Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিএনপি

বিএনপিসহ কিছু দল তেলের মূল্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: তথ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপিসহ কিছু দল ও প্রতিষ্ঠান জ্বালানি তেলের মূল্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, দেশে একটি মহল সবসময় বিভ্রান্তি ছড়ায়। পদ্মা সেতু থেকে যখন বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিলো তখন টিআইবি, সিপিডি লাফিয়ে লাফিয়ে অনেক বক্তব্য দিয়েছে। বিএনপিও লাফিয়ে লাফিয়ে বক্তব্য রাখছিল। আর বিএনপির সঙ্গে সিপিডি, টিআইবিও লাফাচ্ছিল।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকচিত্র ও এলইডি প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে ও প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া সূচনা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, আজ জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে। আমাদের দেশে ডিজেলের মূল্য ১১৪ টাকা, কলকাতায় সেটি ১১৬ টাকা। অর্থাৎ কলকাতার চেয়ে এখনো এখানে কম আছে। এই মূল্যবৃদ্ধির পরও বিপিসিকে প্রতি লিটার ডিজেলে ৮ টাকা ভর্তুকি দিতে হচ্ছে।

তিনি বলেন, কিছু কিছু ব্যক্তি যারা নিজেকে বুদ্ধিজীবী হিসেবে পরিচয় দেন, আমিও তাদের বুদ্ধিজীবী হিসেবেই গণ্য করি। কিন্তু সময়ে সময়ে তাদের বুদ্ধি লোপ পায়, সময়ে সময়ে বিশেষ উদ্দেশ্যে তাদের বুদ্ধি ব্যবহৃত হয়। তারা কয়েকদিন ধরে যেভাবে কথাবার্তা বলছেন এটি জনগণকে বিভ্রান্ত করার শামিল। আমি আশা করবো তারা জনগণকে বিভ্রান্ত করার এই অপচেষ্টা থেকে বেরিয়ে আসবেন। যখন বিশ্ববাজারে স্থিতিশীলভাবে জ্বালানি তেলের দাম কমবে তখন সরকার আবার মূল্য সমন্বয় করবে।

বিএনপি তাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, আমি মনে করি বিএনপি আসলে বাস্তব পরিস্থিতিটা বুঝতে পেরেছে। কারণ ঈদের পরে, শীতের পরে, পরীক্ষার পরে, বর্ষার পরে আন্দোলনের কথা বলে বলে নিজেদের হাস্যকর বানিয়েছে। তাদের আন্দোলনে তাদের কর্মীরাও সাড়া দেয় না। এটি বুঝতে পেরেই তারা নতুন ঘোষণা দিয়েছে বলে আমি মনে করি।

এর আগে বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ইতিহাসে অন্যতম জঘন্যতম একটি হত্যাকাণ্ড। বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছিলেন তখনই তাকে হত্যা করা হয়। যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৫৪ শতাংশ, অর্থাৎ সাড়ে ৯ শতাংশের বেশি। আজ পর্যন্ত বাংলাদেশ সেই সাড়ে ৯ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়নি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আমরা ৮ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছিলাম, কিন্তু ৯ শতাংশ আমরা এখনো ছুঁতে পারিনি।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার, জাতীয় পতাকা, জাতীয় সংগীত পরিবর্তনের এবং রেডিও, টেলিভিশনসহ সব ক্ষেত্রে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনার অপচেষ্টা হয়েছিল। তখন থেকে জাতি এক জায়গায় ঘুরপাক খেয়েছিল দীর্ঘ ২০ বছর। সেই অচলাবস্থা ভেঙেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে আবার সরকার গঠন করার মধ্য দিয়ে। এরপর ২০০৮ সালে সরকার গঠন করার মধ্য দিয়ে বাংলাদেশ সাড়ে ১৩ বছরে যেভাবে এগিয়ে গেছে, আজকে বাংলাদেশ পৃথিবীর সামনে একটি গর্বিত রাষ্ট্র।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভোলায় মৃত্যুর জন্য বিএনপি নেতারাই দায়ী: তথ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি August 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সংঘর্ষের ঘটনায় ভোলায় মৃত্যুর জন্য বিএনপি নেতারাই দায়ী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এর দায় স্বীকার করে বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি লাশের রাজনীতি করে, সে কারণেই তাদের অপরাধপ্রীতি ও লাশের রাজনীতির বলি হয়েছে ভোলায় তাদের দুজন কর্মী। কারণ বিএনপি নেতারা তাদের সংঘাতের দিকে ঠেলে দিয়েছিলেন। কারো কারো হাতে তুলে দিয়েছিলেন অস্ত্র।

