Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিএনপি

বিএনপি

অবশেষে সরকারবিরোধী ‘বৃহত্তর জাতীয় ঐক্য’ গড়তে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে বিএনপি

স্টক নিউজ বিডি May 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ নানা জল্পনা-কল্পনার পর অবশেষে সরকারবিরোধী ‘বৃহত্তর জাতীয় ঐক্য’ গড়তে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করলেও গতকাল মঙ্গলবার প্রথম নাগরিক ঐক্যের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসে দলটি। নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবির পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী জুন মাসের মধ্যেই সংলাপের মাধ্যমে ‘ঐক্যবদ্ধ আন্দোলনে’র রূপরেখা চূড়ান্ত করবে তারা। সোমবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করতে স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে তিনটি টিম গঠন করছে দলটি।
অবশ্য আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যফন্ট ও ২০ দলীয় জোট বিলুপ্ত ঘোষণা না করেই নতুন সরকারবিরোধী জোট গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ দাবিতে ‘জাতীয় ঐক্য’ সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা প্রণয়নে বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন। তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে চূড়ান্ত রূপরেখা তৈরি করবেন তাঁরা।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপির মূল দাবিগুলো হচ্ছে- বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও তাদের অধীনে নির্বাচন, সংসদ বাতিল করে নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন এবং খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির এসব দাবি নিয়ে অন্যান্য দলের সঙ্গে আলোচনা করবেন।

আলোচনার মধ্য দিয়ে তাঁদের অন্যান্য দাবি নিয়ে একক দাবিনামা তৈরি করা হবে। একক দাবির পরিপ্রেক্ষিতে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করবেন।

সংলাপের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার। এই ফ্যাসিবাদী সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং দেশের অর্থনীতি, সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। সেসব প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, ভোটের অধিকার প্রতিষ্ঠাই এই ঐক্যের মূল লক্ষ্য। এ জন্য আন্দোলনের বিকল্প নেই। এ আন্দোলন তৈরি করতে ঐক্য সৃষ্টির লক্ষ্যে আলোচনার উদ্যোগ নিয়েছেন তাঁরা।

এই ঐক্যজোটের নামকরণ কী হবে- জানতে চাইলে তিনি বলেন, আমরা একে জোট বলছি না, অন্য কোনো কিছু বলছি না। আলোচনার মধ্য দিয়েই একটি কাঠামো দাঁড় করানো হবে।

আলোচনা কি ২০ দলীয় জোটের সঙ্গে হবে, না অন্যান্য দলের সঙ্গেও হবে- এ রকম প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবার সঙ্গেই হবে। জামায়াতে ইসলামীর সঙ্গে হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কথা তো বলতে হবে। তাদের সঙ্গে কথা না বললে কেমন করে হবে।

২০ দলীয় জোট থাকবে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ২০ দলীয় জোট তো আমরা এখন পর্যন্ত বিলুপ্ত করিনি। এই জোটের কী হবে, সেটা এই আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত করা হবে।

রূপরেখার খসড়া প্রণয়ন :বিএনপির নীতিনির্ধারক সূত্র জানিয়েছে, নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে দলীয় নেতা, সমমনা দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা করেছে বিএনপি। আলোচনার মাধ্যমে একটি খসড়া রূপরেখা তৈরি করেছেন তাঁরা। তিন পৃষ্ঠার এই খসড়া রূপরেখা নিয়ে প্রথমে ইস্যুভিত্তিক নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনের প্রস্তাব করেছে বিএনপি। দলীয় ব্যাপারে আন্দোলনের কর্মসূচির একপর্যায়ে ঐক্যবদ্ধভাবে এক মঞ্চ থেকেও আন্দোলনের প্রস্তাব রয়েছে দলটির।

নাম প্রকাশ না করে বিএনপির একজন নেতা জানিয়েছেন, যেসব রাজনৈতিক দল গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে, তাদের সবাইকে নিয়ে বিরোধী জোট আসন বণ্টনের মাধ্যমে নির্বাচন করবে। নির্বাচনে বিরোধী জোট বিজয়ী হলে, জোটের কোনো দলের শীর্ষ নেতা পরাজিত হলেও তাঁকে সরকারের অংশীদার হিসেবে রাখার আশ্বাস রয়েছে।

