আদর্শকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণের বিশ্বাস অর্জন করে রাষ্ট্র পরিচালনায় অবদান রাখতে হবে। সভায় আরো বক্তব্য রাখেন: সহ-সভাপতি মুহাম্মদ মহসিন চৌধুরী, ওবায়দুর রহমান মৃধা, যুগ্ম-মহাসচিব মোঃ এনায়েত কবির, দপ্তর সম্পাদক মোঃ ওয়াসিমুল ইসলাম, কেন্দ্রীয় বিকল্প যুবধারার সভাপতি মোঃ আসাদুজ্জামান বাচ্চু , মোস্তফা সারওয়ার, আরিফুল হক সুমন, মোঃ নূর নবী চৌধুরী, ডা. আব্দুর রহিম, জাহাঙ্গীর আলম, গাজী শহিদুল কামাল, সাইফুল ইসলাম মিন্টু, মাজহারুল ইসলাম শিহাব, পারভেজ, তপু, সাকিফ আহমেদ, ফারহানা মাকনুন সাবা, শাহ আলম আলমাস,

মোঃ আনোয়ার হোসেন, মারুফ হাসান কাজল, সনি আদিত্য প্রমূখ। 

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আনিসুল হক ও সালমান এফ রহমান ডিবি হেফাজতে

স্টক নিউজ বিডি August 14, 2024

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হওয়ার পর এখন গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন। গতকাল রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।  

ডিবির একটি সূত্রে এ বিষয়টি জানা গেছে। রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গেছে।  

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিশনাল ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা জানান, সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। 

আজ তাদের আদালতে তোলা হবে। নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার চেয়ে রিমান্ড আবেদন করা হবে। 

তবে ঠিক কখন তাদের আদালতে তোলা হবে এ ব্যাপারে তিনি নিশ্চিত করেননি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় গ্রেপ্তার।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীরা গা ঢাকা দেন। এছাড়া, ঢাকার শাহজালাল বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয়।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘১১ নম্বর জার্সিকে অবসরে পাঠানো প্রয়োজন’

স্টক নিউজ বিডি May 4, 2024

ডর্টমুন্ডের ১১ নম্বর জার্সি এবং মার্কো রয়েস যেন সমার্থক শব্দ। এই জার্সিটার সঙ্গে যে তার এক যুগের প্রেম! সময়ের দাবিতে এবার তাদের বিচ্ছেদ হচ্ছে! চলতি মৌসুম শেষেই বরুসিয়া ডর্টমুন্ড ছাড়বেন এই জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার।

ডর্টমুন্ড গতকাল জানিয়েছে, রয়েসের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর ব্যাপারে দুই পক্ষই সম্মত হয়েছে। ৩৪ বছর বয়সী এই তারকার মৌসুম শেষে ক্লাব ছাড়ার ব্যাপারটি নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডর্টমুন্ডেরই আরেক তারকা জেডন সাঞ্চো লিখেছেন, ‘আমাদের ১১ নম্বর জার্সিকে অবসরে পাঠানো প্রয়োজন।’

ক্লাবটির প্রধান নির্বাহী কর্মকর্তা হ্যানস-জোয়াকিম ওয়াটৎজ বলেছেন, ‘মার্কো ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়। সে ডর্টমুন্ডেই জন্মেছে, আমাদের একাডেমিতে কাটিয়েছে ১০ বছর। মূল দলে খেলেছে ১২ বছর। বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে তাঁর বন্ধন অসাধারণ। আমরা মার্কোর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আশা করি, অবসর নেওয়ার পর সে ডর্টমুন্ডে ফিরবে, কারণ ভূমিকা রাখার মতো প্রচুর জায়গা তার জন্য আছে এখানে।’

Image

ক্লাব ছাড়া প্রসঙ্গে রয়েস বলেছেন, ‘কীভাবে শুরু করব? প্রিয় ডর্টমুন্ডের ভক্তরা, আমি দারুণ এই স্টেডিয়ামে ১২ বছর খেলার সুযোগ পেয়েছি। জীবনের অর্ধেক সময়ই আমি এই ক্লাবকে দিয়েছি। অনেক উত্থান-পতন গেছে। তবে ভালো সময়গুলোই মনে আছে। ক্লাব এবং আমি নিজের চুক্তির মেয়াদ না বাড়াতে সম্মত হয়েছি।’

‘এই ক্লাবে অনেক বছর খেলতে পেরে আমি খুবই গর্বিত। এই মুহূর্তে আসলে কী বলা উচিত, সে জন্য সঠিক শব্দ খুঁজে পাচ্ছি না। তবে ভক্তদের এটা বলা প্রয়োজন, সামনে আরও বড় লক্ষ্য আছে। আমরা ওয়েম্বলিতে যেতে চাই। ডর্টমুন্ডে আবারও ট্রফি নিয়ে আসতে চাই।’-যোগ করেন তিনি।