ভোলার ঘটনা নিয়ে তিনি আরও বলেন, সেখানে পুলিশের ওপর গুলি করা হয়েছে। এতে পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মানুষের সহায়-সম্পত্তি ধ্বংস করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। পুলিশ সদস্যকে তাদের দলীয় কার্যালয়ে ধরে নিয়ে আটকে রেখে মারধর করা হয়েছে।

‘সুতরাং এই যে তাদের দুজন কর্মী মৃত্যুবরণ করলো, এজন্য প্রকারান্তরে এর দায় স্বীকার করে তাদের আগে পদত্যাগ করা দরকার।’

বিএনপির আন্দোলনের ঘোষণার বিষয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি তো এখন ফাঁকা মাঠে আন্দোলন করছে। এখন শোকের মাস আগস্ট, সামনে শোক দিবস, আমরা পর্যবেক্ষণ করছি। আমরা যখন মাঠে নামবো, তারা পালানোর পথ খুঁজে পাবে না।

এর আগে বাংলাদেশ বেতারের সদ্যপ্রয়াত মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তৃতা দেন তথ্যমন্ত্রী। তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিএনপির রাজনীতি লাশের ওপরে প্রতিষ্ঠিত

স্টক নিউজ বিডি August 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিএনপির রাজনীতি লাশের ওপরে প্রতিষ্ঠিত, সেই কারণে তারা লাশ সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, আগস্ট মাস এলেই বিএনপির এ প্রবণতাটা আরও বেড়ে যায়। সেজন্য ভোলাতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে বিএনপি। সারাদেশে তারা এ ধরনের ঘটনা ঘটিয়ে লাশ সৃষ্টির অপচেষ্টা চালাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গত কয়েক দিনের উস্কানিমূলক বক্তব্য এটিই প্রমাণিত হয়। তবে জনগণ তাদের সেই সুযোগ দেবে না।

বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন শেষে ভোলায় ছাত্রদল নেতা নিহতের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক এএসএম আবুল হোসেন, সিনিয়র প্রকৌশলী ভাস্কর দেওয়ান, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক হীরক খান উপস্থিত ছিলেন।

হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান লাশের ওপর পাড়া দিয়েই হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন। ক্রমাগতভাবে বহু সৈনিকের লাশের ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনা করেছেন। ১৯টা ক্যু হয়েছে, শত শত নয়, কয়েক হাজার সেনা, বিমান ও নৌবাহিনীর কর্মকর্তা ও জওয়ানকে হত্যা করেছেন। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকেও হত্যা করেছেন তিনি। লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতা দখল করে ক্রমাগতভাবে লাশ সৃষ্টি করে দেশ পরিচালনা করেছে।

‘খালেদা জিয়াও একই পথ অনুসরণ করেছেন। ২০১৩, ১৪ ও ১৫ সালে কীভাবে অগ্নি-সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে লাশ বানিয়ে সেই লাশ আবার পুড়িয়ে অঙ্গার করে ফেলেছে। লাশের ওপর দাঁড়িয়েই তাদের রাজনীতি।’

