স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সৌদি আরবে শো না করতে এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জাস্টিন বিবারের প্রতি আহ্বান জানিয়েছেন নৃশংসভাবে হত্যাকা-ের শিকার সাংবাদিক জামাল খাসোগির প্রণয়ী হ্যাটিস চেঙ্গিস। সৌদি আরবকে তিনি ‘মার্ডারার’ বলে আখ্যায়িত করেছেন। বলেছেন, ওই শো বাতিল করে বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিন যে, সমালোচকদের খুনি শাসকগোষ্ঠীর সুনাম পুনরুদ্ধারের জন্য আপনার নাম ও মেধাকে ব্যবহার করা যাবে না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আগামী ৫ই ডিসেম্বর সৌদি আরবের দ্বিতীয় বৃহৎ শহর জেদ্দায় পারফরমেন্স করার কথা রয়েছে গায়ক জাস্টিন বিবারের। সেই অনুষ্ঠান বাতিল করতে শনিবার ওয়াশিংটন পোস্টে একটি খোলা চিঠি লিখেছেন হ্যাটিস চেঙ্গিস। এতে জাস্টিন বিবারের প্রতি ওই আহ্বান জানিয়েছেন তিনি।
ওদিকে জামাল খাসোগির হত্যাকাণ্ড এক রহস্যই রয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্রের শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো যে রিপোর্ট দিয়েছে তা সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জন্য সুখকর নয়। এই তো ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার একটি রিপোর্ট প্রকাশ করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
এতে বলা হয়েছে, ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগিকে তুরস্কের ইস্তাম্বুলে হত্যাকান্ডে জড়িত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কিন্তু এর জন্য তার কোনো শাস্তি হয়নি। এমন অভিযোগ জোর দিয়ে প্রত্যাখ্যান করেছেন ক্রাউন প্রিন্স। এমন অবস্থায় ওই চিঠি লিখেছেন হ্যাটিস চেঙ্গিস। তিনি লিখেছেন, আমার ভালবাসা জামালের খুনিদের জন্য গান গাইবেন না। দয়া করে মুখ খুলুন এবং খুনি মোহাম্মদ বিন সালমানের নিন্দা জানান। কারণ, আপনি যা বলবেন, তা শুনবে লাখ লাখ মানুষ।
জাস্টিন বিবার কানাডিয়ান। জেদ্দায় ফর্মুলা ওয়ান সৌদি এরাবিয়ান গ্রান্ড প্রিক্স প্রতিযোগিতার অনুষ্ঠানে একদল শিল্পী পারফর্ম করবেন। তার মধ্যে আছেন এই শিল্পী। তার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে হ্যাটিস চেঙ্গিস লিখেছেন, যদি আপনি মোহাম্মদ বিন সালমানের ঘুঁটি হতে অস্বীকৃতি জানান, তাহলে আপনার বার্তা হবে জোরালো এবং পরিষ্কার। তা হলো, আমি কোনো স্বৈরাচারের জন্য পারফর্ম করি না। আমি অর্থকে অতিক্রম করে ন্যায়বিচার এবং স্বাধীনতা পছন্দ করি। ওদিকে সৌদি আরবে মানবাধিকারের বিরুদ্ধে মুখ খোলার জন্য জাস্টিন বিবারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলোও। বুধবার হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সৌদি আরব বেপরোয়াভাবে আইন লঙ্ঘন থেকে নিজেদের মান মর্যাদাকে রক্ষার জন্য সেলিব্রেটিদের ব্যবহার করে এবং বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করে। এটা তাদের দীর্ঘ এক ইতিহাস।
৫ই ডিসেম্বরের অনুষ্ঠানে জাস্টিন বিবারের পাশাপাশি উপস্থিত হওয়ার কথা এঅ্যান্ডএপি রকি, ডিজে ডেভিড গুয়েটা, টিয়েস্তো এবং গায়ক জেসন দেরুলোর। তাদের সবার প্রতি হিউমান রাইটস ওয়াচ আহ্বান জানিয়েছে সৌদি আরবের মানবাধিকার ইস্যুতে প্রকাশ্যে কথা বলার জন্য।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


