স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মধ্যরাতে আড়াই ঘণ্টার সংঘাতের পর থমথমে পরিস্থিতির মধ্যে সকালে আবার সংঘর্ষে জড়িয়েছে নিউমার্কেটের দোকান কর্মচারী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এরপর থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে। সকাল সাড়ে ১০টা থেকে সংঘর্ষ হলেও ৩ ঘণ্টা পর দেড়টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পরে শিক্ষার্থীরা সরে যান। ঘটনাস্থলে এখন ব্যবসায়ী ও পুলিশ রয়েছে।
সংঘর্ষে আহত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বেলা পৌনে একটার দিকে নীলক্ষেত এলাকায় পুলিশের দুটি সাঁজোয়া যান ঢুকেছে। পুলিশ নীলক্ষেত মোড় থেকে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
এরপর শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে বেলা ১টা ২৫ মিনিটের দিকে কাঁদানে গ্যাস ছোড়া শুরু করে পুলিশ। এর আগে পর্যন্ত কোনো পুলিশকে সংঘর্ষস্থলে দেখা যায়নি।
এদিকে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত হল বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এটিএম মঈনুল হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
নিউমার্কেট এলাকায় দোকান মালিক-শ্রমিক ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত মানছেন না শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন এর প্রতিবাদে।
এ বেপারে এক শিক্ষার্থী বলেন, হল বন্ধ হলে নিউ মার্কেট এর সব দোকান পাট ও বন্ধ করে দিতে হবে। কোন যুক্তি কি বিচার করছে এরা?? অশিক্ষিতরা অসভ্যতামি করবে আর শিক্ষিতরা ঘরে বসে বসে নাটক দেখবে?? পুলিশ টিয়ারসেল ছোড়ে ছাত্রদেরকে কোন সাহসে বা অধিকারে? গতরাতে ভাইদের উপর হামলাকারীদের যথাযথ বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি। ছাত্রসমাজ রাস্তায় নামলে এর ফলাফল কখনোই ভালো হয়নি।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