বিএনপির ওই নেতা আরও জানান, বিএনপির খসড়া রূপরেখার সঙ্গে অন্যান্য দলের গ্রহণযোগ্য মতামত যুক্ত করা হবে। সবার লক্ষ্য যখন এক হবে, তখন রূপরেখার শর্তাবলি পরিবর্তন ও পরিবর্ধন কোনো সমস্যা হবে না। বিএনপি দেশপ্রেমিক রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে যথাযোগ্য সম্মান ও মূল্যায়ন অতীতেও দিয়েছে এবং ভবিষ্যতে দেবে।

যেসব দলের সঙ্গে সংলাপ :প্রথম দফায় আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য, রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বাধীন ভাসানী অনুসারী পরিষদ, জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন, হাসনাত কাইয়ুমের নেতৃত্বাধীন রাষ্ট্র সংস্কার আন্দোলন সঙ্গে সংলাপ হবে।

জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের বড় কয়েকটি শরিক দল, কমিউনিস্ট পার্টিসহ বাম দল, বিভিন্ন ইসলামী দলও রয়েছে। প্রাথমিকভাবে ১৪টি দলের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনের সঙ্গে সংলাপে বসবে বিএনপি।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সমকালকে বলেন, বর্তমান স্বৈরশাসক আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করে গণতন্ত্র পুনরুদ্ধারে যেসব রাজনৈতিক দল আন্দোলন করছে, তাদের সঙ্গে আলোচনা করবেন তাঁরা। তাঁরা আশা করছেন, আগামী দু-তিন সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে আলোচনা শেষ হবে। আলোচনার মাধ্যমে আন্দোলনের একটি চূড়ান্ত রূপরেখা তৈরি করতে পারবেন তাঁরা।

কী হবে ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের? :নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্যে সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক জোটের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করলেও বিদ্যমান জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট বিলুপ্ত ঘোষণা করেনি বিএনপি। অবশ্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিভিন্ন দলের সঙ্গে আলোচনার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাঁরা।
অবশ্য সংলাপের প্রথম দিনই গতকাল বিগত নির্বাচনের আগে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক নাগরিক ঐক্যের সঙ্গেই বৈঠক করলেন বিএনপি নেতারা। অথচ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ায় বিএনপি কাকে সঙ্গে রাখবে- তা এখনও স্পষ্ট নয়। অবশ্য বিগত নির্বাচনী জোটে ড. কামাল হোসেনের নেতৃত্ব নিয়ে বিএনপির ভেতর এখনও কিছুটা অসন্তোষ রয়েছে। এ পরিস্থিতিতে নতুন রাজনৈতিক মিত্রের সন্ধানে সংলাপ শুরু করল দলটি।

২০ দলীয় জোটের শরিক এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম গতকাল সমকালকে বলেন, এ আনুষ্ঠানিক সংলাপ বিএনপির দীর্ঘদিনের প্রস্তুতির ফল। বিভিন্ন মঞ্চ থেকে গণতন্ত্রের জন্য আন্দোলন হতে পারে। এতে ২০ দলের গুরুত্বপূর্ণ দলগুলোও থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত ইস্যুটি এখন অনেক দল মুখ্য হিসেবে দেখছে না।

নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপ :নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, তাঁরা একটা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছেন। এটিকে একটা যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য তাঁরা কাজ করছেন। আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। আশা করছি, এর রেশ ধরে বাকি দলগুলোর সঙ্গেও আলোচনা ফলপ্রসূ হবে। এর মাধ্যমে একটা যৌথভাবে আন্দোলনের সূচনা করতে পারব এবং খুব শিগগির এই কাজ করতে পারব।
বৈঠক সূত্র জানায়, আলোচনার সব ইস্যুতে উভয় দলের নেতারাই একমত পোষণ করেন। এর পরিপ্রেক্ষিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সব বিষয়ে যেহেতু সবাই একমত, তাহলে ঐক্য প্রক্রিয়ায় বাধা থাকে না। তাই যত দ্রুত সম্ভব ঐক্যকে বাস্তবিক রূপ দিতে হবে। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দু’দলের দুই মত থাকলেও আলোচনার ইস্যুতে এই এজেন্ডাকে উভয় পক্ষ এড়িয়ে গেছে। এ বিষয়কে প্রাধান্য না দিতে দুই দলের নেতারাই একমত হন।
সূত্র জানায়, আরও অন্তত এক দফা বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে প্রধান দল বিএনপি অন্য দলগুলোর সঙ্গে প্রাথমিক বৈঠক সম্পন্ন করে তাদের মতামত নেবে। পরে ঐক্য ও আন্দোলনের চূড়ান্ত রূপরেখা তৈরির আগে বৈঠক করার বিষয়ে একমত হন নেতারা।