রয়েস ডর্টমুন্ডের একাডেমিতে বেড়ে উঠেছেন। ২০০৬ সালে ডর্টমুন্ডের একাডেমি ছেড়ে যোগ দেন রট ওয়েস আহলেন ক্লাবে। তিন বছর সেখানে কাটিয়ে আবারও ঠিকানা পাল্টান রয়েস। এবার বরুসিয়া মুনশেনগ্লাডবাখে কাটান আরও তিন বছর এবং তারপর ফিরে যান ডর্টমুন্ডে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যে কারণে পাকিস্তানিদের শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট

স্টক নিউজ বিডি February 11, 2024

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য দেশটির সাধারণ জনগণ, নারী ও যুবকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। খবর ডনের

একটি টুইটবার্তায় আরিফ আলভি বলেছেন, যারা বিপুল সংখ্যায় ঘর থেকে বের হয়ে এসে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ভোট দিয়েছেন তাদের অভিনন্দন।

তিনি তরুণদের প্রশংসা করে বলেন, শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়ায় অংশ নিয়ে দেশের প্রতি কর্তব্য পালন করেছেন তরুণরা।

আলভি আরও বলেন, গুরুতর আর্থিক সঙ্কট থেকে পাকিস্তানকে বের করে আনতে ও পুনর্গঠন করতে একটি শক্তিশালী সরকার দরকার।

সবাইকে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিতি। বলেন, দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হতে হবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যমুনা ব্যাংকের উদ্যোগে সিরাজগঞ্জে কাজিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজিত

স্টক নিউজ বিডি December 24, 2023

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে সিরাজগঞ্জের কাজিপুরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে ৭ ধরনের (চক্ষু, গাইনী, ডায়াবেটিস, শিশুরোগ, দন্ত, অর্থোপেডিক ও সাধারণ) চিকিৎসা সেবায় ৬,৭২৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ এবং ৭০৫ জনকে ফ্রি চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার এ. কে. এম. মুশাররফ হুসাইন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে অনুসরণীয় দৃষ্টান্ত : রাষ্ট্রপতি

স্টক নিউজ বিডি December 2, 2023

শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (২ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৬ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, পার্বত্য জেলাগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন ও এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার কর্তৃক গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে পার্বত্য জেলাসমূহে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটে, সূচিত হয় শান্তির পথচলা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগ শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, দেশের তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি নৈসর্গিক সৌন্দর্যের অপার আধার। যুগযুগ ধরে পাহাড়ে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর বর্ণিল জীবনাচার, ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি এ অঞ্চলকে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে।

রাষ্ট্রপতি আরও বলেন, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের ক্ষেত্রে একটি অত্যন্ত সম্ভাবনাময় অঞ্চল। শান্তি চুক্তি বাস্তবায়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছে। ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আর্থ-সামাজিক, অবকাঠামো ও সাংস্কৃতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।

রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৬ বছর পূর্তি উপলক্ষে পার্বত্য এলাকার সকল অধিবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পার্বত্য জেলাসমূহের উন্নয়ন কর্মকাণ্ডকে টেকসই ও বেগবান করতে দলমত নির্বিশেষে সংশ্লিষ্ট সকলকে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আইপিএলের নিলামে বাংলাদেশের ছয় ক্রিকেটার

স্টক নিউজ বিডি December 2, 2023

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) আসন্ন আসর মাঠে গড়ানোর কথা ২০২৪ এর মার্চে। বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্ট শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি থাকলেও ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। এরইমধ্যে ২০২৪ আসরের নিলামের জন্য নাম পাঠানো ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে এবারের মিনি নিলাম। যেখানে নিলামের জন্য নাম পাঠানো ১১৬৬ ক্রিকেটারের মধ্যে ৮৩০ জনই ভারতীয়। ৩৩৬ জন বিদেশি ক্রিকেটার। বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ রয়েছেন এই তালিকায়।

গত আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে খেলেছিলেন লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান, দলে ছিলেন সাকিব আল হাসানও। দিল্লি ক্যাপিটালসের ছেড়ে দেওয়া ফিজ এবারের নিলামে থাকলেও নাম নেই সাকিব ও লিটনের। নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স তাদের ছেড়েও দিয়েছে।

এবারের নিলামে অন্যতম আকর্ষণ বিশ্বকাপ মাতানো অসি তারকা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও ট্রেভিস হেড। এছাড়াও কিউই তারকা ড্যারেল মিচেল ও রাচিন রবীন্দ্রও আছেন দলগুলোর চাহিদার তালিকায় ওপরের দিকেই।

প্রতি চার বছরে একবার আইপিএলে অনুষ্ঠিত হয় মেগা নিলাম। ২০২১ সালে মেগা নিলাম হওয়ায় এবার অনুষ্ঠিত হবে একদিনের মিনি নিলাম। গতবারের নিলামে সবচেয়ে বেশি অর্থ খরচ করে ইংলিশ তারকা অলরাউন্ডার স্যাম কারানকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। কারানকে দলে ভেড়াতে ১৮.৫ কোটি ভারতীয় রুপি খরচ করতে হয়েছিল দলটিকে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সুন্দর ত্বকের জন্য টোনার