তথ্যমন্ত্রী বলেন, ভোলায় তারা যে মিছিল ও সমাবেশ করবে তা পুলিশকে জানায়নি। এরপরও পুলিশ তাদের সহযোগিতা করেছে। তারা দোকানপাট ভাঙচুর এবং পুলিশ সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলো, বিএনপির সমাবেশ থেকে পুলিশের ওপর গুলি ছোড়া হয়েছে। সেই গুলিতে পুলিশের একজন কনস্টেবল আহত হয়েছেন, আরেকজন কনস্টেবলকে ধরে নিয়ে গিয়ে বিএনপি অফিসে মারধর করা হয়েছে।

তিনি বলেন, আত্মরক্ষার্থে পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছে। সেখানে তাদের দুজন কর্মী মারা গেছে। আগে যিনি মারা গেছেন চিকিৎসকদের প্রতিবেদন হচ্ছে, তার হেড ইনজুরিতে মৃত্যু হয়েছে। হেড ইনজুরি ইট-পাটকেলের আঘাতেই হয়েছে বলে প্রতীয়মান হয়। ইট-পাটকেল তো বিএনপিই ছুড়েছে। তাদের পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর দায়-দায়িত্ব হচ্ছে বিএনপির। পক্ষান্তরে তাদের দুই কর্মীর মৃত্যুর জন্যও দায়ী বিএনপি।

নাম ও সাইনবোর্ডসর্বস্ব বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি মিটিং করছে উল্লেখ করে আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তাদের এই মিটিং দেখে অনেকে আবার নতুন দল গঠন করার উৎসাহী হচ্ছেন, বিএনপি কখন তাদের ডাকে। এ ধরনের পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে।

মন্ত্রী বলেন, চট্টগ্রাম বেতার কেন্দ্র একটি ঐতিহাসিক বেতার কেন্দ্র। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকেই স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করা হয়েছিল। মুক্তিযোদ্ধারা চট্টগ্রাম বেতার কেন্দ্রের ট্রান্সমিটার নিয়েই প্রথম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন। পরে ভারতের পক্ষ থেকে একটি ট্রান্সমিটার তাদের দেওয়া হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম বেতার কেন্দ্র। ট্রান্সমিশন যেন আরও ভালো হয় সেজন্য সলিমপুরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। যেন দেশের বেশিরভাগ জায়গায় চট্টগ্রাম বেতারকেন্দ্র শোনা যায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সংকট থেকে মানুষের দৃষ্টি সরাতে ভোলার হত্যাকাণ্ড: ফখরুল

স্টক নিউজ বিডি August 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ দেশের চলমান সংকট থেকে মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে সরাতে ভোলায় পুলিশের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। বিএনপি মহাসচিব বলেন, বিদ্যুৎ-জ্বালানি ও সারসহ ভয়াবহ আর্থিক সংকটকে ধামাচাপা দিতে এ হত্যাকাণ্ড।

বিবৃতিতে মির্জা ফখরুল দাবি করেন, ৩১ জুলাই ভোলায় আব্দুর রহিম এবং আহত নুরে আলমের আজ মৃত্যু এ দুটি ঘটনাই সুপরিকল্পিত হত্যাকাণ্ড।

তিনি বলেন, বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিতেই বিএনপির দুজন বলিষ্ঠ নেতাকে হত্যা করা হলো। জনস্বার্থে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের বর্বরোচিত হামলা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে।

জনগণের প্রতিবাদ-বিক্ষোভে দিশেহারা হয়ে মানুষ হত্যার মতো সিদ্ধান্ত নিয়ে সরকার পুরো দেশে এক ভয়ের সংস্কৃতি চালু করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী সরকার রাষ্ট্রক্ষমতা দখল করে এক ভয়ঙ্কর দুঃশাসন প্রতিষ্ঠা করেছে। মানুষের কথা বলা, মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে এক নির্বাক রাষ্ট্র সমাজ গঠনের আয়োজন করেছে। এর দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকেই বহন করতে হবে।