বৈঠকে মাহমুদুর রহমান মান্না বলেন, সব ইস্যুর প্রধান ইস্যু হচ্ছে এই সরকারের পতন। সেটাকেই প্রধান গুরুত্ব দেওয়া দরকার। এরপর যেসব এজেন্ডা রয়েছে, সেগুলোর সমাধান চলে আসবে। তাই যত দ্রুত সম্ভব ঐক্য গড়ে তোলার বিষয়ে বিএনপি নেতাদের তাগাদা দেন তিনি।

কী আলোচনা হয়েছে- তা ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, আলোচনার প্রধান বিষয় হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার। নির্বাচন-পরবর্তী জাতীয় সরকার গঠনও আলোচনার বিষয়বস্তু ছিল।

খালেদা জিয়াসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, গায়েবি মামলা ও যাঁদের আটক করে রাখা হয়েছে, তাঁদের মুক্তির বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সঙ্গে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

নাগরিক ঐক্যের নেতৃত্ব দেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। উপস্থিত ছিলেন দলটির উপদেষ্টা এস এম আকরাম, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব, জিল্লুর চৌধুরী দিপু, ডা. জাহেদ উর রহমান, কেন্দ্রীয় নেতা আবু জাহেদ মোহাম্মদ সারওয়ার, আনিসুর রহমান খসরু, মাহবুব মুকুল প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিএনপি

আট ঘাট বেঁধে মাঠে নামার প্রস্তুতি বিএনপির

স্টক নিউজ বিডি February 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সরকারবিরোধী শক্তি বাড়াতে বৃহত্তর ঐক্য গঠন করতে চান তারা। গতকাল বিকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ৯টি দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বৃহত্তর ঐক্যের স্বার্থে বিএনপি কোনো উদ্যোগ নিলে তাতে ২০ দলের সমর্থন থাকবে কি না, সে সম্পর্কে শরিকদের মনোভাব জানার চেষ্টা করা হয়। বিকাল ৪টা থেকে প্রায় দুই ঘণ্টা বৈঠক হয়। এতে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শাহাদাত হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) খন্দকার লুৎফুর রহমান, ইসলামী ঐক্যজোটের শওকত আমিন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) আবু তাহের, বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় দলের এহসানুল হুদা, সাম্যবাদী দলের নুরুল ইসলাম, মুসলিম লীগের জুলফিকার বুলবুল উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা না বলার জন্য নির্দেশনা থাকায় কেউ নাম উদ্ধৃত করে বক্তব্য দিতে রাজি হননি। তবে বৈঠকে উপস্থিত থাকা একাধিক নেতা নাম না প্রকাশ করার শর্তে গণমাধ্যমকে জানান, আমরা যা বুঝেছি তা হচ্ছে, বিএনপি একটি বৃহত্তর ঐক্যের জন্য কাজ শুরু করেছে। এ ক্ষেত্রে জামায়াতকে প্রতিবন্ধক মনে করছেন কেউ কেউ। বিএনপি এ প্রতিবন্ধকতা টপকানোর কৌশল খুঁজছে। ঐক্যের স্বার্থে তারা কোনো পদক্ষেপ নিলে ২০-দলের শরিকরা যেন একমত থাকে।’ পাঁচটি প্রতিশ্রুতি নিয়ে সমমনা বিরোধী দলগুলোর সঙ্গে গতকাল থেকে আলোচনা শুরু করল বিএনপি। একসঙ্গে এক দফা আন্দোলন, নির্বাচন ও সরকার গঠন, সরকারের কাঠামো ও পরিচালন পদ্ধতি এবং রাজনৈতিক গুণগত পরিবর্তনের কথা বিএনপির পক্ষ থেকে উপস্থাপন করা হবে। অতঃপর এক দফা দাবির পক্ষে একটি রূপরেখা দিয়ে অভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে যেসব রাজনৈতিক দল একমত পোষণ করে রাজপথে যুগপৎ আন্দোলনে থাকবে, তাদের নিয়েই বৃহত্তর ঐক্য বা জোট গঠন করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইসি গঠনের আইনের ফলাফল হবে ‘যেই লাউ, সেই কদু’: বিএনপি