স্টক নিউজ বিডি November 29, 2023

সকালে ঘুম থেকে উঠেও যেমন ত্বকের যত্ন নিতে হবে, একই কাজ করতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগেও। মর্নিং স্কিনকেয়ার রুটিনে সাধারণত তিন থেকে চারটি ধাপ মেনে চলা প্রয়োজন। এরই মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হল টোনিং। ক্লিনজিং এবং ময়শ্চারাইজিংয়ের বিষয়ে সবাই জানলেও টোনারের কথা কিন্তু অনেকেই জানেন না। বিউটি ওয়ার্ল্ডে এই প্রোডাক্ট বেশ আন্ডাররেটেড হলেও এর কার্যকারিতা কিন্তু কম নয়।

বিশেষজ্ঞরা মতে, ত্বক ভালো রাখতে একটি ‘এএম’ (ঘুম থেকে উঠে ত্বকের যত্ন) এবং ‘পিএম’ (ঘুমাতে যাওয়ার আগে ত্বকের যত্ন) রুটিন ফলো করা প্রয়োজন।

আর এ রুটিন ফলো করার জন্য আপনাকে অবশ্যই সঙ্গী করতে হবে টোনারকে। টোনার ব্যবহারকারীরা জানেন যে, ত্বক ভালো রাখতে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিউটি প্রোডাক্টটি। উপকারী মিনারেলে পরিপূর্ণ এই তরল ত্বকে ঠিক ম্যাজিকের মতোই কাজ করে। এর গুণে ত্বক থাকে টানটান। পাশাপাশি একাধিক ত্বকের সমস্যা নিয়ন্ত্রণে থাকতে বাধ্য হয়। সকালে এবং রাতে দুবার টোনার ব্যবহার করতে হবে।

এই গুরুত্বপূর্ণ কাজটিও করে-
ত্বকের আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে টোনার। সেই নিয়েই এবার আলোচনা করা যাক, প্রত্যেকের ত্বকেই পিএইচ-এর একটি স্বাভাবিক মাত্রা রয়েছে। এই মাত্রার হেরফের হলেই ত্বকের নানা সমস্যা দেখা দেয়। পিএইচ-এর ভারসাম্য নষ্ট হলে ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায় কিংবা হঠাৎ তৈলাক্ত হয়ে যেতে পারে। এমনকী পিএইচ ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে মুখে ব্রেকআউটও দেখা দেয়।

আজ থেকেই ব্যবহার করুন টোনার-
মুখের পিএইচ ভারসাম্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টোনার। অধিকাংশ ফেসিয়াল টোনারেই পিএইচ-এর মাত্রা ৫ থেকে ৭-এর কাছাকাছি থাকে। এটি আপনার ত্বককে ভালো রাখতে সাহায্য করে। তার মানে বুঝতেই পারছেন যে, ত্বকে টোনার লাগানো কতটা গুরুত্বপূর্ণ!

এতদিনেও যদি এই গুরুত্বপূর্ণ বিউটি প্রোডাক্টটি আপনি না ব্যবহার করে থাকেন, তবে আর দেরি করবেন না, আজ থেকেই শুরু করে দিন। জেনে নিন টোনার লাগানোর নিয়মটি ঠিক কী।

সঠিক নিয়ম মেনে মুখে লাগান টোনার-
আপনি আপনার ত্বকের ধরন বুঝে টোনার বেছে নিন। সকালে উঠে প্রথমে মুখ পরিষ্কার করে নিন। এক্ষেত্রে মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ ক্লিনজিং করুন। এরপরেই আপনাকে টোনার লাগাতে হবে। একটি কটন প্যাডে টোনার নিন। তারপর মুখে ধীরে ধীরে লাগিয়ে নিন। ২-৩ মিনিট অপেক্ষা করুন। এবার সানস্ক্রিন লাগান। নিয়মিত টোনার লাগালে ত্বকের বদল আপনার চোখে পড়বেই।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে, সকালের মতো রাতে শুতে যাওয়ার আগেও আপনাকে মুখে টোনার লাগাতেই হবে। আপনি গোলাপ জলও টোনারের মতো ব্যবহার করতে পারেন। কটন প্যাড টোনারে ভিজিয়ে মুখে লাগিয়ে নিতে পারেন, পাশাপাশি মুখে স্প্রে-ও করতে পারেন। এতেই উপকার পাবেন। সপ্তাহে প্রতিদিন দিনে দুবার করে এই উপাদান আপনার মুখে লাগান। তাতেই ত্বকের আর্দ্রতার ঘাটতি পূরণ হবে। এমনকী পিএইচ-এর ভারসাম্য ঠিক থাকবে। ত্বক থাকবে টানটান।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লভ্যাংশ ঘোষণা

  • ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক অন্তর্ভূক্তি

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • মুহাম্মাদ (সাঃ) জন্মগ্রহণের পূর্বে কেমন ছিল আরবের অবস্থা!

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

  • যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য