মির্জা ফখরুল বলেন, ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি করে হত্যা সরকারের এক অশুভ পরিকল্পনার অংশ।

এদিকে বিবৃতিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন মির্জা ফখরুল।

৩১ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হন। এ ঘটনায় আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম বুধবার (৩ আগস্ট) ঢাকার গ্রিনরোড কমফোর্ট হাসপাতালে মারা যান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

বিএনপির সময় দিনে ১৩-১৪ ঘণ্টা লোডশেডিং ছিল: কাদের

স্টক নিউজ বিডি August 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিএনপি অব্যাহতভাবে অপপ্রচার আর মিথ্যাচার করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি নেতারা সহজেই তাদের অতীত ভুলে যেতে চাইলেও জনগণ ঠিকই তা মনে রেখেছে। তাদের শাসনামলে দেশে দিনে ১৩-১৪ ঘণ্টা লোডশেডিং চলতো। তাদের সময়ে দেশ ছিল অন্ধকারে নিমজ্জিত।

মঙ্গলবার (২ আগস্ট) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার জন্য তারা (বিএনপি) দেশের মূল্যবান খনিজ সম্পদ বিদেশি প্রভুদের হাতে তুলে দিয়েছিল। বিদ্যুৎ সরবরাহের নামে শুধুমাত্র খাম্বা স্থাপন করে জাতির সঙ্গে প্রতারণা করেছিল। বিকল্প ক্ষমতা কেন্দ্র হাওয়া ভবন আর খোয়াব ভবন আলোকিত রাখতে গিয়ে সারাদেশকে অন্ধকারে রেখেছিলো বিএনপি।

তিনি আরও বলেন, সেই অন্ধকারময় সময় পেছনে ফেলে শেখ হাসিনা দেশবাসীকে আলোকিত বাংলাদেশ উপহার দিয়েছেন। বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি আর্থ-সামাজিক সব ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের স্মারক রেখেছেন।

বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে শেখ হাসিনা সরকার সাফল্য দেখিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন,
২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে যখন আওয়ামী লীগ ক্ষমতাসীন হয় তখন দেশে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ছিল ২২০ কিলোওয়াট, যা বর্তমানে দাঁড়িয়েছে ৫৬০ কিলোওয়াটে। ২০০৯ সালের শুরুতে দেশে বিদ্যুৎ সুবিধার আওতাভুক্ত ছিল মোট জনসংখ্যার মাত্র ৪৭ শতাংশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকার কারণে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।

বিদ্যুতখাতের দুর্নীতি নিয়ে যারা কথা বলেন, প্রকৃতপক্ষে তারাই দুর্নীতির পৃষ্ঠপোষক বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। বর্তমান সরকারের সুষ্ঠু নীতি ও সুদক্ষ ব্যবস্থাপনা না থাকলে বিদ্যুৎ উৎপাদন ২৫ হাজার ৫৬৬ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব হতো না বলে জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ২০০৯ সালের শুরুতে বিদ্যুৎ উৎপাদন ছিল ৩ হাজার ২৬৭ মেগাওয়াট। বর্তমানে বিদ্যুৎ সরবরাহের ক্ষমতা ২৫ হাজার ৫৬৬ মেগাওয়াটে উন্নীত হয়েছে। শুধু তাই নয়, ২০০৯ সালের শুরুতে দেশে বিদ্যুৎ গ্রাহক সংখ্যা ছিল ১ কোটি ৮ লাখ। ২০২২ এর এপ্রিলে এসে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৭ লাখে।

মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বকে থমকে দিয়েছে জানিয়ে তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানির মূল্য অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর উন্নত দেশগুলোও হিমশিম খাচ্ছে। এরই মধ্যে অনেক দেশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে।