ইসি গঠন আইনের ফলাফল হবে ‘যেই লাউ, সেই কদু’: বিএনপি

স্টক নিউজ বিডি January 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নজরুল ইসলাম বলেন, অনুগত ও অপদার্থ নির্বাচন কমিশন গঠনের চলমান প্রক্রিয়াকে দলীয় স্বার্থে আইনি রূপ দেওয়ার সরকারি অপপ্রয়াসের ফলাফল হবে ‘যেই লাউ, সেই কদু’। এবার সম্ভবত: হতে যাচ্ছে একটি পচা কদু। বিনাভোটে অনির্বাচিত একটি অবৈধ সরকারের নিকট থেকে জনগণ এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করে না। একটি নিরপেক্ষ, স্বাধীন যোগ্য নির্বাচন কমিশন গঠনের নৈতিক যোগ্যতা ও সামর্থ্য আছে শুধু একটি নির্বাচিত সরকারের।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সোমবার (১৭ জানুয়ারি) রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা-পর্যালোচনা শেষে যেসব প্রস্তাব ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, গত প্রায় ১ যুগ ধরে আমাদের দলের যেসব নেতাকর্মী গুম ও খুন হয়েছেন, তারা স্বেচ্ছায় আত্মগোপন করেছেন মর্মে নিখোঁজ ও মৃত নেতাকর্মীদের নিকটাত্মীয়দের কাছ থেকে স্বীকারোক্তি লিখে নেওয়ার সরকারি নির্মম অপপ্রয়সে সভ্যতা, মানবতা এবং ন্যায়বিচারের সব মর্মবাণী ও মূল্যবোধকে অগ্রাহ্য এবং ক্ষমতার অপপ্রয়োগের এক নতুন কলংকময় দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। বিএনপি এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলছে যে, এমন ঘৃণ্য অপচেষ্টা সরকারের আত্মরক্ষার হাতিয়ার নয় বরং তার দানবিক পরিচয় স্পষ্টতর করেছে।

নজরুল ইসলাম বলেন, দেশের ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহে চলমান অনিয়ম, দুর্নীতি, লুটপাট এবং এসব প্রতিরোধের প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংকের সহায়ক ভূমিকা পালনের একাধিক ঘটনা দেশের অর্থনৈতিক খাতে গচ্ছিত জনগণের সম্পদ মারাত্মক ঝুঁকির সম্মুখিন হওয়ার বিষয়টি সভায় আলোচিত হয় এবং সভায় জাতীয় স্বার্থে এ বিষয়ে তথ্য নির্ভর বাস্তব চিত্র জনগণের সামনে উপস্থাপনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, সভায় আগামী ২৫ জানুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সব মহানগর ও জেলায় মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ ফসল গণতন্ত্রকে জবাই করে একদলীয় অগণতান্ত্রিক স্বৈরশাসন জারির দিনটিকে ‘বাকশাল দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি ওই দিন সারা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত দলমত নির্বিশেষে গণতন্ত্রমনা বাংলাদেশিদের অংশগ্রহণে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের আয়োজন করবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিয়ে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমরা ওই নির্বাচনে অংশগ্রহণ করিনি, সুতরাং ওই নির্বাচন নিয়ে বলার কিছু নেই।

তবে, ওই নির্বাচনও সারা দেশের অন্যান্য নির্বাচনের মতোই হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আমার ভাইকে কোনো ব্যক্তিগত কারণে হত্যা করা হয়নি: তৈমুর

