পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান বার্জার পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে শক্তিশালী আর্থিক প্রবৃদ্ধি অর্জন করেছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত অক্টোবর’২৫–ডিসেম্বর’২৫ মেয়াদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ১৪ পয়সা, যা আগের বছরের একই সময়ের ১৯ টাকা ৯২ পয়সা থেকে উল্লেখযোগ্য ভাবে বেশি।
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (এপ্রিল’২৫–ডিসেম্বর’২৫) অর্থাৎ ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৫ টাকা ৪৩ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে আয় ছিল ৫২ টাকা ২০ পয়সা। এটি কোম্পানিটির ধারাবাহিক লাভজনক কার্যক্রমের প্রতিফলন।
এছাড়া, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ (ক্যাশ ফ্লো) উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ৩৪ টাকা ৬৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ১৮ টাকা ০৯ পয়সা—নগদ ব্যবস্থাপনায় বড় উন্নতির ইঙ্গিত দেয়।
অন্যদিকে, গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮০ টাকা ৪৬ পয়সা, যা কোম্পানির শক্তিশালী আর্থিক ভিত্তি ও বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
ধারাবাহিক আয় বৃদ্ধি, শক্তিশালী ক্যাশ ফ্লো ও স্থিতিশীল এনএভি বার্জার পেইন্টসকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য একটি দৃঢ় অবস্থানে রেখেছে।