তিনি বলেন, ভবিষ্যৎ অনিশ্চয়তার আশঙ্কা কাটাতে আগাম ব্যবস্থা হিসেবে বাংলাদেশকেও কিছু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। এর অংশ হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহে রেশনিং করা হচ্ছে। যা একটি সাময়িক পদক্ষেপ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

স্বেচ্ছাসেবক দল নেতা নিহতের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

স্টক নিউজ বিডি August 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহতের প্রতিবাদে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশের কারণে প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ আছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশ শুরুর আগেই ছোট ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসতে শুরু করেন।

সমাবেশকে কেন্দ্র করে আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ

স্টক নিউজ বিডি August 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত ও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (১ আগস্ট) এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে তিতুমীর কলেজ ছাত্রদল সভাপতি আরিফুর রহমান এমদাদ (আরিফ) ও সাধারণ সম্পাদক ইমাম হোসেনের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন। মহাখালী থেকে গুলশান (১) পর্যন্ত প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সমাবেশ।

এতে উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজ উর রহমান লিপকন, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিরাজ আল ওয়াসী, রিয়াজুল ইসলাম রিয়াজ, শাহিন আল মাহমুদ, দপ্তর সম্পাদক মো. আল আমিন খান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন আশিক, মো. রাকিবুল ইসলাম, রহমত হোসেন, আব্দুল হান্নান, মো. সুজন জমাদ্দার, সাইফুল ইসলাম, সোহেল রানা, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউসুফ আলী, সাবেক অর্থ সম্পাদক হাসান সিকদারসহ অনেকে।

মিছিল শেষে বক্তব্যে কলেজ ছাত্রদল সভাপতি আরিফুর রহমান এমদাদ (আরিফ) বলেন, ভোলায় এ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে।

তিনি আরও বলেন, তিতুমীর কলেজ ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী যেকোনো আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে যেকোনো কর্মসূচি পালন করতে সর্বদা প্রস্তুত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শোককে শক্তিতে রূপান্তরিত করে আন্দোলন করতে হবে: ফখরুল

স্টক নিউজ বিডি August 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের রক্ত বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে আন্দোলন করতে হবে।

সোমবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের গায়েবানা জানাজায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। এই রক্তকে ধারণ করে আমাদের আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। আন্দোলনের মধ্য দিয়ে পরাজিত করতে হবে এই সরকারকে।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পুলিশের গুলিতে আমার গণতন্ত্রকামী ভাইয়ের রক্ত ঝরেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি করেছে এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিমকে হত্যা করেছে। শুধু আব্দুর রহিম নয়, আমাদের কেন্দ্রীয় নেতাসহ প্রায় শতাধিক নেতাকে গুলি করে আহত করেছে।

bnpDownload

বিএনপি মহাসচিব আরও বলেন, ভোলায় রহিমের রক্তের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এদেশের মানুষ কখনোই আওয়ামী সরকারের দমন নীতিকে ভয় করবে না।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক প্রিন্স, আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
’
স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এনামুল হক শামীম বলেছেন: আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই

স্টক নিউজ বিডি July 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, জেল, জুলুম, নির্যাতন ও রাজপথ থেকে উঠে আসা জনগণের সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বিএনপির কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না।

নাটোরের সিংড়ায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত ‘সিংড়া শহর রক্ষা বাঁধ’ এর উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, নির্বাচন আন্দোলন ও রাজপথে ব্যর্থ এবং পরাজিত হয়ে বিএনপির পরাজিত নেতারা এখন হাঁক-ডাক শুরু করেছে। তাদের মাঠ গরমের অপচেষ্টাও সফল হবে না।