বিএনপি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন : তৈমূর

স্টক নিউজ বিডি January 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এ বিষয়ে তৈমূর আলম খন্দকার সোমবার তিনি সাংবাদিকদের বলেছেন, ‘চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার বিষয়ে দল থেকে এখনো আমাকে কিছু জানায়নি। যদি এটা সত্য হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। এখন রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালাদের তৈমূর, তাদের কাছে ফিরে যাবো। আমি এখন জনমানুষের তৈমূর, গণমানুষের কাছে ফিরে যাবো।’

তিনি আরো বলেন, ‘২০১১ সালে দল নমিনেশন দিয়েছিল। সেবার দল সিদ্ধান্ত দিয়েছিল। তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে আমি নির্বাচন থেকে পাঁচ ঘণ্টা আগে সরে গেছি। আমি আজ পর্যন্ত আমার দলকে প্রশ্ন করিনি কেন আমাকে সরিয়ে দেয়া হলো, কেন প্রত্যাহার করা হলো।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফেনী শহরে চলছে ১৪৪ ধারা পুলিশের সাথে বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া

ফেনী শহরে চলছে ১৪৪ ধারা পুলিশের সাথে বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফেনী পৌর এলাকায় আজ সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা চলছে। শহরের ওয়াপদা মাঠে আজ জেলা বিএনপি ও জেলা যুবলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় উক্ত স্থানসহ সমস্ত পৌর এলাকায় গতকাল রাতে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক। সকালে শহরের ইসলামপুর রোড থেকে বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরবর্তীতে বিএনপি নেতৃবৃন্দ তাকিয়া রোডস্থ ফেনীর পাগলা বাবার মাজারের সামনে সংক্ষিপ্ত সভার আয়োজন করেন। এতে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত উপদেষ্টা ও ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন (ভিপি জয়নাল), কেন্দ্রীয় বিএনপি নেতা রফিকুল আলম মজনু, বেলাল হোসেনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, আমাদের সমাবেশ করার কথা ছিল ২৮ ডিসেম্বর। সেইদিন আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীর জানাজা হওয়ায় সমাবেশ স্থগিত করে পরের দিন সমাবেশ করার কথা জেলা প্রশাসক বলেছিলেন। কথা অনুযায়ী আবেদনও করি। এখন এখানে আরেকটি দলের কর্মসূচি ঘোষণা করা অন্যায়। এটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেয়ার পায়তারা।

জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজিব চৌধুরী জানান, আমরা উক্ত স্থানে কর্মী সমাবেশ করার জন্য জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়েছি। আমরা যে কোনোভাবে সেখানে কর্মী সমাবেশ করবো।

প্রসঙ্গত; বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে ফেনীর ওয়াপদা মাঠে বিএনপির জনসমাবেশ ঘিরে তারা বেশ কয়েকদিন ধরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পদত্যাগ করলেন বিএনপির ৫৭৭ নেতা

পদত্যাগ করলেন বিএনপির ৫৭৭ নেতা

স্টক নিউজ বিডি December 27, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতির প্রতিবাদে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার ১৬টি ওয়ার্ড ও অঙ্গসংগঠনের ৫৬১ নেতা পদত্যাগ করেছেন। এ নিয়ে দুই দিনে দলটির ৫৭৭ নেতা পদ ছাড়লেন। তাঁকে সরিয়ে দেওয়ার পর দিনই গতকাল রবিবার নগরীর পাঁচ থানা কমিটি বিলুপ্ত করেছে সদ্য ঘোষিত মহানগর আংশিক আহ্বায়ক কমিটি।

গতকাল রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমে বিএনপি নেতা আরিফুজ্জামান অপু ও আসাদুজ্জামান মুরাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গতকাল বিকেলে দলীয় কার্যালয়ে আংশিক ঘোষিত আহ্বায়ক কমিটি সভা করে। ওই সভা থেকে মহানগরের পাঁচ থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। থানা কমিটিগুলো মঞ্জু অনুসারীদের দখলে ছিল। রাতে নগর কমিটির নেতারা থানা কমিটি বিলুপ্তির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। নগর আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা সভায় সভাপতিত্ব করেন।

