Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রাজনীতি

জিএম কাদের

ঈদের আগেই কর্মজীবীদের বেতন-বোনাস দেওয়ার আহ্বান

স্টক নিউজ বিডি July 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ঈদুল আজহার আগেই গণমাধ্যম, তৈরি পোশাক শিল্প এবং বেসরকারি সকল বিভাগের কর্মীদের বকেয়া বেতনসহ ঈদ বোনাস পরিশোধ করতে অনুরোধ করছি। ঈদের আনন্দ যেন সবার পরিবারে উৎসবমুখর হয়ে ওঠে, সেজন্য দায়িত্বশীলদের আন্তরিক হতে হবে।

সোমবার (৪ জুলাই) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এ আহ্বান জানান‌।

তি‌নি ব‌লেন, বিশ্ব মুসলিম উম্মাহর সামনে পবিত্র ঈদুল আজহা সমাগত। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেরই বাড়িতে ফিরতে হয়। পশু কোরবানি ও প্রিয়জনদের উপহার দিতে ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত খরচ করতে হয় সকলকে। এমন বাস্তবতায় অনেক প্রতিষ্ঠানে কর্মীদের বেতন বকেয়া আছে। একারণে অনেকেই ধার-দেনায় জর্জরিত। তাই পবিত্র ঈদুল আজহার পূর্বে গণমাধ্যম, তৈরি পোশাক শিল্পসহ সকল বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া বেতন-বোনাসসহ সকল পাওনা পরিশোধ জরুরি।

বেতন ও বোনাস হচ্ছে কর্মজীবী মানুষের অধিকার। তাই শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট হতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

সংবিধান লঙ্ঘনের অপরাধ করছে বিএনপি: কাদের

স্টক নিউজ বিডি July 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সাংবিধানিকভাবে বৈধ ও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারকে অবৈধ অভিহিত করে বিএনপি বারবার সংবিধান লঙ্ঘনের অপরাধ করছে বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৪ জুলাই) গণমাধ‌্যমে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব‌্যের পাশাপাশি তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিনিয়ত মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বক্তব‌্য দিচ্ছে উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদও জানান।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি দেশের জনগণকে আতঙ্কিত করে। কারণ তারা গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের নামে জনগণের ওপর যে ভয়াবহ অগ্নি সন্ত্রাস চালিয়েছিল, তার দগ দগ ক্ষত এখনও দেশবাসীর মানসপটে অমলিন।

তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করতে বদ্ধপরিকর। দেশের গণতন্ত্র হারিয়ে যায় নাই যে তা ফিরিয়ে আনতে হবে। বরং প্রতিষ্ঠার পর থেকেই বিএনপির সব কর্মকাণ্ড আবর্তিত হয়েছে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী ধারায়।

‘গণতন্ত্র ধ্বংসই শুধু নয়, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে। স্বৈরতন্ত্রের প্রতিভূ বিএনপিই এদেশের গণতান্ত্রিক মূল্যবোধ, সংস্কৃতি ও আদর্শ প্রতিষ্ঠার প্রধান অন্তরায়। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের স্বাধিকার থেকে স্বাধীনতা এবং ভোট তথা ভাতের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্ন সংগ্রাম করে আসছে’, বলেন তিনি।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সর্বদাই জনগণকে সঙ্গে নিয়ে পথ চলে। আওয়ামী লীগ জনগণের প্রভু নয়, সেবক হয়ে থাকতে চায়। বর্তমান সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী কারো বিরুদ্ধে গায়েবি মামলা দেয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গায়েবি মামলার কথা বলে রাজনীতিতে গায়েবি আওয়াজ তোলার অপচেষ্টা করছেন।

‘যেহেতু জনগণের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই, সেহেতু তারা গায়েবি ও ষড়যন্ত্রের রাজনীতিতেই আস্থা রাখে। রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে দুর্নীতির স্বর্গরাজ্য বিস্তার ও ক্ষমতার দম্ভ দেখিয়ে গণবিরোধী অবস্থানের কারণে বিএনপি জনবিচ্ছিন্ন রাজনৈতিক অপশক্তি হিসেবে চিহ্নিত।’