কেউ কেউ মাঠে থাকলে ফেসবুকে দেওয়ার জন্য ছবি তোলেন, এরপর পালানোর পথ খোঁজেন। এসি রুমে বসে বক্তব্য-বিবৃতিতে বেগম খালেদা জিয়ার জন্য বিএনপি নেতারা প্রাণ দেওয়ার বাসনা ব্যক্ত করলেও তার মুক্তির জন্য বাংলাদেশের কোথাও দুইশ লোকের একটি মিছিলও করতে দেখেনি জণগণ। বিএনপির নেতাদের বক্তৃতায় কথার ফুলঝুড়ি থাকলেও তারা রাজপথকে ভয় পায়, আন্দোলনকে ভয় পায়। এখন তারা জনগণকেও ভয় পায়। বিএনপিতো নির্বাচনের আগেই হেরে যায়।

অনুষ্ঠানের সভাপতি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধু রাজনৈতিক মুক্তি দিয়েছেন আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তির সংগ্রামকে সফল করেছেন। ডিজিটাল বাংলাদেশের আর্কিটেকচার সজিব ওয়াজেদ জয়ের হাত ধরে ১৩ বছরে বাংলাদেশ আজ উন্নয়নশীল ও প্রযুক্তি-নির্ভর ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম, রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস।

এরআগে নাটোর সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন উপ-মন্ত্রী । এসময় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. সাজেদুর রহমান খাঁন, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

সংবিধান লঙ্ঘনের অপরাধ করছে বিএনপি: কাদের

স্টক নিউজ বিডি July 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সাংবিধানিকভাবে বৈধ ও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারকে অবৈধ অভিহিত করে বিএনপি বারবার সংবিধান লঙ্ঘনের অপরাধ করছে বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৪ জুলাই) গণমাধ‌্যমে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব‌্যের পাশাপাশি তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিনিয়ত মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বক্তব‌্য দিচ্ছে উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদও জানান।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি দেশের জনগণকে আতঙ্কিত করে। কারণ তারা গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের নামে জনগণের ওপর যে ভয়াবহ অগ্নি সন্ত্রাস চালিয়েছিল, তার দগ দগ ক্ষত এখনও দেশবাসীর মানসপটে অমলিন।

তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করতে বদ্ধপরিকর। দেশের গণতন্ত্র হারিয়ে যায় নাই যে তা ফিরিয়ে আনতে হবে। বরং প্রতিষ্ঠার পর থেকেই বিএনপির সব কর্মকাণ্ড আবর্তিত হয়েছে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী ধারায়।

‘গণতন্ত্র ধ্বংসই শুধু নয়, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে। স্বৈরতন্ত্রের প্রতিভূ বিএনপিই এদেশের গণতান্ত্রিক মূল্যবোধ, সংস্কৃতি ও আদর্শ প্রতিষ্ঠার প্রধান অন্তরায়। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের স্বাধিকার থেকে স্বাধীনতা এবং ভোট তথা ভাতের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্ন সংগ্রাম করে আসছে’, বলেন তিনি।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সর্বদাই জনগণকে সঙ্গে নিয়ে পথ চলে। আওয়ামী লীগ জনগণের প্রভু নয়, সেবক হয়ে থাকতে চায়। বর্তমান সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী কারো বিরুদ্ধে গায়েবি মামলা দেয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গায়েবি মামলার কথা বলে রাজনীতিতে গায়েবি আওয়াজ তোলার অপচেষ্টা করছেন।

‘যেহেতু জনগণের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই, সেহেতু তারা গায়েবি ও ষড়যন্ত্রের রাজনীতিতেই আস্থা রাখে। রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে দুর্নীতির স্বর্গরাজ্য বিস্তার ও ক্ষমতার দম্ভ দেখিয়ে গণবিরোধী অবস্থানের কারণে বিএনপি জনবিচ্ছিন্ন রাজনৈতিক অপশক্তি হিসেবে চিহ্নিত।’

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগই প্রমাণ করেছে রাষ্ট্র ক্ষমতা দম্ভ প্রদর্শনের জন্য নয়, ক্ষমতা দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন‌্য। সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো অপশক্তির ষড়যন্ত্র বাংলাদেশের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫ কোটি টাকা

  • ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন: ৩০–৪০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য