মঞ্জুকে অব্যাহতির প্রতিবাদে দুই দিনে দল ও অঙ্গসংগঠনের ৫৭৭ নেতা পদত্যাগ করেন। এঁদের মধ্যে রয়েছেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনাডাঙ্গা থানা বিএনপির উপদেষ্টা ইস্তিয়াক উদ্দিন লাভলু, জাসাসের আহ্বায়ক মেহেদী হাসান দিপু, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি, শিল্পবিষয়ক সম্পাদক সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বনি, সদর থানা বিএনপির যোগাযোগ সম্পাদক সেলিম বড় মিয়া, সোনাডাঙ্গা থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন খোকন, এস এম শাহজাহান, সাদিকুর রহমান সবুজ, শেখ শওকত হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, ১৬ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ জামিরুল ইসলাম জামিল, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামালসহ ২৫০ নেতা।

এ ছাড়া খুলনা সদর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল খান কালাম, সাধারণ সম্পাদক অধ্যাপক আরিফুজ্জামান অপু, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু, ২১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শেখ কামাল উদ্দিন, ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি কাউন্সিলর শমসের আলী মিন্টু, সহসভাপতি ওমর ফারুক ও ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ ৩১১ নেতা পতদ্যাগ করেছেন। আগের দিন শনিবার দলটির সদ্য বিলুপ্ত নগর কমিটির যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. মাহবুব কায়সার, কোষাধ্যক্ষ এস এম আরিফুর রহমান মিঠুসহ ১৬ নেতা পদত্যাগ করেন।

দলের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. মাহবুব কায়সার বলেন, ‘১৯৭৮ সাল থেকে ৪৩ বছরের রাজনৈতিক জীবনে আমি সব আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। মিথ্যা মামলারও শিকার হয়েছি। কিন্তু বর্তমানে খুলনা মহানগর কমিটি পুনর্গঠনের মাধ্যমে খুলনা বিএনপির সর্বোচ্চ নেতা নজরুল ইসলাম মঞ্জুসহ মহানগরের সব সক্রিয় ও যোগ্য নেতাকে যেভাবে বারবার অবমূল্যায়ন ও অপমানিত করা হচ্ছে, তা অকল্পনীয় ও অগ্রহণযোগ্য।’

গত শনিবার দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মহানগর বিএনপির সদ্য সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় কমিটি। এর আগে ৯ ডিসেম্বর কেন্দ্রঘোষিত তিন সদস্যের মহানগর বিএনপির আংশিক কমিটিতে তিনিসহ তাঁর অনুসারীরা বাদ পড়েন।

কমিটি ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। এতে নগরীর পাঁচটি থানা ও ৩১টি ওয়ার্ডের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মঞ্জু নতুন আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দেন। তিনি বিষয়টি পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় কমিটির প্রতি দাবি জানান।

সংবাদ সম্মেলনে মঞ্জু অভিযোগ করেন, ‘ঘোষিত কমিটি দেখে আমরা স্তম্ভিত, বিস্মিত। এ প্রক্রিয়ায় কমিটি আশা করিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা তথ্য দিয়ে বিতর্কিতদের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির মাধ্যমে বিএনপির সমর্থকদের অসম্মান ও অমর্যাদা করা হয়েছে। ১৬ বছরে জেলা পর্যায়ে যাঁরা বিএনপির শক্তিশালী ভিত গড়তে পারেননি, তাঁরা নগরের নেতৃত্বে এসেছেন।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিএনপি

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ লোকদেখানো ও সংবিধানবিরোধী

স্টক নিউজ বিডি December 18, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার বিকাল চারটায় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এ সংলাপ শুরু করবেন তিনি। ইতোমধ্যে আমন্ত্রণের চিঠি পেয়েছে দলটি।

এদিকে এখনো আমন্ত্রণের চিঠি পায়নি মাঠের বিরোধী দল বিএনপি। চিঠি পাওয়ার পর এ ব্যাপারে দলীয় ফোরামে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাষ্ট্রপতির সংলাপে অংশ না নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটির হাইকমান্ড।

বিএনপির অংশ নেওয়ার সম্ভাবনা না থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের মিত্র দলগুলো সংলাপে অংশ নিতে আগ্রহী।

ইসি গঠনে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মতো মো. আবদুল হামিদও একই প্রক্রিয়া অনুসরণ করে আসছেন। আওয়ামী লীগ ও বিএনপিসহ নির্বাচন কমিশনে নিবন্ধিত দল এখন ৩৯টি।