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগই প্রমাণ করেছে রাষ্ট্র ক্ষমতা দম্ভ প্রদর্শনের জন্য নয়, ক্ষমতা দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন‌্য। সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো অপশক্তির ষড়যন্ত্র বাংলাদেশের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রিজভী

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান জনগণ প্রত্যাখ্যান করেছে: রিজভী

স্টক নিউজ বিডি July 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ পদ্মা সেতুর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘গতকাল একটি সংবাদের ওপর আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে যে, অবৈধ সরকারের তথ্যমন্ত্রী বলেছেন- পদ্মা সেতুর উদ্বোধনের পরে নাকি আমাকে দেখা যায়নি। আমি ওনাকে বিনয়ের সঙ্গে বলতে চাই- মানুষ যখন পানিতে ভাসছে, হাহাকার করছে, মানুষের সহায় সম্বল যখন ভেসে যাচ্ছে, তখন আপনাদের পদ্মা সেতুর জাকজমক পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান জনগণ প্রত্যাখ্যান করেছে। মানুষ মনে করেছে এটা গোটা জাতির সামনে একটা তামাশা।’

রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আমি তথ্যমন্ত্রীকে একটা কথা বলতে চাই- আপনারা পদ্মা সেতুর তথাকথিত জাঁকজমক পূর্ণ যে উদ্বোধন করলেন গোটা জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, তাদের সঙ্গে রসিকতা করে, সেই অনুষ্ঠানেও কিন্তু আপনাদের অনেক ঘনিষ্ঠ জনকে দেখা যায়নি। সেখানে আপনাদের বিরোধী দলের কোনো নেতাকর্মীকেও আমরা দেখিনি।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আমরা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনার মেয়ের জামাইকেও দেখলাম না। তার (প্রধানমন্ত্রীর) ছেলে সজিব ওয়াজেদ জয়কেও দেখলাম না। সবচেয়ে বড় কথা- সবসময় যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকেন, তার বোন শেখ রেহেনাকেও কেন দেখলাম না? বাংলাদেশের কোনো বিশিষ্টজনকেও আমরা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দেখিনি।’

তিনি আরও বলেন, ‘যে সেতু থেকে সাবেক প্রধানমন্ত্রীকে টুস করে ফেলে দেওয়ার কথা বলা হয়, দেশের একজন গুণীজনকে চুবানি দেওয়ার কথা বলা হয়, সেই সেতুর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেশের মানুষ ভালভাবে দেখেনি।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dr-zafarullah

দুই দিনের মধ্যে সব আলেম, রাজনৈতিক কর্মীদের মুক্তি দিতে হবে, অন্যথায় হাইকোর্ট ঘেরাও করা হবে: জাফরুল্লাহ চৌধুরী

স্টক নিউজ বিডি July 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আলেম-ওলামাসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে ১০ হাজার লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেছেন, ‘দুই দিনের মধ্যে সব আলেম, রাজনৈতিক কর্মী, খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিতে হবে। অন্যথায় ১০ হাজার লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও করা হবে। ওদের জামিন ছাড়া এবার হাইকোর্টে কোনো জামাত হবে না।’

রোববার (৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন। ‘হয়রানিমূলক মামলায় রাজবন্দি ও ধর্মীয় দীর্ঘ কারাবাস, নাগরিক সমাজের উদ্বেগ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে গণমতামত কেন্দ্র।

কারাবন্দি হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ আলেম-ওলামাদের মুক্তির দাবি জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, ‘মামুনুল হকের আইনি অধিকার পাওয়ার অধিকার রয়েছে। তার পরিবারকে ১৫ মাসে একবার দেখা করতে দেওয়া হয়েছে। মামুনুল হকসহ অন্য আলেমদের তাদের পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়া জালেমের কাজ।’

