স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রবিবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছেন, সরকারের ধারাবাহিকতা নিশ্চিত করার ব্যাপারে পরিকল্পনা রয়েছে ইউক্রেনীয়দের। এমনকি সে দেশের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে রাশিয়া যদি মেরেও ফেলে, সে ক্ষেত্রেও ইউক্রেনীয়দের করণীয় সম্পর্কে পরিকল্পনা রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
ব্লিংকেনকে এ ব্যাপারে প্রশ্ন করেন সাংবাদিক মার্গারেট ব্রেনন। মূলত তার পররাষ্ট্রনীতি বিষয়ক অনুষ্ঠান ‘ফেস দ্য নেশন’-এ প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন গণমাধ্যম সিএনএন ও ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
অ্যান্টনি ব্লিংকেন আরও বলেছেন, তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে দেখা করেছেন। যদিও সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, টেলিভিশন অনুষ্ঠানটির টুইটার অ্যাকাউন্টে সংক্ষিপ্ত একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এবং তার সরকারের নেতৃত্বের প্রশংসা করতে দেখা গেছে ব্লিংকেনকে। ব্লিংকেন মনে করেন, ‘দেশটির নেতারা সত্যিই সাহসী ইউক্রেনীয় জনগণের মূর্ত প্রতীক।’
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