বর্তমান নির্বাচন কমিশন গঠনে ২০১৬ সালের ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংলাপ শুরু করেছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক মাস ধরে ৩১টি দলের সঙ্গে আলোচনা করেন তিনি। তবে এবারও ৩১টি দলকেই আমন্ত্রণ জানানো হবে। সেক্ষেত্রে একাধিক দল নিয়ে একই দিনে সংলাপ করতে পারেন রাষ্ট্রপতি।

জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, নির্বাচন কমিশন গঠনে আমরা সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছি। সরকারের একাধিক মন্ত্রীও আইন প্রণয়নের কথা বলেছেন। তারপরও মহামান্য রাষ্ট্রপতি অতীতের মতো এবারও ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন। তাতে আপত্তি নেই। আমরা ইতোমধ্যে আমন্ত্রণের চিঠি পেয়েছি। সোমবার বিকাল চারটায় আমাদের সঙ্গে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংলাপ হবে। সেখানে আমাদের বক্তব্য তুলে ধরব।

জানা গেছে, মাঠের বিরোধী দল বিএনপি শুক্রবার পর্যন্ত আনুষ্ঠানিক চিঠি পায়নি। চিঠি পাওয়ার পর দলের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে যাওয়া না যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তবে দলের একাধিক নীতিনির্ধারকের নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে এবার রাষ্ট্রপতির ডাকা সংলাপে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিষয়টি নিয়ে ইতোমধ্যে দলীয় ফোরামে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। সেখানে বেশির ভাগ নেতাই সংলাপে না যাওয়ার পক্ষে মত দিয়েছেন। সবার মতামতের পর সংলাপে অংশ না নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে হাইকমান্ড।

সংলাপে না যাওয়ার যুক্তি তুলে ধরে স্থায়ী কমিটির এক নেতা জানান, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ লোকদেখানো ও সংবিধানবিরোধী। এতে কাজের কাজ কিছুই হয় না। তাই এসব সংলাপে অংশ নিয়ে এর গুরুত্ব বাড়িয়ে দেওয়ার কোনো মানে নেই।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপ নিয়ে আমরা এখনো কোনো আলোচনা করিনি। তাছাড়া আনুষ্ঠানিক আমন্ত্রণও এখনো পাইনি। পেলে দলীয় ফোরামে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, অতীতে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এমন সংলাপ করেছেন। এরপর সার্চ কমিটিও করেছেন। কিন্তু এসবের ইতিবাচক কোনো ফল পাওয়া যায়নি। সংলাপ ও সার্চ কমিটির মাধ্যমে যে কমিশন গঠন করা হয়েছিল তারা পুরোপুরি সরকারের আজ্ঞাবহ ছিলেন। তাদের অধীনে অবাধ ও সুষ্ঠু ভোট হয়নি। তাই ইসি গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সংলাপের প্রতি মানুষের কোনো আগ্রহ নেই। তারা (জনগণ) মনে করছেন সংলাপসহ যা কিছুই হোক শেষ পর্যন্ত সরকারের ইচ্ছার বাইরে গিয়ে কিছুই করা সম্ভব হবে না।

ড. মোশাররফ হোসেন বলেন, এই মুহূর্তে আমরা নতুন ইসি গঠনকে তেমন গুরুত্ব দিচ্ছি না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার। এটা না হলে কোনো নির্বাচন কমিশনের পক্ষেই অবাধ নির্বাচন করা সম্ভব হবে না। তাই দেশবাসীর একমাত্র দাবি হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মির্জা ফখরুল

চলতি মাসেই জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি: মির্জা ফখরুল

স্টক নিউজ বিডি December 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে আগামী বুধবার (২২ ডিসেম্বর) থেকে দেশের জেলা পর্যায়ে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামী ২২ তারিখ থেকে এই কর্মসূচি শুরু হবে, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

প্রথমদিন ঢাকা বিভাগে টাঙ্গাইল, খুলনা বিভাগের যশোর, রংপুর বিভাগের দিনাজপুর, রাজশাহী বিভাগের বগুড়া, সিলেট বিভাগের হবিগঞ্জ ও চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ হবে।