তিনি বলেন, ‘হাজী সেলিমকে প্যারলে মুক্তি দিতে পারেন। কিন্তু খালেদা জিয়াকে পদ্মা ব্রিজ দেখতে দিতে পারেন না। তাহলে বিচার কোথায়?’ বিচারপতিদের উদ্দেশ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনি শেখ হাসিনার চাকর না। আপনি জনগণের খাদেম।’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি তাওবা করেন। তাওবা করে বলেন আল্লাহ যা খুশি করেছি এখন মাফ করে দাও আমাকে। আমি একটা স্বচ্ছ নির্বাচন দিতে চাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘চিন্তা করেন, আপনার (প্রধানমন্ত্রী) গাড়ি সামনে, পরে খালেদা জিয়ার গাড়ি, আর তার পেছনে তিন তিন বীর মুক্তিযোদ্ধা দাঁড়ায়া থাকবে। আস্তে আস্তে যাব। এখনও সময় আছে, অন্যদিকে পয়সা খরচ না করে এক পূর্ণিমার রাতে চলেন না যাই! এইটাই হবে বাংলাদেশ। তার আগে মুক্তি দিতে হবে… এনাদেরও (আলেম) নিয়ে যাই।’

‘আপনার নিরাপত্তার দায়িত্ব নিতে চাই আমরা জনগণ। আপনি শেখ মুজিবের মেয়ে, আমার বন্ধু ওয়াজেদ সাহেবের স্ত্রী, আপনার প্রতি দরদ আছে আমাদের। দেশের মানুষও আপনাকে ভালোবাসে।’ যোগ করেন তিনি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বলেন, বাংলাদেশের সংবিধানকে ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডের পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। গত ৫০ বছরে এ সংবিধানে এতো বেশি কাটাছেঁড়া হয়েছে যে মানুষের মনের চাহিদা, আইনের চাহিদা পূরণ করতে পারছে না। একটায় রাস্তা আছে হয় সংবিধানকে সংশোধন করো অথবা পুনরায় আগের জায়গায় নিয়ে যাও অথবা নতুন করে সংবিধান রচনা করো।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি আলেম-ওলামাদের নিঃশর্ত মুক্তি চাই। এই মুক্তির জন্য লড়াইওকে যতোদূর নেওয়া উচিত আমি ততোদূর পর্যন্ত এই দলে যেতেও রাজি আছি। আমি যাদেরকে পারব তাদের নিয়েই এই লড়াই করতে চাই।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এ সরকারের সঙ্গে ন্যূনতম আপসের চিন্তা করে যারা যেকোনো আন্দোলন করছেন তার সঙ্গে আমি নাই। এরা সবচাইতে বেশি ধর্মকে ব্যবহার করেছে।’

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘আমার দৃষ্টি সরকার সবচেয়ে ভঙ্কুর অবস্থার মধ্যে রয়েছে। কিন্তু আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি না থাকার কারণে তারা রিলাক্সে পার পেয়ে যাচ্ছে। আলেম-ওলামা বা সাধারণ মানুষ বলেন, আগামীতে যখন ডাক আসবে পরিস্থিতি তৈরি হবে আমরা জনগণকে সম্পৃক্ত করে রাজপথে থাকব।’

গণ মতামত কেন্দ্রের প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মিন্টু ও সমন্বয়ক মোহাম্মদ শামসউদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, গণফোরামের কেন্দ্রীয় নেতা মহসিন রশিদ, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, সাংবাদিক নেতা বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, আইনজীবী গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার, গণ মতামত কেন্দ্রের সমন্বয়ক মোর্শেদ সিদ্দকীসহ প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নাথাল চুয়ারড

অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশার কথা ইসিকে জানালেন ১৪ রাষ্ট্রদূত

স্টক নিউজ বিডি July 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ জনগণের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশার কথা ইসির কাছে তুলে ধরেছেন দেশের উন্নয়ন সহযোগী ১৪ দেশের কুটনীতিক। রোববার বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয় ইউনিয়নের হাইকমিশনের নেতৃত্বে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টভুক্ত (ওইসিডি) ১৪টি দেশের রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালসহ ইসি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠক শেষে প্রতিনিধি দলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথাল চুয়ারড।

বাংলাদেশের আগামী নির্বাচনের বিষয়ে নাথাল চুয়ারড বলেন, নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত, দেশের গণতন্ত্র আরও কার্যকর ও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টির মাধ্যমে গণমাধ্যম ও সুশীল সমাজের কার্যকর ভূমিকা নিশ্চিতে সহায়ক অবস্থা তৈরি এবং সকল অংশীজনের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা নির্বাচন কমিশনকে যেকোনো প্রকার সহযোগিতা দিতে প্রস্তুত। গণতান্ত্রিক ধারাকে আরও শাণিত করার মধ্য দিয়ে নাগরিকদের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে সহায়তা করতে চায় ওইসিডি সদস্য দেশগুলো।

বৈঠকের বিষয়ে সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেন, ‘উনারা এসেছেন, এটা একটা ট্রাডিশন। আগেও এসেছেন তারই ধাবাবাহিকতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আইন-কানুন, আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা আমাদের কার্যক্রমগুলো জানিয়েছি। উনার সাধারণত গণতান্ত্রিক মূল্যবোধের ওপর জোর দিয়ে থাকেন। সেজন্যই উনারা ইলেকশনটা যদি ইনক্লুসিভ, একসেপ্টবল, ফ্রি এবং ফেয়ার হয়, তাহলে উনারাও খুশি হবেন, পুরো দেশবাসী খুশি হবেন এই আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা আমাদের দিক থেকে ইলেকশন কমিশন হিসেবে আমাদের যা যা করণীয় আমরা করবো। উনারা প্লিজড। বলেছি ভবিষ্যতেও যখন প্রয়োজন হয়, আসবেন।’

রোববার বেলা তিনটায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠকে উপস্থিত ছিলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব, রাশিদা সুলতানা ও মো. আলমগীর। বিশ্বের ৩৮টি দেশ ওইএসডি’র সদস্য হলেও আজ ১৫টি দেশের প্রতিনিধিদের আসার কথা ছিল। তবে অষ্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর আসেননি। যার ফলে বৈঠকে ১৪টি দেশের প্রতিনিধি ছিলেন।

যেসব রাষ্ট্রদূত আজ বৈঠকে ছিলেন তারা হলেন- ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাস, কানাডার হাইকমিশনার লিলিও নিকোলস, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, ফ্রান্সের সহকারী রাষ্ট্রদূত গুইলাম অড্রেন ডি কেরড্রেল, জার্মানির রাষ্ট্রদূত আছিম ট্রস্টার, ইতালির রাষ্ট্রদূত এনরিকোনুনজিয়াটা, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এনি গিয়ার্ড ভ্যান লিউয়েন, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিটেজ সালাস, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তোরান ও জাপানের হেড অব মিশন ইয়ামায়া হিরোয়ুকি।

বৈঠকে সহযোগিতার বিষয়ে প্রতিনিধিরা কিছু বলেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন- ওনারা যেটা বলেছেন সহযোগিতা করার কথা। আমরা চট করেই নিজেরা কিছু বলিনি। আমরা বলেছি আমরা নিজেদের মধ্যে আলোচনা করে দেখবো। কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যদি প্রয়োজন হয়, তাহলে আমরা তাদের জানাবো।

কী ধরনের সযোগিতা করবে, এই প্রশ্নের জবাবে সিইসি বলেন- আমরা বলেছি সেটা আমরা বিবেচনা করে দেখবো। আমরা এখনো সহযোগিতা চাইনি।

সক্ষমতা বাড়ানোর সহযোগিতা নাকি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ইলেকশন রিলেটেড। সেটা হতে পারে ভোটার এজুকেশন, ইসির সক্ষমতা বৃদ্ধি বিষয় হতে পারে। আমি তো বলেছি আমরা ওনাদের জানাইনি এখনও। আমরা যদি মনে করি কোনো রকম সহযোগিতা বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বা ট্রেনিং প্রয়োজন হবে, তখন তাদের জানাবো। এজন্য নিশ্চিত করে বলতে পারছি না কী ধরনের সহযোগিতা ওনারা দেবেন বা আমরা কী ধরনের সহযোগিতা চাইবো। তারা পর্যবেক্ষকের কথা বলেছেন-আমরা বলেছি আমাদের দিক থেকে কোনো বাধা নেই। তবে এ বিষয়ে ডিপ্লোম্যাটিকলি আলোচনা করে দেখতে পারেন। ফরেন অবজারভারদের বিষয়ে আপনারা ফরেন মিনিস্ট্রিতে একটু কথা বলে দেখতে পারেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্বের বিষয়ে কোনো কথা বলেছেন কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ওনারা তেমন কিছু বলেননি। তারাও খুব ভালো করেই জানেন এখনও কিছু কিছু দল ঘোষণা দিয়ে যাচ্ছে তারা নির্বাচনে অংশ নেবে না। ওনারাও বিশ্বাস করেন, আমরাও চেষ্টা করে যাব, যেন ঐক্যমত প্রতিষ্ঠিত হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ড. মোশাররফ

মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের কোনো পরিকল্পনা নেই : খন্দকার মোশাররফ

স্টক নিউজ বিডি June 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ দেশের বানভাসি মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক গোলটেবিল আলোচনায় সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি এই অভিযোগ করেন।

সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টারের উদ্যোগে ‘বাংলাদেশ-ভারতের মধ্যে পানি বণ্টনের ইস্যু’ শীর্ষক এই গোলটেবিল আলোচনা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন মোস্তফা কামাল মজুমদার।

তিনি বলেন, ‘আজকে বন্যার্তদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সেখানে মানুষ কী পরিমাণ মানবেতর জীবন-যাপন করছেন আপনারা পত্র-পত্রিকায় দেখেছেন, মিডিয়ায় দেখেছেন। সরকারের পক্ষ থেকে সেরকম.. যে প্রলয়ঙ্করী বন্যা হয়েছে তা মোকাবেলায় যেভাবে এগিয়ে আসার কথা ছিল, যে পরিকল্পনা থাকার কথা ছিল- আমরা লক্ষ্য করেছি সরকারের কোনো পরিকল্পনা নেই। তারা অন্য কাজে ব্যস্ত ছিল। দুর্ভাগ্য জনগণের। জনগণের ভোটের সরকার যদি না হয় তাহলে জনগণের কষ্ট হয়। সে সরকারের কাছে জনগণের দুঃখ প্রাধান্য পায় না, পায় ব্যক্তিস্বার্থ ও গোষ্ঠীস্বার্থ।’

বাংলাদেশের নদ-নদীর পানি প্রবাহের প্রসঙ্গ টেনে সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ বলেন, ‘কিছুদিন আগের আমাদের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে লোকদেখানো জেআরসি মিটিং করেছেন। সেই মিটিংয়ে কী করেছেন? জয়েন্ট রিভার কমিশনের কোনো রিপোর্ট ছাড়া যে তারা লিপ সার্ভিস একটা দিলেন- এটা আসলে বাংলাদেশের মানুষকে প্রতারণা করা হয়েছে।’

‘বন্যায় বাংলাদেশ তলিয়ে গেছে, মানুষ মানবেতর জীবনযাপন করছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে এখন পর্যন্ত ভালো করে এর হিসাব দেয়া হচ্ছে না। সব গেইট ভারত এই বর্ষাকালে খুলে দিয়েছে। যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে। যখন আমাদের পানি প্রয়োজন, আমার জীবিকা, আমার জীবন রক্ষার জন্য তখন উজানে পানি অন্যদিকে আমাদেরকে এই বাংলাদেশকে মরুকরণ করে দেয়া হচ্ছে,’ বলেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের নদীর তলদেশ গভীরতা হারাচ্ছে এবং বেসিনের গভীরতা হারাচ্ছে। আপনারা পত্র-পত্রিকায় দেখেছেন সুরমা বেসিনের তলদেশ কী পরিমাণ উঁচু হয়ে গেছে। যার জন্য এবার যে বন্যা হয়েছে, ১২২ বছরেও এরকম বন্যা বাংলাদেশে হয় নাই। কেন হচ্ছে- এই বাঁধের জন্য হচ্ছে। পানি ব্যবস্থাপনার একতরফা যে সিদ্ধান্ত, আমরা যারা নিচের দিকে বসবাস করি এই বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে যে নতজানু নীতি তার জন্য আজকে এটা করা সম্ভব হচ্ছে।’

এই অবস্থা থেকে উত্তরণে জনগণকে সচেতন করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে খন্দকার মোশাররফ বলেন, ‘জনগণকে সচেতন করতে হবে, জনগণের দাবি যদি সোচ্চার হয় অতীতে দেখেছি ফারাক্কা নদীর প্রবাহ নিয়ে ১৯৭৭ সালে চুক্তি করতে হয়েছে। আজকে আমাদেরও ন্যায্য পানির যে অধিকার, পানি পাওয়ার ঐতিহাসিক অধিকার, সেই অধিকার আদায়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।’