২২, ২৪ ও ২৬ ডিসেম্বর বিভিন্ন বিভাগের জেলা সদরে প্রতিদিন ৬টি এবং ২৮ ও ৩০ ডিসেম্বর প্রতিদিন ৭টি করে সমাবেশ হবে।

এই কর্মসূচি সফল করতে জাতীয় পর্যায়ে কয়েকটি দল গঠন করা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব।

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে মানববন্ধন, সমাবেশ, গণঅনশন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারকলিপি দেওয়ার পর জেলায় জেলায় সমাবেশের কর্মসূচি দিল বিএনপি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

শেখ হাসিনা সরকার বিএনপির হাতে কখনো ইস্যু তুলে দেবে না: কাদের

স্টক নিউজ বিডি November 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এক দফা অথবা ১০ দফা আন্দোলন করুক, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না, কারণ আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না। বিএনপি নেতাদের সরকার পতনের এক দফা আন্দোলন প্রসঙ্গে সোমবার সকালে বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ রাজপথের সংগঠন, আন্দোলন-সংগ্রাম করেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ।

জেল-জুলুম-নির্যাতনের মধ্য দিয়ে গড়ে উঠা জনগণের দাবি আদায়ের সাহসী সংগঠন আওয়ামী লীগ এমনটা মনে করে ওবায়দুল কাদের বলেন, অতীতেও দেশবাসী বিএনপির দফাভিত্তিক আন্দোলন দেখেছে, তাদের আন্দোলন রাজপথে নয়, তাদের আন্দোলন হচ্ছে ফেসবুক আর মিডিয়ানির্ভর।

খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনে ব্যর্থ বিএনপির আবার গণআন্দোলনের হুমকির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের এসব হুমকি-ধামকি নিজেদের পদ-পদবি টিকিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, বিএনপি নেতারা তাদের আন্দোলনের সক্ষমতা সম্পর্কে ভালোই জানেন তবুও তারা কর্মী-সমর্থকদের রোষানল থেকে বাঁচতে গণমাধ্যমে লিপ-সার্ভিস দিয়ে যাচ্ছেন অবিরাম।

বিএনপি নেতারা গত এক যুগের বেশি সময় ধরে নানা ইস্যুতে আন্দোলন আর সরকার পতনের হুমকি দিয়ে আসছে, প্রকৃতপক্ষে এসব হুমকি সরকার ও জনগণের মনে কোনো আগ্রহ বা উদ্বেগ সৃষ্টি করতে পারেনি বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার বিএনপির হাতে কখনো ইস্যু তুলে দেবে না, তাই জনগণের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো ইস্যুতে সরকার সব সময়ই সক্রিয় ও তৎপর।

ইউনিয়ন পরিষদের তৃতীয় দফা নির্বাচন আসন্ন এবং চতুর্থ দফা নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া এগিয়ে চলছে, এরপর পঞ্চম ধাপও সমাগত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আবারও দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, দলের মনোনয়নকে উপেক্ষা করে যারা বিদ্রোহ করছেন বা বিদ্রোহীদের উসকানি দিচ্ছেন তাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

যারা সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবে, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত: কাদের

স্টক নিউজ বিডি November 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত, দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

বিএনপি ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র বিএনপিরই মজ্জাগত।

তিনি বলেন, বিএনপি নেতারা একদিকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়, অন্যদিকে বলে স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই। তাদের এ দ্বৈতনীতি বা দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা।

সরকার এবং দেশের যে কোনো ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ- এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে।

ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব বিএনপি ছিল- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপিই তাদেরকে পুনর্বাসন করেছে।

বিএনপি আগুন-সন্ত্রাসের মত মরণঘাতী কর্মসূচির জনক বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

দেশের মানুষ ভালো আছে, শুধু ভালো নেই বিএনপি- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সাধারণ মানুষ আতঙ্কে নেই, বরং সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ এবং বিএনপির আশ্রয়-প্রশ্রয়দাতারা আতঙ্কে আছে। বিএনপি নেতারা অপরাধীদের জন্য মায়াকান্না কাঁদেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫ কোটি টাকা

  • ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন: ৩০–৪০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য