তিস্তা নদী পানি বণ্টন চুক্তি এক দশকের না করতে পারায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন তিনি।

সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় জাতিসঙ্ঘের পরিবেশ বিষয়ক সাবেক উপদেষ্টা ড. এস আই খান, পানি বিশেষজ্ঞ প্রকৌশলী এম ইনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

নির্বাচনে ইভিএম চায় আ’লীগ : ওবায়দুল কাদের

স্টক নিউজ বিডি June 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ নির্বাচন কমিশনের (ইসি) সাথে ধারাবাহিক সংলাপের শেষ দিন কমিশনে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগসহ বেশ কয়েকটি দল। মঙ্গলবার বেলা পৌনে ৩টায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল ইসি’তে পৌছায়। সংলাপে অংশ নিয়ে কাদের বলেন, জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার চায় আওয়ামী লীগ।

এর আগে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান জানান, ইসির সাথে সংলাপে আওয়ামী লীগের ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, মুহাম্মদ ফারুক খান, উপদেষ্টা পরিষদের সদস্য সাহাবুদ্দিন চুপ্পু, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ও দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

এদিকে জাতীয় নির্বাচলে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে সংলাপের শেষ ধাপে ১৩টি দলের সঙ্গে বসছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ইভিএমের কারিগরি দিক যাচাই ও দ্বাদশ সংসদ নির্বাচনে যন্ত্রটির ব্যবহার নিয়ে আলোচনার জন্যই এ সংলাপ। এদিন ১৩টি দলের সঙ্গে বসার কথা নির্বাচন কমিশনের।

আমন্ত্রিত অন্য দলগুলো হচ্ছে তরীকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল-বিএমএল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ-ন্যাপ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

তবে আমন্ত্রিত দলগুলোর মধ্যে সিপিবি ও বাসদ যাচ্ছে না বলে দলগুলোর নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইভিএম পরীক্ষা-নিরীক্ষা ও প্রযুক্তি নিয়ে মতামত নিতে ইসির ডাকা সভায় এ পর্যন্ত আমন্ত্রিত ২৬টি দলের মধ্যে বিএনপিসহ আটটি দল যায়নি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মির্জা ফখরুল

জাতির সব অর্জন এখন অন্ধকারে হারিয়ে যেতে বসেছে : মির্জা ফখরুল

স্টক নিউজ বিডি June 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন দুঃসময় চলছে। রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার তারা সরকারি জুলুমের শিকার হয়ে কেউ গুম হচ্ছেন, পঙ্গু হচ্ছেন, অথবা চিরদিনের জন্য হারিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীসহ ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে গুম, মিথ্যা মামলা ও গ্রেফতারের হিড়িক থেমে থাকছে না, বরং সরকারের জুলুমের গতি পূর্বের মতোই চলমান আছে। জাতির সব অর্জন ও এগিয়ে যাওয়া এখন অন্ধকারে হারিয়ে যেতে বসেছে। জুলুম-নির্যাতনের ধারাবাহিকতায় গণতন্ত্রের ওপর সর্বোচ্চ আঘাত হানা হচ্ছে। এই নৈরাজ্যের অমানিশা আমাদের দুরীভূত করতেই হবে।

শনিবার জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে আমি বাংলাদেশসহ সারাবিশ্বের নির্যাতিত ব্যক্তি, গোষ্ঠি ও সম্প্রদায়ের প্রতি জানাই গভীর সমবেদনা ও সহমর্মিতা। যুগে যুগে মানুষ বিভিন্ন রাষ্ট্রের স্বৈরশাসক ও নিষ্ঠুর একনায়ক এবং একদলীয় শাসনের দ্বারা মানুষ নির্যাতিত হয়েছে এবং এখনও হচ্ছে। এখনও বিশ্বব্যাপী কোনো না কোনো অঞ্চলে ভাষা, বর্ণ, জাতি ও সম্প্রদায় নিয়ে সংঘাত চলছে।

বিএনপি মহাসচিব বলেন, যেহেতু জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই, সেহেতু গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় অপশাসনের জগদ্দল পাথর জনগণের বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমকে হুমকি ও ভয় দেখিয়ে এবং নির্যাতন করে কব্জা করার অপচেষ্টা চলছে। গণমাধ্যমের স্বাধীনতা এখন সম্পূর্ণরুপে বিপন্ন।

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের মা’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্পূর্ণ অসত্য ও বানোয়াট মামলায় প্রতিহিংসামূলক সাজা দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে। দেশনেত্রী ভীষণ অসুস্থ হওয়া সত্ত্বেও সরকার তার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিচ্ছে না। সুচিকিৎসার অভাবে তার জীবনকে সংকটাপন্ন করে তোলা হয়েছে। আমি আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে দেশের গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সব নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

আজ বিএনপি ছাড়া সবার মুখে হাসি : ওবায়দুল কাদের

স্টক নিউজ বিডি June 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আজ বিএনপি ছাড়া সবার মুখে আনন্দের হাসি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌ ‘আজ সবার মুখে আনন্দের হাসি। আর বিএনপির মুখে শ্রাবণের আকাশের মেঘ। এত ষড়যন্ত্র, এত কূটচাল, তারপরও শেখ হাসিনা পদ্মা সেতু করে ফেললেন। মির্জা ফখরুলের মন খারাপ, বুকে বড় ব্যথা, বড় বিষের জ্বালা। জ্বালায়-জ্বালায় মরছে তারা।’

আজ শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর উদ্বোধনের পর জনসভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর বীর কন্যা আপস করেননি। সকল বাধা অতিক্রম করে তিনি জানিয়ে দিয়েছেন বাঙালি বীরের জাতি। আমরা অপমানের প্রতিশোধ নিয়েছি। তিনি বলেছিলেন, আমি কারো কাছে মাথানত করব না। আমি পদ্মা সেতু করবই। তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ড. হাছান মাহমুদ

মুক্তিযুদ্ধে বিজয়ের পর সবচেয়ে আনন্দের দিন আজ: তথ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি June 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ পদ্মা সেতু উদ্বোধনের দিনটিকে মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পর সবচেয়ে আনন্দের দিন বলে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ শনিবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগদানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকের দিনটি সমস্ত বাঙালির জন্য অত্যন্ত আনন্দের। আমি মুক্তিযুদ্ধ দেখেছি। মুক্তিযুদ্ধের পর মানুষের মধ্যে যে আনন্দ-উল্লাস ছিল, দীর্ঘ ৫০ বছরের পথচলায় বাঙালি যেন আজ আবার সেই একইরকম আনন্দ-উল্লাস করছে।’

ব্যক্তিগত অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘ছোটবেলায় দশ-এগারো বছর বয়সে যখন মাঠের কোণে দাঁড়িয়ে বা বাড়ির ছাদ থেকে ঈদের চাঁদ দেখতাম, তখন যে আনন্দ হতো, আজকের আনন্দ ঠিক সেরকম। দেশের সব মানুষ আজ খুশি। যদি সুযোগ থাকত, দেশের সব মানুষ এখানে এই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হতো।’

‘বাঙালি হার না মানা জাতি’ উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমরা যে হার মানি না, সমস্ত ষড়যন্ত্রকে ছিন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দেখিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু যেমন স্বাধীনতা এনে দিয়েছেন, বঙ্গবন্ধুকন্যাও দেখিয়ে দিয়েছেন যে, তার নেতৃত্বে বাঙালি মাথা নত করে না। সমস্ত প্রতিবন্ধকতা উপড়ে ফেলে বাঙালি মাথা উঁচু করেই চলতে পারে, সমস্ত প্রতিকূলতা জয় করে লক্ষ্যে পৌঁছাতে পারে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • অধ্যাপক সুকোমল বড়ুয়াকে হাসপাতালে দেখতে যান রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

  • দক্ষতা বৃদ্ধিতে নারী উদ্যোক্তাদের বিকাশ ও সাফল্যে যেভাবে সহায়তা করছে ব্র্যাক ব্যাংক

  • বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩,০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত

  • ‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি উপহার, ক্যাশব্যাক, সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য